‘আবাসিক হলের খাবার খেতেই হবে। না হলে গুনতে হবে জরিমানা। এমনকি বাতিল হতে পারে আসনও। অথচ হলের খাবার নিম্নমানের। এ নিয়ে অভিযোগ করা হলেও কোনো কাজ হচ্ছে না। তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে জরিমানা।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন চুয়েটের নতুন হলের শিক্ষার্থী সাইফুল আবেদিন। শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে চুয়েটে হলের খাবার নিম্নমানের হয়ে পড়ে। এ নিয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। তার পরও খাবারের মান না বাড়ায় শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে খাওয়া কমিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর থেকে ১৬ ধারার ‘আবাসিক হলের ডাইনিং পরিচালনার নীতিমালা-২০১২’ প্রণয়ন করা হয়। এ নীতিমালা অনুসারে ডাইনিং পরিচালনা করার জন্য ইতিমধ্যে হল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ে খেতে আগ্রহী করতে এ জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যদি জরিমানার ভয়ে বেশির ভাগ শিক্ষার্থী খাবার টোকেন সংগ্রহ করে তবে খাবারের মান বাড়বে।নতুন নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থী হলের ডাইনিংয়ের খাবারের টোকেন সংগ্রহ না করলে প্রথম মাসের জন্য ২০০ টাকা, দ্বিতীয় মাসের জন্য ৩০০ টাকা এবং তৃতীয় মাস থেকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী টানা তিন মাস ডাইনিংয়ের টোকেন না কাটলে তাঁর হলের আসন বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।এ প্রসঙ্গে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রাধ্যক্ষ মো. আব্দুল ওয়াজেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত এই নীতিমালার কপি আমি পেয়েছি। বর্তমানে হলগুলোতে অনেক শিক্ষার্থী আছে যাদের সিট বরাদ্দ আছে কিন্তু তারা থাকে না কিংবা হলের ডাইনিংয়ে খায় না। আমার মনে হয় আবাসিক হলে প্রকৃত শিক্ষার্থীদের থাকার জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, প্রতি মাসেই হলে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এ নিয়ে একাধিকবার হল প্রাধ্যক্ষকে (প্রভোস্ট) জানানো সত্ত্বেও কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। আগে মাসে খাবারের টোকেন না কাটলে প্রতি মাসের জন্য জরিমানা দিতে হতো ১০০ টাকা। এখন তা অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এ ছাড়া জরিমানার টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে তা জানানো হয় না।এ প্রসঙ্গে শহীদ তারেক হুদা হলের প্রাধ্যক্ষ সজল চন্দ্র বণিক বলেন, ‘এ জরিমানার টাকা হল ডাইনিংয়ের উন্নয়নের কাজে খরচ করা হচ্ছে।’