হাঁ হয়ে আছে সড়ক
সড়ক নয় যেন রাক্ষুসে হাঙর হাঁ করে আছে। পথ চলতে গিয়ে একটু অসতর্ক হলেই গিলে খাবে পথিককে। পিচ, সুরকি দিয়ে তৈরি পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। এ বেহাল অবস্থা হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ওয়াপদা বাঁধ সড়কের। দীর্ঘদিন ধরে এ সড়কে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সর্তারঘাট থেকে দক্ষিণে হালদা নদীর তীর ঘেঁষে ওয়াপদা সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। ওয়াপদা সড়কের দক্ষিণে গড়দুয়ারা লোহারপুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকার পুরো সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের প্রায় জায়গায় কার্পেটিং উঠে গেছে। এতে পথচারীদের দুর্ভোগের অন্ত নেই। পথ চলতে গিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষার্থীদের শিকার হতে হচ্ছে বিড়ম্বনার। দীর্ঘ পথ হেঁটে উপজেলা সদরে যাতায়াত করে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, চেংখালি স্লুইসগেটসংলগ্ন ওয়াপদা সড়কের ঠিক মাঝখানে দুটি বড় বড় গর্ত। যেকোনো সময় অসতর্ক পথচারী কিংবা গাড়ি এ গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। স্থানীয় বাসিন্দা দীপেন বড়ুয়া বলেন, ‘দীর্ঘ দিন ধরে সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ প্রবাসী মামুনুর রশিদ বলেন, রাস্তাঘাট খারাপ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশার চালক আইয়ুব বলেন, ‘এলাকাবাসীর কষ্ট দেখে ঝুঁকি নিয়েই এ সড়কে গাড়ি চালাচ্ছি।’ তিনি দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানান। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তৃপ্তি চাকমা প্রথম আলোকে জানান, চলতি অর্থবছরে এ সড়কের উন্নয়নের জন্য প্রকল্প পাঠানো হলেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করেনি। আগামী অর্থবছরে এ সড়কের উন্নয়নকাজ করা হবে বলে তিনি জানান।