টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের প্রধান সড়কের নোয়াখালী মাঠপাড়া মসজিদসংলগ্ন সেতুটির মাঝখানে হাঁ হয়ে আছে গর্ত। বিশাল আকারের গর্তের কারণে এখন যানবাহন চলাচলও বন্ধ। সেতুটি এভাবে পড়ে আছে চার মাস। কিন্তু এখনো মেরামতের কোনো উদ্যোগ নেই।জানা যায়, সেতুটি মেরামত না হওয়ায় ‘টেকনাফ-বাহারছড়া-কক্সবাজার’ সমুদ্র উপকূলীয় সড়কটিতে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এখানকার হাজারও মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। স্থানীয় বাসিন্দা আবদুর রহমান ও মো. ইলিয়াছ জানান, স্থানীয় লোকজন সেতুর পাশের জমিতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করে অতি কষ্টে চলাচল করছে। সেতুর কারণে এই এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। নোয়াখালী মাঠপাড়া মসজিদের ইমাম আলী আহাম্মদ বলেন, ‘সেতুটি মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) লিখিতভাবে জানিয়ে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। বর্ষার আগে সেতুটি নির্মাণ না হলে চলাফেরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।’ এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, ‘সেতুটি শিগগির সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হবে।’