হাঁটলাম চেঙ্গি উপত্যকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু মেঘ, একটু বাদল। একটু রোদ, একটু হাওয়া। মাঝেমধ্যে নীল আকাশে টুকরো টুকরো সাদা মেঘ, মাঝেমধ্যে ছাইরঙা আকাশ। নদীর দুই পাড়ে কোথাও কাশের কুঁড়ি, কোথাও ফুল। বর্ষা-শরতের মিলনক্ষণটা সেদিন ছিল এমনই। এ রকম এক সকালে শুরু করলাম জার্নি টু চেঙ্গি ভ্যালি। খাগড়াছড়ি শহর থেকে তিনটি মোটরবাইকে আমরা পাঁচজন চললাম চেঙ্গি উপত্যকা বেয়ে উজানের দিকে। দলে আমি ছাড়া অন্য তিনজন আমার চাকমা বন্ধু পবন, শুভাশীষ, মুকুল আর একজন মারমা বন্ধু মং সু প্রু। খাগড়াছড়ির মধ্য দিয়ে বয়ে চলা প্রধান নদী চেঙ্গি। নদীর দুদিকে পাহাড়ের দেয়াল। তবে দুই দেয়ালের মাঝে অনেক সমতল ভূমি। ওটাই চেঙ্গি ভ্যালি বা চেঙ্গি উপত্যকা নামে পরিচিত। খাগড়াছড়ির পানছড়ি থেকে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙা হয়ে রাঙামাটিতে গিয়ে চেঙ্গি নদীর সমাপ্তি। নদীর বাঁকে বাঁকে লালচে বালিজমা বালুচর। এসব দেখতে দেখতে চললাম পানছড়ির দিকে।যেতে যেতে একটা জায়গায় এসে চোখ আটকে গেল। একি বাংলাদেশ! আহ্! কী অপূর্ব দৃশ্য! গ্রামের ওই কুঁড়েঘরগুলো না থাকলে হয়তো নিউজিল্যান্ডের গোচারণভূমি বলেই ভুল হতো। রাস্তার কোলে বিস্তীর্ণ সবুজে সবুজময় ধানখেত, যেন সবুজের গালিচা। তার পরে গাছগাছালি ভরা ছোট্ট গ্রাম, শণের কুঁড়েঘর। গ্রামের পেছনে ধূসর সবুজ উঁচু-নিচু পাহাড়। পাহাড়ের চূড়ায় চূড়ায় মেঘের খেলা। দেখে চোখ জুড়িয়ে যায়। রাস্তার ওপরই একজন গ্রামবাসীকে পেয়ে জেনে নিলাম গাঁয়ের নাম—মন ত্রিপুরা। চাকমা ভাষায় মন মানে পাহাড়। পাহাড়ের কোলে পাড়াটার নামও তাই যথার্থ। পেছনের পাহাড়গুলোকে তাঁরা বলেন হাতি পাহাড় বা হাতিমুড়া। কেননা ওসব পাহাড় থেকে মাঝেমধ্যে বুনো হাতির পাল নামে। পাহাড়গুলো দেয়ালের মতো লম্বা হয়ে ওখান থেকে চেঙ্গির সঙ্গে সঙ্গে দুদুকছড়া পর্যন্ত গেছে। আমরা সেই দুদুকছড়াতেই যাচ্ছি। উপত্যকার গোড়াটাই দেখা হবে।পথে যেতে যেতে একে একে পেরিয়ে যেতে লাগলাম নদীর ধার ধরে গড়ে ওঠা চাকমা, ত্রিপুরা আর মারমা পল্লি। রাস্তার ধারে গড়ে তোলা মারমাদের ধর্মঘর। পথিকের জন্য মারমারা বিশ্রামের ব্যবস্থা করে রেখেছেন, সেখানে আছে কলস ভরা পানীয় জল। চেঙ্গির কাদামাখা ঘোলাটে জল তীব্র স্রোতে বয়ে চলেছে ভাটির দিকে। স্রোতকে উপেক্ষা করেও চলছে জাল ফেলে জেলেদের মাছধরা, কোথাও কোথাও চলছে নৌকা। পথের ধারে ছোট ছোট মুদি দোকান। টিলাময় পথ হলেও বেশ খানিকটা সমতল। এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম পানছড়ি। পানছড়ি গিয়ে অবশ্য শান্তিপুর অরণ্য কুটিরটা দেখতে ভুল করিনি। কেননা, ওখানেই আছে দেশের সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তি। লম্বায় ২৮ হাত। বিহার প্রাঙ্গণে আছে ভিক্ষুদের বসবাসের জন্য নয়টি অরণ্য কুটির।পানছড়ি থেকে এবার আমাদের লক্ষ্য ১২ কিলোমিটার দূরের দুদুকছড়া। চললাম এককালের অশান্তিপুর বলে পরিচিত দুদুকছড়ায়। আঁকাবাঁকা টিলাময় পথ। নদীটাকে বাঁয়ে রেখে পাকা পথ ধরে এগোচ্ছি। ইচ্ছা, যত দূর পথ আছে, তত দূর যাব। তবে সীমান্ত পেরুবো না। দুদুকছড়ার কাছেই এসে পড়েছি। যেতে যেতেই পড়ল একটা সেতু। পূজগাংয়ের ওপরে। কোলেই পূজগাং স্কুল। এর পাশ দিয়ে নদীটা গিয়ে মিশেছে আরেকটা নদীর সঙ্গে। পবন বললেন, ওই নদীটার নাম লোগাং। চাকমা ভাষায় গাং মানে নদী। পূজগাংয়ের জলটা সাদাটে, লোগাংয়ের জলটা লালচে। এ জন্যই ও রকম নাম হয়েছে। এ দুটি নদী মিলেই হয়েছে চেঙ্গির জন্ম। এরপর এ নদী দুটির মিলিত ধারা চেঙ্গি নামে বয়ে চলেছে কর্ণফুলীতে মেশার আগ পর্যন্ত। আর এ নদীর দুই পাশের ভূমির নাম হয়ে গেছে চেঙ্গি উপত্যকা। অবশেষে দুদুকছড়া জিরো পয়েন্টে গিয়ে দেখা হলো সেই লোগাং আর দুদুকছড়া খালের মিলিত ধারাটাও। দুটিরই উৎপত্তি কয়েক কিলোমিটার দূরে ভারতের দক্ষিণ ত্রিপুরায়। দুদুকছড়া নামটা হয়েছে ‘দুদুক’ থেকে, যার অর্থ পাহাড়ের গর্তে জমা জল। তেমনই এক পাহাড়ি গর্তে জমা জল থেকে দুদুকছড়া নেমে এসেছে। দুদুকছড়া গিয়েই থামতে হলো। কেননা এরপর আর পাকা পথ নেই। সীমান্ত চৌকি লোগাং বিওপি। এর খানিকটা দূরেই সীমান্ত, ওপারে ভারতের গঙ্গাছড়া আর রইস্যাবাড়ি। সেখানে যাওয়ার কোনো বন্দর নেই। অতএব চেঙ্গি উপত্যকা যাত্রার ওখানেই ইতি টানতে হলো। তবে ফেরার পথে বৃষ্টির পাল্লায় পড়লাম; তাতে অবশ্য লাভই হলো। তা না হলে হয়তো চেঙ্গির পাড়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোয় অমন মেঘের খেলা দেখতে পেতাম না।