হলুদের নানা আয়োজন
‘হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ার সাজে সাজবে কন্যা...’। কেবল কনেই নয়, বরের বাড়িতে গায়েহলুদে তত্ত্ব পাঠানোর রেওয়াজটা বেশ পুরোনো। তবে তত্ত্ব পাঠানোর আগে এর সজ্জাতেই যেন চমক থাকে, সে দিকে লক্ষ রাখতে হবে।কিছুটা ভিন্ন আমেজেই হলুদের তত্ত্ব সাজানো যেতে পারে বলে মনে করেন বিয়ের আয়োজন করে থাকে এমন প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরির ক্রিয়েটিভ হেড পলা রহমান। তিনি আরও বলেন, হলুদ মানেই রঙের ছড়াছড়ি। ইচ্ছেমতো রং ব্যবহার করে তত্ত্ব পাঠানোর ডালা, কুলা, মিষ্টি কিংবা পান-সুপারি নান্দনিক উপায়ে সাজানো যায়। বর কিংবা কনে—যাঁর বাড়িতে তত্ত্ব পাঠানো হচ্ছে, এর হলুদের পোশাক কেমন, সেদিকে লক্ষ রেখেই তত্ত্ব সাজানো উচিত। হলুদ বরন কনের শাড়িটা ডালায় এমনভাবে বসানো যায়, যেন হঠাৎ করে মনে হয়, একটা বউ ঘোমটা দিয়ে বসে আছে। শাড়ির সঙ্গে তত্ত্ব পাঠানোর ডালার ওপরে সেলোফেন পেপারের পরিবর্তে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নেটের কাপড় পেঁচিয়ে দেওয়া যেতে পারে। চারপাশে সাধারণ ফিতার পরিবর্তে সোনালি রঙের ফিতা দিয়ে বেঁধে দিলে অনেক বেশি মানায়। বরের পোশাক যদি হালকা হয়, সে ক্ষেত্রে তত্ত্ব সাজাতে সাদা, হালকা নীল রঙের প্রাধান্য দেওয়া যেতে পারে। জুতা সাধারণ একটা বাক্সে না দিয়ে জুতার আকারের একটা বাক্সে করে দেওয়া যেতে পারে।মাছ পাঠানো যায় বিভিন্নভাবে। মাছের মাথায় গামছা এবং অন্য মাছের গায়ে শাড়ি জড়িয়ে ছেলে ও মেয়ের মাছ আলাদা করা যায়। অনেকে মাছে নোলক পরিয়েও দেন। আলপনার নকশাও করা যায়।ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের প্রধান নির্বাহী সাইদা ফজিলাতুন নাজ বলেন, চাইলে ঘরে বসেই কেনা সাধারণ ডালা-কুলায় লেইস, চুমকি অথবা পাড় লাগিয়ে ভিন্নতা আনতে পারেন। প্রতিটি তত্ত্বের গায়ে লেইস অথবা একই কাপড় দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে। মিষ্টি কখনো মাটির পাত্রে আবার কাচের বড় পাত্রে পুরে দিয়ে ওপরে নেটের কাপড় দিয়ে বেঁধে দিলে দেখতে ভালো লাগে।অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান ওয়েডির পরিচালক রাশিদ খান বলেন, বিয়ে কিংবা গায়েহলুদের ক্ষেত্রে আমরা সাধারণত প্রাধান্য দিই একটা থিমের এবং সেই থিমের ওপরেই যাবতীয় কাজ করা হয়। কখনো মোগল থিম, কখনো মিসরীয় থিম আবার কখনো দেশীয় থিমের প্রাধান্য দিয়ে পুরো কাজ করা যায়। মোগল থিম মানেই র্যাপিং পেপার থেকে শুরু করে তত্ত্ব বাঁধার ফিতা ও ডালা-কুলায় লতা-পাতার নকশা করা থাকে। অনেকটা আলংকারিক কাজ। আবার মিসরীয় থিম মানেই তত্ত্বের ডালাগুলো হবে কিছুটা পিরামিডের মতো। এই থিমের ব্যবহার হবে খাবার পরিবেশনের পাত্রেও।গায়েহলুদের অনুষ্ঠানে পান খেয়ে ঠোঁট লাল করার রেওয়াজটা বেশ পুরোনো। তাই তত্ত্বের অন্যতম উপকরণ হলো পান-সুপারি। পলা রহমান বলেন, একটা বেতের ডালায় অনেক পান সাজিয়ে কখনো পান দিয়ে ঘরের আকার করে দুই পাশে দুটি পুতুল বসিয়ে দেওয়া যেতে পারে।ঢাকার ধানমন্ডি ৪ নম্বর সড়কের বাহারি পানের দোকান ‘পান-সুপারি’র বিপণনপ্রধান নিগার আফরোজ বলেন, বিয়ের অনুষ্ঠানে পান-সুপারির সঙ্গে নানা পদের মসলা আর চেরি দিয়ে ডালায় সাজিয়ে দিতে পারেন। আবার একটা একটা করে বাক্সে পুরেও নেওয়া যায়। অনেকে অনুষ্ঠানে পান-সুপারির স্টল পর্যন্ত বরাদ্দ করেন। তবে একটা স্টল বরাদ্দ নিতে হলে অন্তত একসঙ্গে ৩০০ পান নিতে হয়। প্রতিটি পানের মূল্য ২০ থেকে ২০০ টাকা। ডালা সাজাতে প্রতিটির হিসাবে দাম ধরা হয়। স্টলের জন্য ন্যূনতম খরচ পড়ে পাঁচ হাজার টাকা।হলুদে মিষ্টিমুখ করার রেওয়াজ রয়েছে। তবে মিষ্টির পরিবর্তে অনেকেই শীতের পিঠা ভাপা কিংবা পাটিসাপটার আয়োজন করে থাকে। নগরের গুলিস্তানের ‘খাবারদাবার পিঠাঘর’ থেকে চাইলে প্রতিটি হিসাবে শীতের পিঠা কিংবা পুরো ডালা সাজিয়ে আনতে পারেন। ডালা সাজাতে খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা।আজকাল পিঠা, হাওয়াইমিঠাই, চটপটি—এসবের আয়োজন রাখার চল হয়েছে। যেকোনো বিক্রেতাকে বললেই তাঁরা হলুদের অনুষ্ঠানে এসব সরবরাহ করেন। বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা অথবা জিনিসপত্রের দাম দিয়েও এর ব্যবস্থা করা যায়। ঝাল খাবার যাঁরা পছন্দ করেন, তাঁরা গরম গরম চটপটি কিংবা হালিমের আয়োজন রাখতে পারেন। শীতকালে কফি রাখাটাও বেশ দেখা যায়।