হলুদের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়েহলুদের মঞ্চে রাখা শুধুই হরেক পদের মিষ্টি। হলুদ দিতে এসে সবাই তা-ই খাওয়াচ্ছেন মেয়েকে। ওদিকে অনেকক্ষণ ধরে একভাবে বসে থেকে আর একগাদা মিষ্টি খেয়ে মেয়ের যেন গা গুলিয়ে উঠছে।আবার দেখা গেল কনের কোলের ওপর পেতে দেওয়া হলো বড় একটা তোয়ালে। যাতে খাবার না পড়ে। কিন্তু পরে ছবিতে দেখা গেল কনের সাজের অর্ধেকই মাটি। দেখা যাচ্ছে সেই বড় তোয়ালেটাই।গায়েহলুদের আয়োজনে এমনি নানা খুঁটিনাটি লক্ষ রাখা দরকার। এ নিয়ে পরামর্শ দিয়েছেন ওয়েডিং ডেকোর বাই নুসরাতের স্বত্বাধিকারী নুসরাত নওরীন। একে তো গায়েহলুদে ছেলে-মেয়েকে অনেকক্ষণ মঞ্চে বসে থেকে একের পর এক খাবার খেয়ে যেতে হয়। তার মধ্যে সেই খাবার যদি হয় অপছন্দের, তাহলে বিষয়টা বর-কনের জন্য মোটেও সুখকর হয়ে ওঠে না। এ ক্ষেত্রে বর-কনের পছন্দ-অপছন্দ জেনে নেওয়া ভালো। যদি কেউ মিষ্টি কম খেতে পছন্দ করেন, সে ক্ষেত্রে তাঁদের জন্য কাবাব, আলু ভাজা, ফ্রুট সালাদ ইত্যাদি রাখা যেতে পারে। রাখতে পারেন কম মিষ্টি দিয়ে তৈরি পুডিং বা ফিরনিও। আর মিষ্টিতে যদি আপত্তি না থাকে, তাহলে মিষ্টিই রাখতে পারেন কয়েক রকমের। তবে শুকনো মিষ্টি হলে ভালো হয়। যেমন—লাড্ডু, বালুশাই, রসকদম, প্রাণহরা ইত্যাদি। বললেন নুসরাত নওরীন। নুসরাতের মতে, খুব বেশি পদ নয় বরং পছন্দের কয়েকটি পদ খুব সুন্দর করে সাজিয়ে সামনে রাখলেই বেশি ভালো দেখাবে। যেমন তরমুজ, মিষ্টি কুমড়া, আনারস বা পেঁপে কার্ভিং করে তার মধ্যে ফ্রুট সালাদ রাখতে পারেন। কাবাব ছোট ছোট বলের মতো বানিয়ে তা টুথপিকে গেঁথে ময়ূর বানানো যেতে পারে। চেরি দিয়ে সাজানো পুডিংও দেখতে বেশ লাগবে। আর ফিরনি ও অন্যান্য মিষ্টি সুন্দর কোনো বাসনে বাদাম, কিশমিশ দিয়ে নিজের ইচ্ছামতো সাজিয়ে নিতে পারেন। ছানার তৈরি মাছ বা পুতুলও রাখতে পারেন সামনে।আজকাল অনেক হলুদের অনুষ্ঠানেই কেক কাটার প্রচলন দেখা যাচ্ছে। অন্যান্য দিনের কেক থেকে হলুদের কেকে ভিন্নতা আনার জন্য এর ওপর ক্রিম দিয়ে মেহেদির মতো নকশা করা যেতে পারে। তার চারপাশে ছোট ছোট কিছু রঙিন মোমবাতি জ্বালালেও দেখতে মন্দ লাগবে না। তবে এত সব খাবারের মাঝে পানির কথা ভুলে গেলে কিন্তু চলবে না। পানির সঙ্গে আরও রাখতে হবে টিস্যু পেপার। টিস্যু সাধারণ কোনো বক্সে না রেখে একটু সাজিয়ে রাখলে জিনিসটা আকর্ষণীয় হয়ে উঠবে। আর তোয়ালের বদলে দিতে পারেন সুন্দর একটা গামছা।এত সব সাজসজ্জার সময় একটা বিষয়ই শুধু মাথায় রাখতে হবে যে সবকিছুতে যেন একটা ছিমছাম ভাব বজায় থাকে। অতিরিক্ত সাজানোর ফলে তা যেন খুব হিজিবিজি হয়ে না ওঠে।