হলুদ বাদাম পথে পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান সড়কের পাশে প্রতিদিন সকাল নয়টায় ভ্যানগাড়িতে হলুদ বাদামের স্তূপ নিয়ে দাঁড়িয়ে থাকেন সাদ্দাম হোসেন (১৮)। বাদাম বিক্রি করেন রাত আটটা পর্যন্ত। স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, পথচারী—সবাই তাঁর বাদামের গ্রাহক। ১০ টাকা, ২০ টাকা, ৫০, ১০০ টাকার বাদাম পর্যন্ত কিনে নিয়ে যান গ্রাহকেরা। অনেকে হলুদ বাদাম তৈরির রহস্য জানতে চান। কিন্তু সাদ্দাম সেই রহস্য ভুলেও ফাঁস করেন না। সাদ্দাম যেখানে বসেন তার একটু দূরে সোনালী ব্যাংকের নিচে দাঁড়িয়ে হলুদ বাদাম বিক্রি করেন নাসির উদ্দিন (১৯)। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাদাম বিক্রি করেন নুরুন্নবী (২০)। প্রধান সড়কের ঝাউতলায় বাদাম নিয়ে বসেন রাসেল আহমদ (২২)। বলা যায়, হলুদ বাদাম এখন কক্সবাজারের পথে পথে। এ ছাড়া টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার যত্রতত্র এই সেদ্ধ হলুদ বাদামের রমরমা বাণিজ্য চলছে। চমৎকার স্বাদের এই বাদাম ইতিমধ্যে জনপ্রিয়ও হয়ে উঠেছে। কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে চার বছর ধরে হলুদ বাদাম বিক্রি করছেন চকরিয়ার সাদ্দাম হোসেন। তিনি জানান, চকরিয়া থেকে প্রতিকেজি কাঁচা বাদাম ৬৫ থেকে ৭০ টাকায় কিনে বাড়িতে সেদ্ধ করি। তারপর এই সেদ্ধ বাদাম ভ্যানগাড়িতে করে শহরে বিক্রি করি। প্রতিকেজি হলুদ বাদাম বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। সারা দিন ২৫ থেকে ৩০ কেজি বাদাম বিক্রি করে লাভ থাকে ৫০০ থেকে ৬০০ টাকা। এই টাকায় চার সদস্যের সংসার বেশ স্বাচ্ছন্দ্যেই চলে যাচ্ছে। হলুদ বাদাম তৈরির কৌশল জানতে চাইলে সাদ্দাম হেসে বলেন, ‘কৌশল বলে দিলে সবাই কাঁচা বাদাম ঘরে নিয়ে রান্না করবে। তখন কেউ আমার কাছে আসবে না।’ অনুসন্ধানে জানা গেছে, প্রায় ১০ বছর আগে টেকনাফের মানুষ মিয়ানমারের মংডু থেকে এনে এই হলুদ বাদাম খেতেন। পাঁচ বছর আগে টেকনাফের কয়েকজন হলুদ বাদাম সেদ্ধ করে পৌরসভার কয়েকটি স্থানে বিক্রি করতেন। এখন কয়েক বছরের ব্যবধানে এই বাদাম জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। হলুদ বাদামের চাহিদা বাড়ার কারণে বাদামের চাষও জেলায় বেড়ে যাচ্ছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আশীষ কুমার জানান, চলতি মৌসুমে জেলার চকরিয়া, রামু ও কক্সবাজার সদর উপজেলার ৩১টি গ্রামে ৮৬০ একর জমিতে বাদামের চাষ হচ্ছে, যা গত মৌসুমের তুলনায় ১২০ একর বেশি। ডিসেম্বর মাসে শুরু করা বাদাম চাষ শেষ হবে আগামী মার্চ মাসে। এখন কিছু কিছু এলাকায় বাদাম বেচাবিক্রি হচ্ছে। প্রতিকেজি বাদাম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি একরে ৭০০ কেজির মতো বাদাম উৎপাদিত হয় বলে জানান কৃষকেরা। আশিষ কুমার জানান, বালু ও বেলে দোআঁশ মাটিতে বাদাম ভালো জন্মে। তেলপ্রধান ফসল বাদামে শর্করা ও ভিটামিন আছে। ত্বকের জন্য বাদাম খুবই উপকারী। চর্মরোগও দ্রুত ভালো হয়। ভাজা আর সেদ্ধ বাদামের গুণ এক। তবে বাদাম খোসা ছাড়িয়ে ভাজলে পুষ্টিগুণ নষ্ট হয়।হলুদ বাদাম তৈরির কৌশলঅনেকে মনে করেন বাদাম হলুদ মিশিয়ে সিদ্ধ করে হলুদ করা হয়। কিন্তু তা ঠিক নয় বলে জানা গেছে। কয়েকজন বাদাম বিক্রেতা জানান, ‘প্রথমে কাঁচা বাদামকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তারপর ওই বাদাম লবণ পানিতে সিদ্ধ করতে হয়। তারপর সিদ্ধ বাদাম নামিয়ে খ্যাদ্য উপযোগী হলুদ রং মাখতে হয়। পানিতে লবণের পরিমাণ, সিদ্ধ করার সঠিক সময় জানা না থাকলে অথবা হেরফের হলে ওই বাদাম খাওয়ার অযোগ্য হয়ে যেতে পারে।’