হরেক রকমের প্রশ্ন ফাঁস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আঁকা: মৌমিতা শিকদার
আঁকা: মৌমিতা শিকদার

শিক্ষামন্ত্রী সম্ভবত ঘুমের মধ্যেও বিড়বিড় করেন, ‘দেশের কোথাও প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের কোনো মিল নেই।’ আর ৯ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি) কাজী কেরামত আলী বলেছেন, ‘এবার এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।’ এই একই কথা শুনতে শুনতে আমরা বিরক্ত। তাই ‘প্রশ্ন ফাঁস হয়নি’ কথাটি শিক্ষামন্ত্রী আরও কত অভিনব উপায়ে বলতে পারেন? নতুন কিছু স্টাইল পেশ করলেন সঞ্জয় সরকার

হিমু স্টাইল

মধ্যরাত। হুট করে চা খেতে ইচ্ছে হলো। মেসের সামনের চায়ের দোকান সকালে খোলে। চা খেতে হলে যেতে হবে হাতিরপুল। গায়ে পাঞ্জাবিটা চড়িয়ে হাঁটা শুরু করলাম। হঠাৎ মনে হলো, চা খাওয়ার জন্য মাজেদা খালার বাসায় যাই। খালার বিরক্তিটা হবে দেখার মতো। খালা চিৎকার-চেঁচামেচি করে বললেন, ‘বেকুব, এই মাঝরাতে কেউ চা খেতে আসে? দেখ তো, বাদল প্রশ্ন পেয়েছে, সলভ করে দে একটু।’

আমি চা না খেয়ে আবার হাঁটা ধরলাম। পরদিন আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখি, ফাঁস হওয়া প্রশ্নপত্রের কোনো মিল নাই। স্বাভাবিক বিষয়। জগতে সবকিছু ফাঁস হয় না। প্রকৃতি কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করে।

মোটিভেশনাল স্টাইল

নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা আসবে। নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই বলে নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না। নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকলে অন্যরা তোমাকে বিশ্বাস করবে কেন? আমি বিশ্বাস করি, প্রশ্ন ফাঁস হয়নি এবং মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল থাকার প্রশ্নই আসে না। আমি আমার বিশ্বাসে অটল। একচুলও নড়চড় হবে না।

কাব্যিক স্টাইল

আমি বলছি না ভালোবাসতেই হবে,

কেউ একজন আমার সাথে ভাঙা ক্যাসেট বাজিয়ে বলুক,

দেশের কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি

সবই গুজব এবং অপপ্রচার মাত্র...

সিনেমার সংলাপ স্টাইল

মা, মা, দেখো, আমি জিপিএ-ফাইভ পেয়েছি। তুমি তো জানো মা, আমি ফেসবুকে প্রশ্নপত্র পেয়েছিলাম। কিন্তু মূল প্রশ্নের সঙ্গে ওটার কোনো মিলই ছিল না। বলো না মা, বলো! তুমি চুপ করে আছ কেন? কী হয়েছে তোমার?

উপপাদ্য স্টাইল

সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। সুতরাং এটা প্রমাণিত হয় যে দেশের কোথাও প্রশ্ন ফাঁস হয়নি।

ক্রিকেটার স্টাইল

আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। সারা রাত ধরে প্র্যাকটিস করলাম। প্রতিটা মেসেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। কোনো ত্রুটি রাখিনি। সকালে আরেক সেটের ছবি এল। সেটাও মুখস্থ করে মাঠে নামলাম। কিন্তু শক্ত প্রতিপক্ষ হলে যা হয় আরকি। প্রস্তুতি নিলাম স্পিন বলের, মাঠে গিয়ে দেখি, সবাই পেস বোলার। কে যে এসব ভুলভাল খবর ছড়ায়!