চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মাস পর গত বুধবার ও শুক্রবার দুই দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ভোটার তালিকা ও ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের শিক্ষকদের একাংশ। জানা গেছে, এ নিয়ে মতবিরোধের কারণে প্যানেলের অনেক শিক্ষক ভোটদানে বিরত ছিলেন। প্যানেল সূত্র জানায়, নির্বাচনে ৪২১ ভোটারের মধ্যে ২৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁরা স্ট্যান্ডিং কমিটির ১৫ জন সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মইনুল ইসলাম, সমাজতত্ত্ব্ব বিভাগের হাসানুজ্জামান চৌধুরী, ইতিহাস বিভাগের ইমরান হোসেন, বাংলা বিভাগের সৌরেন বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেকান্দর চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন, ফলিত রসায়নের হেলাল উদ্দিন আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের সুলতান আহমেদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আলী আজগর চৌধুরী, রসায়ন বিভাগের বেণু কুমার দে, ফলিত পদার্থবিদ্যার শংকর লাল সাহা, উদ্ভিদবিজ্ঞানের মাহবুবুর রহমান, লোকপ্রশাসনের কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, আইন বিভাগের আবদুল্লাহ আল ফারুক ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অহিদুল আলম।হলুদ প্যানেলের জ্যেষ্ঠ শিক্ষক এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত বলেন, ‘এটা নীল-নকশার নির্বাচন। তাই এ নির্বাচনে আমি ভোট দিইনি। তাঁরা আগে থেকেই প্যানেল নির্ধারণ করে দিয়েছেন। নিয়ম না থাকা সত্ত্বেও নির্বাচনের কয়েক দিন আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের ভোটার তালিকায় রাখা হয়েছিল।’প্যানেলের আরেক জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালেহ উদ্দিন বলেন, ‘গত বছরের ২২ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি চক্র নির্বাচনে জিততে পারবেন না বুঝতে পেরে নির্বাচন অনুষ্ঠানে দেরি করেন। এ নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না। তাই ভোট দিইনি।’ এ ব্যাপারে প্যানেলের আহ্বায়ক ইমরান হোসেন বলেন, ক্যাম্পাসের বিদ্যমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি।জানা গেছে, নির্বাচনে ভোটারতালিকা ও ভোটগ্রহণ পদ্ধতির ব্যাপারে আপত্তি জানিয়ে প্যানেলের আহ্বায়ককে ১২ ও ১৪ মে দুইটি চিঠি দিয়েছিলেন গত স্ট্যান্ডিং কমিটির দুই সদস্য আলী আজগর চৌধুরী ও মাছুম আহমেদ। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত করা ছাড়াই নির্বাচন কমিশন ১৬ ও ১৮ মে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে। ইতিপূর্বে আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে দলের বিদ্যমান তালিকার সঙ্গে নতুন যোগদানকৃত শিক্ষকদের নাম সংযোজনসহ যে সদস্যতালিকা সরবরাহ করেছি, তা স্ট্যান্ডিং কমিটির কোনো সভায় অনুমোদিত হয়নি। আমরা মনে করি, স্ট্যান্ডিং কমিটি কর্তৃক ভোটার তালিকা চূড়ান্ত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এ ছাড়া নির্বাচন কমিশন কম্পিউটারের মাধ্যমে ভোট গ্রহণের যে ঘোষণা দিয়েছে তা-ও স্ট্যান্ডিং কমিটি বা সাধারণ সভায় অনুমোদিত হয়নি।’ এ প্রসঙ্গে ইমরান হোসেন বলেন, ‘সবকিছু নিয়ম মেনে করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ভোটার তালিকায় রাখা হবে না, এ রকম কোনো সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটির কোনো সভায় নেওয়া হয়নি। নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া শিক্ষকদের নিজস্ব ব্যাপার।’ তবে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ভোটার ভোট দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।ইমরান হোসেন নির্বাচনের ভোটারতালিকা ও ভোট গ্রহণের পদ্ধতির ব্যাপারে আপত্তি জানিয়ে দুই শিক্ষকের চিঠি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কিন্তু মাছুম আহমেদ পরে তাঁর নাম প্রত্যাহার করে নেন। তাঁর কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়েছে বলে তিনি আমার কাছে অভিযোগ করেন।’ইমরান হোসেনের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে মাছুম আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আহ্বায়ককে দেওয়া চিঠি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। বরং একটি বিষয়ে সংশোধনী করে পুনরায় চিঠি দিয়েছি।’একই প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী বলেন, ‘সাদা কাগজে কারও সই নেওয়ার প্রশ্নই ওঠে না। বরং মাছুম আহমেদ স্বতঃস্ফূর্তভাবেই সই দিয়েছেন।’