হরেক রকম ইফতারির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল আগ্রাবাদে রয়েছে বুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন
হোটেল আগ্রাবাদে রয়েছে বুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন

রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছে। বিকেল হতেই ক্রেতারা ইফতারি কিনতে ভিড় জমান। ক্রেতাদের চাহিদা মেটাতে নানা দামের ইফতারির প্যাকেজও ঘোষণা করেছে রেস্তোরাঁগুলো। তাই বাসায় বসেই নেওয়া যাবে মুখরোচক ইফতারির স্বাদ। নগরের আগ্রাবাদ ও জিইসি এলাকার দুটি অভিজাত রেস্তোরাঁর ইফতারের পদ নিয়ে আজকের আয়োজন।
হোটেল আগ্রাবাদ: নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত হোটেল আগ্রাবাদে রয়েছে বুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন। হোটেল আগ্রাবাদের সিনেমন রেস্টুরেন্টে ৮৯৯ টাকা খরচ করে যে কেউ নিতে পারবেন এমন সুযোগ। শুধু বুফে ইফতারি নয়, রয়েছে বাসায় ইফতারি নিয়ে যাওয়ার সুযোগ। চার ধরনের ইফতারি বক্স রাখা হয়েছে রোজাদারদের জন্য। বেগুনি, পেঁয়াজু, আলুর চপসহ ১০ পদের ইফতারির দাম পড়বে ৪০০ টাকা। কিমা আলুর চপ, শাহি কাবাব, সবজি রোলসহ ১১ পদের ইফতারির দাম পড়বে ৫০০ টাকা। ৮০০ টাকা দামের ইফতারি মেনুতে আছে চিকেন টিক্কা কাবাব, বাটার নান, বিফ তেহারিসহ ১১ পদের আয়োজন। চিকেন বাদামি কাবাব, লাচ্ছা পরটাসহ ১১ পদের ইফতারির দাম ৬৫০ টাকা।

হান্ডি রেস্তোরাঁয় ইফতারির রকমারি পদ
হান্ডি রেস্তোরাঁয় ইফতারির রকমারি পদ

এবার ইফতার পার্টির জন্য হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। হোটেলের ইছামতি হল ও ক্রিস্টাল বলরুমে রয়েছে ইফতার পার্টির সুযোগ। ৫০ জন হলেই দেওয়া যাবে পার্টি, আর এ জন্য আলাদা কোনো টাকা গুনতে হবে না গ্রাহকদের। ইফতার পার্টির জন্য রয়েছে ৮০০, ১০০০, ১১০০ ও ১৩০০ টাকা দামের চার ধরনের সেট মেনু। ইফতারের আয়োজন সম্পর্কে হোটেল আগ্রাবাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ নওশাদ বলেন, ‘আমরা খাবারের মানের ওপর গুরুত্ব দিই। সে কারণে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছি। এবার আমাদের শাহি জিলাপিতে রয়েছে বিশেষত্ব।’ হোটেল আগ্রাবাদের ইফতার আয়োজনে এবার ‘বদ্দা ইবা কি খার’ নামের নতুন একটি আইটেম যুক্ত হয়েছে। হরেক রকম স্পেশাল কাবাব নিয়ে তৈরি এ খাবারের বক্সটি কিনতে চাইলে গুনতে হবে ৮৫০ টাকা।
হান্ডি: প্রতি বছরের মতো এবারও সপ্তাহের সাত দিনই নগরের জিইসি এলাকার হান্ডি রেস্তোরাঁয় থাকছে ইফতারের বিশেষ আয়োজন। তবে প্রথমবারের মতো এ রেস্তোরাঁয় বসে ইফতার করতে পারবেন রোজাদারেরা।
ইফতার আয়োজন উপলক্ষে রয়েছে তিন ধরনের সেট মেনু। সমুচা, ফ্রাইড চিকেন, পাকোড়া, মাটন হালিম ও ফিরনিসহ ১৩ পদের সেট ইফতারির দাম পড়বে ৪০০ টাকা। ৪৫০ টাকার ইফতারিতে আছে ফ্রেশ জুস, ডিম চপ, মাটন চপ ও জালি কাবাবসহ ১৪ পদের খাবার। সমুচা, জিলাপি, মাটন হালিম, ফিরনি, হায়দারাবাদি বিরিয়ানি ও চিকেনকারিসহ ১৩ পদের ইফতারির দাম পড়বে ৫৫০ টাকা।
হান্ডির রেস্টুরেন্ট ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম বলেন, ‘এবার ক্রেতাদের আগ্রহ আমাদের রেশমি জিলাপি ও হালিমের প্রতি।’ রেশমি জিলাপি কিনতে ক্রেতাদের প্রতি কেজিতে গুনতে হবে ৩০০ টাকা। এ ছাড়া মাটন ও চিকেন হালিম প্রতি কেজি ৪০০ টাকা এবং বিফ হালিম প্রতি কেজি ৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে।’