হস্তান্তরের আগেই বিল পরিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসম্পূর্ণ অবস্থায়  অযত্নে পড়ে আছে ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে মুক্তিযুদ্ধের  স্মৃতিস্তম্ভ  l  প্রথম আলো
অসম্পূর্ণ অবস্থায় অযত্নে পড়ে আছে ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ l প্রথম আলো

ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের সলিয়া ও ছাগলনাইয়ার শুভপুর এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। তবে স্মৃতিস্তম্ভ দুটি বুঝে না পেলেও ঠিকাদার সংস্থাকে টাকা পরিশোধ করেছে গণপূর্ত বিভাগ।
অবশ্য গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের মতে, স্মৃতিস্তম্ভ দুটির নির্মাণকাজ শেষ, কেবল রঙের কাজ বাকি রয়েছে।
জেলা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, সরকার ২০০৫ সালে দেশজুড়ে একাত্তরের সম্মুখযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে ফেনীর দুটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়। ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তসংলগ্ন গ্রাম বাউরখুমা এবং ছাগলনইয়া উপজেলার শুভপুর পুলের পাশে এই স্মৃতিস্তম্ভ দুটি নির্মাণ করা হয়।
ফেনী গণপূর্ত বিভাগ ২০১০ সালে বিলোনিয়া স্মৃতিস্তম্ভের জন্য ৩০ লাখ ২০ হাজার এবং শুভপুর স্মৃতিস্তম্ভের জন্য ৩০ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ দেয়। ২০১১ সালে কার্যাদেশ দেওয়ার পর নির্মাণকাজ শুরু হয়। এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও স্মৃতিস্তম্ভের নকশা চূড়ান্ত না হওয়ায় নির্মাণকাজ শেষ হয় গত বছর। মেসার্স একরামুল হক, আরাধনা এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ কার্যাদেশ পেলেও কাজটি সম্পাদন করে মেসার্স একরামুল হক।
গত বৃহস্পতিবার সরেজমিনে শুভপুর স্মৃতিস্তম্ভ এলাকায় গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভ সম্পূর্ণ অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে। এটি দেখাশোনার কেউ নেই। স্মৃতিস্তম্ভের একটি অংশ আগাছা আর লতাপাতায় ঢেকে গেছে।
স্তম্ভের গায়ে অথবা সামনে মুক্তিযুদ্ধের কোনো কথাই লেখা নেই। গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া আবুল হোসেন নামে এক শিক্ষার্থী এবং করিম উল্যা নামের একজন বয়স্ক লোককে স্মৃতিস্তম্ভ দেখিয়ে জানতে চাওয়া হলে কেউ–ই সঠিক উত্তর দিতে পারেনি। তঁাদের ধারনা, এটি তরুণদের বিনোদনের স্থান। সামনে স্মৃতিফলক না থাকায় অধিকাংশ গ্রামবাসী স্মৃতিস্তম্ভ সম্পর্কে জানে না।
শুভপুর ও চিথলিয়ার সলিয়াতে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও হস্তান্তরে দেরি হওয়ার কারণ জানতে চাইলে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, দরপত্র ও কার্যাদেশ দেওয়ার পর ঢাকা থেকে স্মৃতিস্তম্ভের মূল নকশা পেতে দেরি হয়েছে। তিনি বলেন, কাজ শতভাগ শেষ হয়েছে। বিলও পরিশোধ করা হয়েছে। তবে রঙের কাজটা বাকি রয়েছে। কাজ শেষ হলে ঠিকাদারের কাছ থেকে স্মৃতিস্তম্ভ দুটি বুঝে নেওয়া হবে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স একরামুল হকের ব্যবস্থাপক শম্ভু বৈষ্ণব বলেন, কাজ শেষ, কর্তৃপক্ষ যখন চাইবে, তখনই হস্তান্তর করা হবে।