হরেন ত্রিপুরাদের মুখে ফুটল হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেন ত্রিপুরা (৪৫) বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম তামরুপাড়ার বাসিন্দা। ত্রাণের চালের জন্য প্রায় ১৫ ঘণ্টা হেঁটে বাঘাইহাটের সাজেক সড়কের নয় নম্বর এলাকায় এসেছেন। হরেন ত্রিপুরা জানান, গত বুধবার সকালে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজেন রিয়াং থেকে সংবাদ পেয়ে রওনা দেন পরদিন বৃহস্পতিবার। তাঁর গ্রামের অন্যদের সঙ্গে সাজেকে পৌঁছান শুক্রবার দুপুরে। তখনো চলছিল চাল বিতরণ। চাল পেয়ে মহাখুশি হরেন ত্রিপুরা বলেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ। তার ঋণ শোধ করা যাবে না।’ শুধু হরেন ত্রিপুরা নন, ব্যাটলিং মৌজার তামরুপাড়া লালকেচো ত্রিপুরা (৪০), কাটাকুয়া ত্রিপুরা (৫০), বিক্রম ত্রিপুরা (৫২), লংকর মৌজায় তালছড়া গ্রামের সুমতি রঞ্জন চাকমা (৪৬), মিলন কান্তি (৫৯), কিনাচান চাকমা (২৭), ছয়নালছড়া গ্রামের নিল রঞ্জন চাকমা (৪৭), নীল বসু চাকমাসহ (৩৮) বিভিন্ন গ্রামের অর্ধাহারে-অনাহারে থাকা ৯০০-এর বেশি বাসিন্দা শুক্রবার জড়ো হন নয় নম্বর ও রুইলুই গ্রামে। ৭৪০ পরিবারের চাল ভাগ করে নেন সবার মধ্যে। পার্বত্য মন্ত্রণালয় থেকে সাজেকের ৩০টি পাড়ার ৭৪০ আদিবাসী পরিবারকে ২৫ কেজি করে মোট ১৬ মেট্রিক টন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলিম ও সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা প্রমুখ। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি আলোকিত চট্টগ্রামে একটি প্রতিবেদন প্রকাশের পর ৮ এপ্রিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৪০০ আদিবাসী পরিবারকে ২৫ কেজি করে ১০ মেট্রিক টন চাল দেওয়া হয়। এদিকে, ১৩ মে উপজেলা পরিষদ মিলনয়াতনে এক মতবিনিময় সভা ডেকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জরুরি খাদ্য সহায়তার ঘোষণা দেয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রকল্প সমন্বয়ক মাহফুজ আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ সাজেকের হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা। উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা ‘আলো’ সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘ভূস্বর্গ সাজেকে অভাবের থাবা’ শীর্ষক আরও একটি সংবাদ প্রকাশের পর ডব্লিউএফপি সরেজমিন তদন্ত করে এ উদ্যোগ নেয়। ছয় মাসের জন্য জরুরি খাদ্য সহায়তার প্রকল্পের মাধ্যমে সাজেকে মোট তিন হাজার ৫০০ পরিবারকে খাদ্য সরবরাহ করা হবে। উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিশ্ব খাদ্য কর্মসূচিকে খাদ্য সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। সপ্তাহখানেক আগে বিশ্ব খাদ্য কর্মসূচি ও আলোর সঙ্গে খাদ্য সরবরাহের চুক্তি হয়। এতে প্রায় পাঁচ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।