হরেন্দ্র খাওয়ান ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরেন্দ্রনাথ সূত্রধরের পাখি আপ্যায়নের এ দৃশ্য প্রতিদিন ভোরের। ছবি: আলীমুজ্জামান
হরেন্দ্রনাথ সূত্রধরের পাখি আপ্যায়নের এ দৃশ্য প্রতিদিন ভোরের। ছবি: আলীমুজ্জামান

কাকডাকা ভোরের এ দৃশ্য প্রতিনিয়ত দেখতে পান ফরিদপুর শহরের প্রাতর্ভ্রমণে বের হওয়া মানুষ। দেখেন সকাল সকাল রাস্তায় বের হওয়া শ্রমজীবী মানুষেরা। কী দেখেন সবাই?
মাঝবয়সী একজন মানুষ ঘর থেকে বের হয়েছেন। তাঁর হাতে থলে। হেঁটে হেঁটে যাচ্ছেন শহরের বিভিন্ন অলিগলিতে, রাস্তার মোড়ে। ওই সব মোড়ে তাঁরই জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করে বেশ কিছু কুকুর, কাকসহ পশুপাখি।
মানুষ কাছে এলে কুকুর যেমন ঘেউ ঘেউ করে দূরে চলে যায়, পাখি যায় উড়ে, কিন্তু ওই মানুষটি কাছে এলে ওরা তাঁকে ঘিরে ধরে পরম নির্ভরতায়। এই মানুষের নাম হরেন্দ্রনাথ সূত্রধর। বয়স ৫৪ বছর। ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় থাকেন। গ্রামের বাড়ি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চরব্রাহ্মদী গ্রামে। হরেন্দ্রনাথ ৩০ বছর ধরে শহরের বেওয়ারিশ কুকুর, মুক্ত পাখিদের প্রাতরাশ করান হাতে তৈরি আটার রুটি দিয়ে। এ রুটিগুলো তিনি রাত জেগে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তৈরি করেন বাড়িতে।
ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তিনি রুটিভর্তি থলে নিয়ে বের হয়ে পড়েন বাসা থেকে। ঝিলটুলী মহল্লার সঞ্চয় অফিসের সামনে থেকে শুরু হয় তাঁর এ কাজ। অপেক্ষারত কুকুরদের মুখে তুলে দেন রুটি। এরপর বাঁ হাতে ব্যাগটি ঝুলিয়ে হাঁটতে শুরু করেন। হেঁটে হেঁটে চৌরঙ্গীর মোড়, নারী ও শিশুকল্যাণ কেন্দ্রের মোড়, চাঁদনী পারলারের মোড়, জেলা পরিষদের মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব পাশের মোড়, ময়েজ মঞ্জিলের মোড়, তেঁতুলতলা সরকারি আবাসনের মোড়, খলিফা কামালের বাড়ির মোড়, বটতলা মোড়, গণপূর্ত ডাকবাংলোর মোড়, সড়ক বিভাগের মোড়, জোনাল সেটেলমেন্ট অফিসের সামনে, জেনারেল হাসপাতালের মোড়, সুপার মার্কেটের মোড়, রাজেন্দ্র মেডিকেল হলের মোড়, আদর্শ স্কুলের মোড় হয়ে তাঁর ঘরে ফেরা।
কমলাপুরের তেঁতুলতলা সরকারি আবাসনের মোড়ে তাঁর দেওয়া রুটির জন্য বিভিন্ন গাছে অপেক্ষা করে শতাধিক কাক। অন্য জায়গাগুলোতে কুকুরদের রাজত্ব। তেঁতুলতলা মোড় এলাকার আমীর হোসেন বলেন, ‘সাত বছর ধরে দেখে আসছি হরেন্দ্রনাথ ছোট ছোট টুকরো করে কাকদের রুটি খাওয়ান। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে শতাধিক কাক এসে আশপাশের গাছগুলোতে জড়ো হয়। হরেন্দ্রনাথ এসে তাদের রুটি খাওয়ানোর আগে কোনো কাকই চলে যায় না। রুটি খাওয়ার পর কাকগুলো চলে যায়।’ কমলাপুর বটতলার ভ্যানচালক মিরাজ শেখ ১৫ বছর ধরে এই দৃশ্য দেখছেন। বললেন, ‘আমার কাছে এটি একটি মহৎ কাজ বলে মনে হয়। পশুপাখির জন্য এমন মমত্ববোধ আর কারও মধ্যে দেখিনি।’
হরেন্দ্রনাথ ফরিদপুর শহরের নীলটুলী মহল্লায় সোনারতরী নামে একটি গয়নার দোকানের মালিক। তিনি এবং তাঁর ছোট ভাই রাধাকান্ত সূত্রধর দুজনে মিলে গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠানটি। হরেন্দ্রনাথ বলেন, ‘৩০ বছর ধরে রাস্তার কুকুর ও পাখিদের রুটি খাওয়াচ্ছি। এরা প্রত্যেকেই যেন আমার পরিবারের সদস্য। আমাকে দেখে তারা যেভাবে এগিয়ে আসে, তাতে আমি বিমোহিত হই।’

