হস্তরেখাবিদ
তখন সবে কলেজে ভর্তি হয়েছি। ক্লাস শুরুর পর জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছে হলো। কিন্তু কীভাবে বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়া যায়? ভাবতে থাকি। বুদ্ধি আঁটলাম বন্ধুদের হাত দেখে দেওয়ার। যাকে বলে ভাগ্যগণনা। দিন কয়েকের মধ্যেই মোটামুটি ছোটখাটো হস্তরেখাবিদ বনে গেলাম। এলাকার ভুলু কবিরাজের তালিম বৃথা গেল না।
বন্ধুদের জানতে চাওয়ার বিষয়গুলো গৎবাঁধা-প্রেম হবে তো? বিয়ে কোথায়? বউ কেমন হবে? বান্ধবীরা বলত, বর ভালো হবে তো? শাশুড়ি? ইত্যাদি। কেউবা লেখাপড়াটাকে প্রাধান্য দিয়ে হাত দেখাত। তবে আয়ুরেখা নিয়ে সবারই কমবেশি আগ্রহ ছিল। কত বছর বাঁচবে—এটা নিয়ে সবাই বারবার জিজ্ঞেস করত। আয়ুরেখা কম বললে বলত, ভালো করে দ্যাখো।
বন্ধুদের মধ্যে কেউ কেউ হাত দেখাতে নারাজ ছিল। তার মধ্যে অন্যতম ছিল বন্ধু ইয়াসিন। গুণী ছেলে। ভালো ক্রিকেট খেলত। আমরা যখন এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ও তখন হঠাৎ ভারতে গেল চিকিৎসা নিতে। পরে শুনলাম, ক্রিকেট খেলার সময় বলের আঘাতে নাকি ওর হাতের একটি অংশে রক্ত জমাট বেঁধে গেছে। ঠিক হচ্ছে না। তাই বাধ্য হয়েই ভারতে গেছে।
মাস ছয়েক পর, বোর্ড পরীক্ষা শেষে একদিন ইয়াসিনের সঙ্গে দেখা হলো, তার রোগাক্রান্ত হাত দেখিয়ে সুস্থ হওয়ার আশ্বাস দিল। আমি আফসোস করে বললাম, ‘এক বছর পিছিয়ে গেলে!’ জবাবে সে বলল, ‘সমস্যা নেই, সুস্থ হয়ে ভবিষ্যতে পরীক্ষা দেব।’ বন্ধু ইয়াসিনের জীবনে সেই আগামী আর আসেনি।
গাজী আনিস
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা