হরেক রকম প্রযুক্তি পণ্য
উন্নতমানের ত্রিমাত্রিক ও ভিডিও প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের (নেকসট জেনারেশন) গেমিং পুরোপুরিভাবে উপভোগের জন্য গ্রাফিকস কার্ডের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রযুক্তি বাজারের ক্রমবর্ধমান গ্রাফিক্স কার্ডের চাহিদা পূরণের লক্ষ্যে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ ২০১২ সাল থেকে জোট্যাক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড বাজারজাত করছে। জোট্যাকের কার্ডগুলোতে বিশ্বের ১ নম্বর গ্রাফিকস চিপসেট ব্র্যান্ড এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়।
এসব কার্ডের মূল্য দুই হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ৫৫ হাজার টাকা পর্যন্ত।
টোনার: প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে ‘লংহর্ন’ ব্র্যান্ডের টোনার কার্ট্রিজ। এই ব্র্যান্ডের টোনার অরিজিনাল টোনারের মতোই মানসম্মত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিদিনের ক্রমবর্ধমান প্রিন্টিং প্রয়োজনীয়তার কথা বিবেচনায় সম্প্রতি ‘লংহর্ন’ টোনারের পেজ প্রিন্টিং ক্ষমতা বাড়ানো হয়েছে। টোনারটি বর্তমানে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বেশি প্রিন্ট করতে সক্ষম।
বাজারে এইচপি, ডেল, ক্যানন, ব্রাদার ও স্যামসাং প্রিন্টারের বিভিন্ন মডেলের জন্য ‘লংহর্ন’ টোনার পাওয়া যাচ্ছে। মূল্য এক হাজার ৫০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত।
ডিভিডি রাইটার: বাজারে বিশ্বের প্রথম সারির ল্যাপটপ ও ডেস্কটপ ব্র্যান্ড এইচপির ডিভিডি রাইটার রয়েছে। ইন্টারনাল ও এক্সটার্নাল দুটি মডেলই বাজারে পাওয়া যাচ্ছে। এই রাইটারগুলো ২৪এক্স গতিতে ডিভিডি রাইট করতে পারে।
ভিশন ও মিশন ব্র্যান্ড: দেশের প্রযুক্তি বাজারে ‘ভিশন’ একটি সুপরিচিত ব্র্যান্ড। এই ব্রান্ডের পণ্যগুলোর মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, নোটবুক কুলার, ক্যাসিং ও পাওয়ার-সাপ্লাই ইউনিট। জানা গেছে, শিগগিরই এ তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন আকারের মনিটর।
নিজস্ব প্রতিবেদক