হস্তান্তরিত বিভাগ পরিচালনার সাংগঠনিক কাঠামো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে এ পর্যন্ত ২৪টি বিভাগ হস্তান্তর করেছে। তবে বিভাগ হস্তান্তর হলেও জনবল বৃদ্ধি পায়নি। এর ফলে বর্তমান সাংগঠনিক কাঠামো ও জনবল দিয়ে হস্তান্তরিত বিভাগ পরিচালনায় হিমশিম খাচ্ছে পার্বত্য জেলা পরিষদ।
পার্বত্য জেলা পরিষদের বর্তমান সাংগঠনিক কাঠামোতে আটজন প্রথম শ্রেণির কর্মকর্তাসহ মোট ৭১টি পদ রয়েছে। তার মধ্যে তিন জন প্রকৌশলী ও ভূমি কর্মকর্তার পদ রয়েছে।
গত ২৬ মে এক চুক্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তিন পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করে। এতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর পরিচালনা, তত্ত্বাবধান, উন্নয়নসহ যাবতীয় বিষয় পার্বত্য জেলা পরিষদের কাছে অর্পণ করা হয়। এই চুক্তির কার্যবিধির ১৪ নম্বর শর্তে বলা হয়েছে, সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের চেয়ারম্যান কর্তৃক মনোনীত সদস্য বা কর্মকর্তারা পরিদর্শন করতে পারবেন।
তবে পরিদর্শনের জন্য মনোনীত কর্মকর্তার পদমর্যাদা কোেনাক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিচে হবে না। এ নিয়মের কারণে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধান ও পরিদর্শন করতে পারবেন কেবল পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রধান নির্বাহী ও নির্বাহী কর্মকর্তা। কিন্তু এত কম জনবল দিয়ে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাধ্যমিক শিক্ষা বিভাগের মতোই প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, সমবায়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা কঠিন হয়ে পড়েছে একই কারণে।
জেলার পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা বলেন, ‘মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হলেও এখনো পরিষদের সঙ্গে আমাদের কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। পরিষদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে সমন্বয় করবে তাও আলোচনা করা হয়নি।
মাধ্যমিক শিক্ষা বিভাগ হস্তান্তরের ফলে বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ –্রক্রিয়া স্থগিত হয়ে আছে।’
এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বর্তমান সাংগঠনিক কাঠামো দিয়ে পরিষদ ও পরিষদের কাছে হস্তান্তর করা সব বিভাগ পরিচালনা করা সম্ভব। কিন্তু পরিষদের বাইরের অনেক কাজ আমাদের করতে হয়। পার্বত্য মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদের সঙ্গে সমন্বয়, যোগাযোগ ও সভা–সেমিনারের কাজে ব্যস্ত থাকতে হয়। এ জন্য আমাদের কাজের ব্যাঘাত ঘটে।’ তিনি জানান, ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পরিষদের সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমানে পার্বত্য জেলা পরিষদ চলছে অন্তর্বর্তীকালীন পরিষদ দিয়ে।
আইন অনুযায়ী এ পরিষদের সদস্যসংখ্যা হবে চেয়ারম্যানসহ পাঁচজন। কিন্তু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্তমান সদস্যসংখ্যা চেয়ারম্যানসহ তিনজন।
পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ সঠিকভাবে তত্ত্বাবধান ও পরিচালনার জন্য পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধিসহ শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা প্রয়োজন।