বাংলা সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্য ধরে রাখার প্রয়াস নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাইভার্সিটি আর্টস অ্যান্ড মিডিয়া (BADAM) বা ‘বাদাম’। লিটল বাংলাদেশ এলাকায় আলাদিন রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মাইলফলকে আলোচনা সভাসহ অনুষ্ঠানমালা করার ঘোষণা দিয়েছে ‘বাদাম’। প্রবাসের মূলধারায় বাংলা সংস্কৃতির বিকাশের লক্ষ্যে দেশ-প্রবাসের কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, অভিনেতা, ক্রীড়াবিদদের যোগসূত্র হিসেবে কাজ করবে সংগঠনটি।কাজী মশহুরুল হুদার সঞ্চালনায় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মিজান শাহীন, কাজী রহমান, আলী আশরাফ, ডা. নাসির আহমেদ, একতার ভূঁইয়া, সৈয়দ এম হোসেন, তারিক বাবু, ফ্রেন্ডস বাবু, দিলশাদ রহমান, মার্টিন রহমান, মিঠুন চৌধুরী, বুলবুল সিনহা, আবদুল খালেক, স্যামী নোবেল, খাজা মইনুদ্দীন চিশতী, শহীদ আলম, পঙ্কজ দাস, শাহানা পারভীন, সাদিয়া রহমান, জাবিন হিল্টন, মাহবুবা রশীদ, শামসুন্নাহার প্রমুখ।ফারহানা সাঈদ সবার বক্তব্যের সারমর্ম তুলে ধরে বলেন, সবার বক্তব্য একই সূত্রে গাঁথা। সংস্কৃতি সর্বজনীন, বহমান সংস্কৃতিকে মূলধারার সংস্কৃতির সঙ্গে যুক্ত করে নিজ দেশের ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।বাদামের প্রধান উপদেষ্টা এম কে জামান তাঁর বক্তব্যে বলেন, লস অ্যাঞ্জেলেসে কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, অভিনেতা, ক্রীড়াবিদদের এক অপূর্ব সম্মিলন ঘটাবে বাদাম। বাদাম ও স্থানীয় বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় লিটল বাংলাদেশে ফ্রি সানডে ক্লিনিক খোলার ঘোষণা দেন তিনি।নবগঠিত বাদামের আহ্বায়ক জাহান হাসান সভার শেষে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকায় দ্বিতীয় বৃহৎ বাংলাদেশি-অধ্যুষিত এই এলাকায় এ ধরনের একটি শক্তিশালী সাহিত্যিক-সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা অনেক দিন ধরে ছিল। প্রবাসীদের অভিজ্ঞতা, সামর্থ্য ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাবে এই বাদাম। এ ছাড়া নিয়মিতভাবে প্রবাস ও দেশের গুণীজনদের সম্মাননা প্রদান করার ঘোষণা দেন তিনি।২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বাদামের কাজ শুরু হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বাংলা সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্য গড়তে কাজ করতে ইচ্ছুক যে কেউ এর সঙ্গে যুক্ত হতে পারবেন। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রবাসে শিল্পকলা প্রসারে বাদামের মতো সংগঠনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সংগঠনের কয়েকজন পরিচালকের সঙ্গে ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি তাঁর আগ্রহের কথা জানান। জাহান হাসানলস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে