হলুদিয়া পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুনটুনির চেয়ে একটু বড়। গায়ের রং হলুদ, কালো আর ছাই বর্ণমিশ্রিত। শীতের শেষে এই পাখি দলবেঁধে আশ্রয় নেয় কক্সবাজার শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, সমুদ্র উপকূলের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের সিকদারবাড়িতে। এরপর পাখিগুলো বাড়ির সামনে লাগানো বেলী ও রাঁধাচুড়া ফুলগাছের ভেতরে ‘পেঁপে’ আকৃতির ছোট্ট বাসা তৈরি করে। গরমকালে ওই বাসায় দুটি করে ডিম পাড়ে। ওই ডিম থেকে বাচ্চাও হয়। এখানকার লোকজন এই পাখিকে ডাকে সুন্দরী পাখি নামে।মাসখানেক আগের কথা। আমরা পৌঁছে গেলাম সমুদ্র উপকূলের সেই নির্জন গ্রাম মগনামার সিকদারবাড়িতে। লাল, নীল, সাদা, হলুদ রঙের নানা ফুলে ভরা টিনের ছাউনিযুক্ত আধাপাকা ছিমছাম একটি বাড়ি। নাম ‘পুষ্পনীড়’। বাড়ির সামনে বিশাল একটি পুকুর। পুকুরের চারপাশে এবং পুষ্পনীড়ের পেছনে শতাধিক নানা প্রজাতির গাছ। সেই গাছে বসছে পাখির মেলা। টিয়া, ময়না, শালিক, চড়ুইসহ নানা প্রজাতির পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত চারদিক। সফরসঙ্গী আবু তাহের চৌধুরী ক্যামরা বের করে পাখির ছবি তুলছেন। অ্যাডভোকেট আয়াছুর রহমান সেই ছবি দেখে পাখির মতো লাফালাফি করছেন। বলছেন, ‘এত সুন্দর পাখি জীবনে দেখিনি। এই পাখি এখানে এল কী করে?’সিকদারবাড়ির মালিক খোকা ভাই অর্থাৎ আবু মোর্শেদ চৌধুরী আমাদের নিয়ে গেলেন পুষ্পনীড়ের সামনে একটি রাঁধাচূড়া ফুলগাছের নিচে। আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একটি-দুটি করে তিনটি সুন্দরী পাখির বাসা। কাগজ টুকরো, নারকেলের ছোবলা আর খড় দিয়ে আকর্ষণীয়ভাবে তৈরি পেঁপে আকৃতির ছোট ছোট পাখির বাসা। বাসার ভেতরে ডিমে তা দিচ্ছে মা পাখি। আরেকটি বাসার মুখে কালো রঙের পাখি বসে ছানাকে খাবার খাওয়াচ্ছে। খুব কাছে গিয়ে আমরা পাখির এই দুর্লভ ছবিগুলো ক্যামেরাবন্দী করছিলাম, সেদিকে পাখিদের খেয়াল নেই। বাড়ির পেছনে আরেকটি ফুলগাছের নিচে দেখা গেল আরও দুটি পাখির বাসা। প্রতিটি বাসায় দুটি করে ডিম। একটি বাসায় দেখা গেল দুটি বাচ্চা। ঘরের দরজা-জানালা এবং বারান্দায় দেখা গেল পাঁচটি সুন্দরী পাখির বিচরণ। খোকা ভাই বললেন, এগুলো পুরুষ পাখি। বাচ্চা দেওয়ার পর মা পাখি স্থান ত্যাগ করে। পুরুষ পাখি বা বাবারা খাবার সংগ্রহ করে ছানাকে খাওয়ায়। তার আগে বাসায় থেকে মা পাখি ডিমে তা দেয়। বাসাগুলো এতই ছোট যে মা ভেতরে ঢুকলে বাবাকে বাইরে অপেক্ষা করতে হয়। এই পাখিদের সুরক্ষার জন্য সিকদারবাড়িতে পাখির অভয়ারণ্য গড়ে তোলার চেষ্টা চলছে। এদিকে পাখি বিশারদ ও সাহিত্যিক শরীফ খান ছবি দেখে জানিয়েছেন, এ পাখির নাম মৌটুসি পাখি। স্ত্রী মৌটুসি পাখি আকারে নয় থেকে ১০ সেন্টিমিটার লম্বা হয়। এরা মূলত ফুলের মধু ও রেণু খায়। সারা বাংলাদেশেই এই পাখির দেখা মেলে।