হলে হলে বিশ্বকাপ হল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলের টিভিকক্ষ থেকে কিছু সময় পরপর হাততালির শব্দ শোনা যাচ্ছে। তালির শব্দ এমনই জোরাল, যা হল পেরিয়ে নিউমার্কেট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েকটা দিন বাকি। তবে এমন হাততালি কেন? টিভিকক্ষে গিয়ে পাওয়া গেল এর উত্তর। বিশ্বকাপকে ঘিরে সেখানে আর্জেন্টিনার সমর্থকেরা প্রিয় দলের পক্ষে কী কী কার্যক্রম করবেন, তার জন্য সভা বসেছে। ঢাকা কলেজের নর্থ হলের ঘটনা এটা। শুধু ঢাকা কলেজের নর্থ হল নয়, রাজধানী ঢাকার প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস, হলগুলোয় এখনই শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। এই উন্মাদনা আবার আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকদের মধ্যে বেশি। প্রিয় দলের পতাকা টানানো, দেয়ালে প্রিয় তারকার ছবি আঁকার মতো কাজগুলো এখন শেষের পথে। অনেক শিক্ষার্থী প্রিয় দলের জার্সির আদলে গড়া টি-শার্ট পরে ক্যাম্পাসে, এমনকি শ্রেণীকক্ষেও ঢুকে পড়ছেন।প্রতিটি হলে ও ক্যাম্পাসে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাবও চোখে পড়ছে। নিজেদের শক্তি বাড়াতে গড়ে উঠছে সমর্থক গোষ্ঠী। আবার যাঁরা এখনো কোনো দলকে সমর্থন করেননি, তাঁদের কথার ছলে ও খাবার খাইয়ে দলে ভেড়ানোর জোর চেষ্টা চলছে। অন্যদিকে কার দল কত বড়, তা নিয়ে ধুন্ধুমার তর্ক-বিতর্ক দিনরাত লেগেই থাকছে। এসবের ফাঁকে ফাঁকে অন্য দলের সমর্থকেরাও কিন্তু নিজেদের সমর্থনটা প্রচার করে যাচ্ছে। এই যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের জাহিদের প্রিয় দল ইতালি। দলের সমর্থনে তিনি ইতালির পতাকা কক্ষের সামনে টানিয়েছেন। তিনি বলেন, ‘চার বছর অপেক্ষায় থাকি বিশ্বকাপের জন্য। প্রিয় দলকে সমর্থন দিতে কোনো কমতি রাখি না। ইতালির সমর্থক কম থাকায় একারই ১০ জনের কাজ করতে হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ নগরের প্রধান বিদ্যাপীঠগুলোর ছাত্রাবাসের ছাদে, বারান্দায় প্রিয় দলের পতাকা টানিয়ে, দেয়ালে প্রিয় তারকার ছবি এঁকে কিংবা স্লোগান লিখে সমর্থকেরা তাঁদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিটি হলের টিভিকক্ষে বিভিন্ন দলের সমর্থকদের আলাদা বসায় জায়গা রাখা হয়েছে। এগুলোর বাহারি নামও দেওয়া হয়েছে। এর মধ্যে আছে আর্জেন্টিনা ব্লক, ব্রাজিল সমর্থকদের বসার স্থান, জার্মানি জোন। শুধু টিভিকক্ষেই নয়, ডাইনিং রুমে খেতে বসার জায়গাও এখন আলাদা হয়ে গেছে। একই দলের সমর্থকেরা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন, সেখানে অন্য দলের বসা বারণ।ঢাকা কলেজের সাউথ হলে ব্রাজিলিয়ান সমর্থকেরা প্রিয় দলের খেলার দিন একসঙ্গে খেলা দেখার পর খাওয়ার জন্য সবার কাছ থেকে টাকা তুলছেন। সেই টাকায় নাকি খাসির মাংস খাওয়া হবে। হলে ব্রাজিলিয়ান সমর্থকদের সংগঠন ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’র আহ্বায়ক মারুফ হোসেন বলেন, ‘এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবেই। এ জন্য প্রতিটি খেলার পরে আনন্দ উদ্যাপন করে খাসির মাংস রান্না করে খাওয়া হবে।’ এদিকে আর্জেন্টিনার সমর্থকেরাও থেমে থাকার পাত্র নন। এক সমর্থক জাকির হোসেন বলেন, ‘মেসি আর ম্যারাডোনা মিলে এবারের বিশ্বকাপ আর্জেটিনার ঘরে নিয়ে যাবেই। আমরা প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য সবার জন্য আর্জেন্টিনার জার্সি বানানোর ফরমায়েশ দিয়েছি। আর্জেন্টিনার খেলার দিন সবাই জার্সি গায়ে দিয়ে খেলা দেখব।’ছাত্রাবাসের কক্ষে কক্ষে চলছে দলাদলি। আন্তর্জাতিক হলের একটি কক্ষের সদস্যের মধ্যে ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনার চেয়ে দুজন কম। তাই তাঁরা মেস থেকে বিশ্বকাপের এক মাসের জন্য দুজন ব্রাজিলিয়ান সমর্থক নিয়ে এসেছেন। সেই কক্ষের ব্রাজিলের সমর্থক রাজিব বলেন, ‘মাঠের খেলায় তো সব সময় আর্জেন্টিনা হারে। তবে কথার লড়াইয়ে ওদের (আর্জেন্টিনার সমর্থক) সঙ্গে পারা যায় না। তাই মেস থেকে দুজন ব্রাজিলের সমর্থক নিয়ে এসেছি। এবার দেখা যাবে, কথার লড়াইয়ে আমাদের (ব্রাজিলিয়ান সমর্থক) হারায় কীভাবে?’ শুধু কথার লড়াই নয়, মূল বিশ্বকাপের আগেই সমর্থকদের মধ্যে মাঠের লড়াইও শুরু হয়ে গেছে। এই লড়াই কাকা-রবিনহো বনাম মেসি-ভেরনদের চেয়ে কোনো অংশে কম নয়। হল থেকে বাছাই করা খেলোয়াড়দের সকাল-বিকেল অনুশীলন করতে দেখা যায়। তা আবার তদারকিও করছেন সমর্থকেরা। অতি উৎসাহীরা আবার ভালো খেলোয়াড়দের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করছেন, যাতে তাঁরা খেলার মাঠে সময় দিতে পারেন। এর মধ্যে অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া অন্যতম। তার পরও প্রিয় দলের জয় চাই-ই চাই। বিকেল হলেই হলের মাঠে শুরু হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলীয় লড়াই।আবার এই লড়াই চলছে পতাকা নিয়েও। কে কত বড় পতাকা, বেশি পতাকা টানাতে পারে, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। নিউমার্কেট থেকে ছয় হাত লম্বা ব্রাজিলের একটি পতাকা কিনে হলে ঢুকতেই কথা হয় শাহরিয়ার কবিরের সঙ্গে। তিনি বলেন, ‘রুমমেট আর্জেন্টিনার সমর্থক। ও চার হাতের একটি আর্জেন্টিনার পতাকা এনেছে গতকাল। ব্রাজিল খেলায় ভালো, তাই পতাকাও বড় হওয়া চাই।’একই ভাবনা থেকে বড় বড় পতাকা সংগ্রহ করছে ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও স্পেনের সমর্থকেরা। স্পেনের এক সমর্থক বলেন, ‘দুই বড় দলের (ব্রাজিল ও আর্জেন্টিনা) সমর্থকদের মধ্যে দিনরাত তর্ক লেগে থাকছে। দেখে দারুণ মজা পাই। ওরা যতই ঝগড়া-ফ্যাসাদ করুক না কেন, সবাইকে কাঁদিয়ে স্পেন এবার বিশ্বকাপ জিতবে।’ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, টিউশনি বা অন্য কোনো কাজের মধ্যে বিশ্বকাপের এই এক মাস হল আর ক্যাম্পাস বিশ্বকাপের আনন্দের জোয়ারে ভাসতে থাকে।