হলুদ ভুট্টার গরম বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান সড়কের লালদীঘির পাড়, হাসপাতাল সড়ক, গোলদীঘির পাড়সহ বিভিন্ন স্থানে এখন সকাল-সন্ধ্যা ঝুড়িতে করে বিক্রি করতে দেখা যায় হলুদ রঙের বড় বড় ভুট্টা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা বয়সী নারী-পুরুষ বিপুল পরিমাণ ভুট্টা কিনে নিয়ে খাচ্ছেন। দাম প্রতিটি ছয় থেকে ১২ টাকা। বিক্রিও হচ্ছে ভালো। বলা যায়, হলুদ ভুট্টার এখন গরম বাজার। গোলদীঘির পাড়ের ব্যবসায়ী আবদুল মান্নান (৪৫) জানান, প্রতিদিন তিনি-চার শতাধিক ভুট্টা বিক্রি করেন। উখিয়া ও টেকনাফের বাজার থেকে ১০০ ভুট্টা ৫০০ টাকায় কিনে ঘরে হলুদ মেখে সেদ্ধ করে তারপর বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। ভুট্টা বিক্রি করে তাঁর লাভ হয় ৬০০ থেকে ৮০০ টাকা। আবদুল মান্নানের মতো এ হলুদ ভুট্টার ব্যবসা করছেন আরও অন্তত ৫০ জন। স্কুলছাত্র কবির আহমদ (১৬) জানায়, গত বছর প্রতিটি ভুট্টা বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ টাকায়। কিন্তু এ বছর অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তারপরও শিক্ষার্থীরা হলুদ ভুট্টা খেতে বেশি পছন্দ করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার টেকনাফ উপজেলার পাঁচ ইউনিয়ন হোয়াইক্যং, নিলা, সদর, সাবরাং ও বাহারছড়া এলাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে নিলা, বাহারছড়া, হোয়াইক্যং ইউনিয়নে ভুট্টার উৎপাদন আগের তুলনায় অনেক বেশি হয়েছে। টেকনাফ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে এই উপজেলার ৩৪টি গ্রামে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হচ্ছে। যা গত মৌসুমে হয়েছিল দুই হাজার হেক্টর বেশি। গত মৌসুমে এসব জমিতে ভুট্টা উৎপাদন হয়েছিল এক হাজার ৬৭ মেট্রিকটন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাম্পার ফলন হওয়ায় উৎপাদন দুই হাজার মেট্রিকটন ছাড়িয়ে যেতে পারে। আগামী মে মাসের শেষ পর্যন্ত ভুট্টার উৎপাদন চলবে। নিলা সিকদারপাড়ার চাষি নবী হোসেন (৪৫) জানান, চলতি মৌসুমে তিনি প্রায় ৮০ শতক জমিতে ভুট্টার চাষ করেন। গত তিন মাসে তিনি ভুট্টা বিক্রি করেন আড়াই লাখ টাকার। খেতে থাকা ভুট্টা বিক্রি করে আরও লাখ টাকা পাওয়ার আশা করছেন। এতে খরচ বাদ দিয়ে তাঁর লাভ থাকবে প্রায় দুই লাখ টাকা। হোয়াইক্যং এলাকার চাষি গোলাম কাদের বলেন, ‘বাম্পার ফলন হলেও উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ভুট্টায় তেমন লাভ হচ্ছে না। জমির লাগিয়ত, চড়া মূল্যে সার, বীজ সংগ্রহ এবং সেচ ব্যবস্থার কারণে খরচের তালিকা বৃদ্ধি পাচ্ছে। নিজের জমিতে ভুট্টা চাষ করা গেলে লাভ হয় বেশি।’