হলুদ পাতার ঘ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই কেনাটা আমার কাছে নেশার মতো, বিশেষ করে পুরোনো বই, যা এখন আর ছাপা হয় না; ঘুরে ঘুরে জোগাড় করতে একটুও ক্লান্তি নেই আমার। বাংলাবাজার কিংবা আজিজ সুপার মার্কেট তীর্থের সমতুল্য আমার কাছে। প্রায়ই ওই সব জায়গায় গিয়ে বই ঘাঁটাঘাঁটি করি। একবার নীলক্ষেতে পেয়েছিলাম রহস্যপত্রিকার বহু পুরোনো কিছু সংখ্যা, আমার জন্মেরও আগের। দুই টাকা দরে কিনে নিয়ে এসেছিলাম আশির দশকের শুরুর দিকের সেই সংখ্যাগুলো। আমার জন্য ওগুলো ছিল সাত রাজার ধন। কারণ, শাহরিয়ার কবির, শাহাদত চৌধুরী, রাহাত খান প্রমুখ লেখকের লেখা পেয়েছি সেখানে। আরেকবার শাহবাগের ফুটপাত থেকে কিনেছিলাম অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের সময়কার কিছু রুশ বইয়ের ইংরেজি অনুবাদ। সোভিয়েত সাহিত্য পড়া না থাকলে এর মজাটা ঠিক বোঝানো যাবে না কাউকে।নতুন কোনো জায়গায় গেলে আশপাশের বইয়ের দোকানগুলোয় ঢুঁ মারা আমার চাই-ই। প্রথমবার কলকাতায় গিয়ে দেখি, বইমেলা চলছে। আর পায় কে আমাকে? বস্তা ভরে বই কিনে নিয়ে এসেছিলাম। পরে দেখা গেল মালপত্রের চেয়ে বইয়ের ওজন বেশি! কুষ্টিয়ার এক দোকানে পেয়েছিলাম ‘বিশ্বচক্র’ সিরিজের বিশাল সংগ্রহ, বিক্রির অভাবে পড়ে ছিল। একসময়ের তুমুল জনপ্রিয় এই গোয়েন্দা সিরিজের একটি কপিও ফেলে আসিনি। দার্জিলিংয়ের এক পুরোনো বইয়ের দোকান থেকে একবার কিনলাম রোজনামচা ধরনের একটা বই। ব্রিটিশ আমলে ছাপা। লেখক এক স্প্যানিশ পাদ্রি। উল্টেপাল্টে দেখতে গিয়ে ভেতর থেকে বেরোল একটা ম্যাপল পাতা। বিবর্ণ। মুহূর্তে মন হারিয়ে গেল যেন কোথায়! কার ছিল বইটা? কে রেখেছিল পাতাটি বইয়ের ভাঁজে? হয়তো কোনো এক বিষণ্ন অপরাহ্নে নির্জন পার্কে বসে বইটি পড়ছিল কেউ। সাঁঝবেলায় বাড়ি ফেরার সময় মাটি থেকে একটা পাতা তুলে রেখে দিয়েছিল বইয়ের মধ্যে। হয়তো আজ বেঁচে নেই সেই মানুষটি, কিন্তু পাতাটি রয়ে গেছে একটি সময়ের স্মৃতিচিহ্ন হয়ে। অকারণেই মনটা খারাপ হয়ে গেল।পাতাটি আমি ফেলিনি, রেখে দিয়েছি বইয়ের মধ্যেই। থাকুক, নাম না জানা কেউ একজন বেঁচে থাকুক একটি ঝরাপাতার হূদয়ে।ডিউক, পূর্ব আহম্মদনগর, মিরপুর-১, ঢাকা।