হলুদ দুনিয়া
শীতকাল।সকালটা কুয়াশার চাদরে ঢাকা। রওনা হওয়ার সময় কুয়াশা ভেদ করে পুব আকাশে সূর্য উঁকি দিচ্ছি দিচ্ছি করছিল। দু-হাত ঘষে ওম নিয়ে মোটরসাইকেল চালু করি। বাবুবাজার পৌঁছাতে বেশি সময় লাগে না। কেরানীগঞ্জ পার করতে করতে পুরো প্রকৃতি আবার কুয়াশায় ধোঁয়াশা হয়ে ওঠে। এ সময় গাড়ির মতো চশমার কাচে পানি সরানোর ওয়াইপার থাকা জরুরি বলে মনে হচ্ছিল। এক হাত দূরের কোনো কিছুও তখন দেখতে পাচ্ছিলাম না। শেষে চশমা খুলে, দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সামনে এগোই। এভাবেই কুয়াশা ভেদ করে নিমতলী পার হই। পথ চলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সরিষাখেত পেলেও সেসব কুয়াশার চাদরমোড়া থাকায় আলোর অপেক্ষায় আরও সামনে ছুটি, আর অপেক্ষা করি সূর্য ওঠার সঙ্গে বেলা বাড়ার। এখানে পথ একটু সরু। এই সরু পথের এক পাশে ইছামতী নদী আর অন্য পাশে বিস্তীর্ণ ভূমি। আঁকাবাঁকা ছায়াঘেরা সেই পথ। আমরা চললাম ধীরে-সুস্থে আর ছবি তুলতে তুলতে।বেলা ১১টায় বেজেরহাটি পার হয়ে বাঁশাইল পৌঁছাই। তখন কুয়াশা সরিয়ে সূর্য কিরণ সে জায়গা দখল করেছে। আমরা প্রকৃতির পরিবর্তিত রূপে উল্লসিত। সে উল্লাস বেড়ে গেল বাতাসে ভেসে আসা হলুদ পাপড়ির ঘ্রাণে।এখন আমাদের দুই পাশে সরিষা আর সরিষা। আমরা আমাদের কাঙ্ক্ষিত সরিষা ভূমিতে পৌঁছে গেছি! এমন রূপ-গন্ধ আমি কবে শেষ উপভোগ করেছি, তা মনে করতে পারলাম না। পুরো খেতটাতে যেন হলুদ কার্পেট বসানো আর এত ঠান্ডা অথচ আলো ঝকঝকে চারদিক। মোটরসাইকেল দাঁড় করিয়ে পাশের সরিষা খেতে নামি। জায়গাটা সিরাজদিখান-ইছাপুরা সড়ক লাগোয়া। এখানে খেতের আলের পাশে একঝাঁক বক গায়ে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে টপাটপ কিছু ছবি তুলে ফেলি। তারপর হুউস শব্দে তাদের উড়িয়ে দিয়ে আবার ক্যামেরা ক্লিক। এরই মাঝে দমকা বাতাসে সমুদ্রের ঢেউয়ের মতো সরিষাখেতে সরিষার ঢেউ খেলে গেল। অবিশ্বাস্য সুন্দর সে দৃশ্য দেখে দেখে সরিষাখেতের বুকে ঘুরে বেড়ানো বকের পেছন পেছন ছুটে বেড়াই। অস্থির বক পাখি, ফটোগ্রাফিও বোঝে না। কিছু সময় পর খেতের আল ধরে সামনে এগিয়ে যাই। চারদিকে কেমন সুনসান নীরবতা। এ রকম নিস্তব্ধতার মধ্যেই টের পাই মানুষের কণ্ঠস্বর। একদল নারীর এগিয়ে আসার দৃশ্যও চোখে পড়ে। দূরের আবছা আর জমাট কুয়াশাঢাকা গ্রামে তাদের বাড়ি। কথায় কথায় বাড়িতে বেড়ানোর দাওয়াত দিয়ে বসেন। কনকনে শীতের কুয়াশাভেজা সকালে সরিষা ফুলের সৌন্দর্যে চোখ জুড়াতে পথে নেমেছিলাম কিন্তু এমন অল্প সময়ে বিশাল প্রাকৃতিক শোভা পুরোপুরি দেখতে পারিনি। প্রকৃতির কাছাকাছি এলে আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। তখন শহুরে যান্ত্রিকতা আর কোলাহলে ফিরে যেতে মন চায় না। মনে হয় থেকে যাই, কিন্তু বাস্তবতা আর আমাদের ভেতরকার লোভ বড়ই নির্মম। আমাদের ফিরে যেতে হবে। ফিরতে ফিরতে আবার বিশাল সরিষাখেতে চোখ বুলাই। সরিষাখেতটাকে মনে হয় সবুজ ক্যানভাসের ওপর অনন্য এক হলুদ দুনিয়া!যেভাবে যাবেনমাওয়া রোডের ধলেশ্বরী জোড়া সেতু পার হলে কুচিয়ামোড়া থেকে একেবারে মাওয়া পর্যন্ত পুরো রাস্তার দুই পাশে পাবেন সরিষাখেত। চালতিপাড়া, হাঁসাঢ়া, ষোলঘর, শ্রীনগর, মাওয়ার দুই পাশে বিস্তীর্ণ সরিষাখেত আর তার হলুদ সৌন্দর্যে প্রাণ জুড়িয়ে যাবে। নিমতলী হয়ে বেজেরহাটি, বাসাইল, সিরাজদিখান, টেকের হাটসহ, ইছাপুরার সর্বত্র এখন সরিষা রূপের মুগ্ধতা। এমন রূপচ্ছটায় চোখ জুড়াতে গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী বা বাবুবাজার থেকে বাসে চড়ে বসতে পারেন। সবচেয়ে ভালো নিজস্ব বাহন। এখন আলুরও মৌসুম। সবুজ আলুখেতও মন ভরাবে!