খাবার পায় পথে​র কুকুর
খাবার পায় পথে​র কুকুর

ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি প্রয়াত বাবা হরিপদ সূত্রধরের মমত্ববোধ দেখেছেন হরেন্দ্রনাথ। বিশেষ করে গরমকালে হরিপদ সূত্রধর গ্রামের বিভিন্ন জায়গায় পানিভর্তি পাত্র রেখে দিতেন। পশু ও পাখি সে পানি পান করে তৃষ্ণা মেটাত। ‘বাবার ওই কাজটি আমার জীবনে রেখাপাত করে। সে আদর্শ থেকেই ১৯৮৬ সালে আমি কুকুর ও পাখিদের রুটি খাওয়ানোর কাজটি শুরু করি। এ কাজ করতে করতে কুকুর ও পাখিগুলো আমার আপনজন হয়ে গেছে। আমি দেখেছি পশু ও পাখিরা আমার জন্য অপেক্ষা করে, আমার পথ চেয়ে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত—বছরের সব দিনই এ কাজটি করি। অসুস্থতার কারণে কোনো দিন বের হব না হয়তো মনে করি। কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানেই আমার চোখের সামনে ভেসে ওঠে প্রতীক্ষার প্রহর গুনতে থাকা পশুপাখিগুলোর সজল অসহায় ক্ষুধার্ত মুখ। আমি আর বসে থাকতে পারি না। বৃষ্টি হলেও আমি বেরিয়ে পড়ি রেইনকোট ও ছাতা নিয়ে।’
হরেন্দ্রনাথের ছোট ভাই ৪৭ বছর বয়সের রাধাকান্ত সূত্রধর বলেন, ‘দাদা যে কাজটি করেন সেটা আমরা আমাদের পরিবারের প্রতিদিনের কাজ বলেই মনে করি। এ কাজে পরিবারের সবাই তাঁকে সাহায্য করি।’ হরেন্দ্রনাথের বড় ভাই বাসুদেব সূত্রধর থাকেন সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চরব্রাহ্মদী গ্রামে। তিনিও কুকুরদের খাবার খাওয়ান, গ্রামের গাছে গাছে পাখিদের বাসার জন্য বেঁধে দেন মাটির হাঁড়ি। হাঁড়ির সেই বাসায় পাখিরা বাসা বেঁধে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়। বাসুদেব সূত্রধরের ছেলে দেবাংশু সূত্রধর বলেন, নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পাখিদের বাসা করার জায়গার অভাব হয়ে যাচ্ছে। পাখিরাও প্রকৃতির সন্তান, আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের সুখ-দুঃখ দেখে রাখাই আরেক প্রতিবেশীর দায়িত্ব ও কর্তব্য। এই বোধ থেকেই আমার বাবা ও কাকা পারিবারিক পরম্পরায় নীরবে-নিভৃতে এ কাজগুলো করে থাকেন।’