হলব্রুকের উত্তরসূরির চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি, ঝানু কূটনীতিক রিচার্ড হলব্রুকের আকস্মিক মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মার্ক গ্রসম্যান। ডিসেম্বরে হলব্রুকের হূদরোগজনিত আকস্মিক মৃত্যুর পর থেকে ওয়াশিংটনসহ সংশ্লিষ্ট সব মহলে বলাবলি হচ্ছিল, কে তাঁর জায়গায় আসছেন, আর কঠিন এ কাজে কতটাই বা সফল হবেন তিনি। একসময় তুরস্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী মার্ক গ্রসম্যানকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনী ছাড়াও স্থানীয় ও আঞ্চলিক রাজনৈতিক, বেসামরিক ও কূটনৈতিক পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে পা ফেলতে হবে। তালেবানবিরোধী মার্কিন অভিযানের পর আফগানিস্তানে যে নতুন দফা যুদ্ধের আগুন জ্বলেছিল, তা আর নেভার নাম নেই। ১০ বছর হতে চলল অতি ব্যয়বহুল এ যুদ্ধের। হাজার হাজার মার্কিন সেনা হতাহত হলেও তালেবানদের চূড়ান্তভাবে পরাস্ত করা যায়নি। প্রকাশ্যে যে যা-ই বলুন, মুখ রেখে সেখান থেকে বেরিয়ে যাওয়াই এখন মার্কিন নীতিনির্ধারকদের প্রধান ভাবনার বিষয়। এ জন্য যেমন-তেমন একটা শান্তি স্থাপনও করা দরকার। কিন্তু বলা যেমন সহজ, কাজটি তেমনই কঠিন। এ জন্য সাধারণ আফগান নাগরিক, তালেবান ছাড়াও অন্যান্য আফগান পক্ষ ও উপদল এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী বিশেষ করে পাকিস্তানের (সেখানে বহু আফগান তালেবান নেতার ঘাঁটি বলে মনে করা হয়) সঙ্গে আলোচনায় বসতে হবে। এত বিচিত্রমুখী ও অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী পক্ষের মধ্যে আলোচনার কর্মকৌশল স্থির করাও এক দুরূহ কাজ। এ অবস্থায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের আফগান রণাঙ্গনের সর্বশেষ পরিস্থিতিটা কী তা দেখা যাক। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে সম্প্রতি জানিয়েছেন, কান্দাহার ও হেলমান্দ প্রদেশে তাঁদের কৌশলগত অগ্রগতি ঘটছে। আলোচনায় বসার জন্য মাঝারি পর্যায়ের তালেবান নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন তাঁরা। কিন্তু সমস্যা হচ্ছে, তালেবান নেতারা মনে করছেন তাঁরা জয়ের দিকেই এগিয়ে যাচ্ছেন। ফলে তাঁরা আলোচনায় বসতে ততটা আগ্রহ দেখাচ্ছেন না। আফগান তালেবানরা অবশ্য প্রথম থেকেই বলে এসেছে বিদেশি সেনারা দেশটি ত্যাগ না করা পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় তারা। আলোচনার ব্যাপারে যে বিশেষ অগ্রগতি হয়নি তার পেছনে মার্কিন নীতির দুর্বলতা বা ব্যর্থতার পাশাপাশি আরেকটি কারণ আছে, তা হলো পরিস্থিতির অনিশ্চয়তা ও অস্পষ্টতা। মার্কিন কমান্ডাররা অনেকে বলেছেন, আফগানদের তরফ থেকে বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এঁরা যে কী মাপের নেতা বা তাঁরা আদৌ কোনো নেতা কি না তা নিয়ে সবাই নিশ্চিত নন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও আফগান সরকারি কর্মকর্তারা কথিত এক তালেবান নেতার সঙ্গে আলোচনার পর জানা যায়, ওই তালেবান নেতা আসলে পাকিস্তানের কোয়েটার এক দোকানদার। এ ধরনের বিব্রতকর ঘটনা আলোচনার ব্যাপারে কিছুটা হলেও ভয় ধরিয়েছে মার্কিন কমান্ডারদের মনে। এ অবস্থায় আফগানদের সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে পারাটাই মনে করা হচ্ছে নতুন বছরে মার্কিনিদের জন্য বড় চ্যালেঞ্জ। অতিসম্প্রতি ওয়াশিংটনে জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী যে জয় পাচ্ছে তা ‘ক্ষুদ্র ও ভঙ্গুর এবং হাতছাড়া হয়ে যেতে পারে।’ পরিস্থিতির উন্নতি হওয়ার আগে তা আরও খারাপের দিকে যেতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। কূটনীতিক হিসেবে তিন দশকের অভিজ্ঞতা দিয়ে মার্ক গ্রসম্যান আফগান রণাঙ্গনে শান্তি আনতে কতটা অবদান রাখেন তা-ই এখন দেখার।