হাঁটাচলা ছাড়া সবই হয় ফুটপাতে
চেয়ার, টেবিল, খাট, আলমারি, সোফাসেট ও ড্রেসিং টেবিল ছড়িয়ে আছে ফুটপাতে। আসবাব তৈরি, বেচাকেনা—সবই হচ্ছে নির্বিঘ্নে, কেবল পথচারীদের হাঁটাচলা ছাড়া। নগরের মোমিন রোডের ফুটপাতের চিত্র এটি। ডিসি পাহাড়সংলগ্ন এই ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা চলাচল করেন রাস্তা দিয়ে। ফলে প্রতিদিন কয়েক দফা যানজটের সৃষ্টি হয় এই রাস্তায়।দীর্ঘদিন ধরে নগরের মোমিন রোডের ফুটপাত দখল করে চলছে পুরোনো আসবাবের বেচাকেনা। ফুলের দোকানের ব্যবসায়ীরা ফুটপাত পর্যন্ত বিস্তৃত করেছেন তাঁদের ব্যবসা। বাঁশ, কাপড়সহ ডেকোরেশনের জিনিসও এই ফুটপাতে স্তূপ করে রাখা হয়। এমনকি দু-একজন মাছ বিক্রেতাও পসরা সাজিয়ে বসেন। মাছ কেটেকুটে বিক্রি করেন ক্রেতাদের কাছে। এ ছাড়া তিন-চারটি চায়ের দোকান আছে এই ফুটপাতে।সরেজমিনে দেখা গেছে, চেরাগী পাহাড় মোড় থেকে নন্দনকানন বৌদ্ধমন্দির সড়কের ডিসি হিলের পাশের ফুটপাতে গড়ে উঠেছে পুরোনো আসবাবের ব্যবসা। ফুটপাত দখল করে সারি করে রাখা হয়েছে আসবাবগুলো। ফুটপাতের চায়ের দোকানগুলোতে কেনাবেচাও মন্দ নয়। সন্ধ্যা হতে না-হতেই প্রতিদিন চলে মাছের কেনাবেচা।পুরোনো আসবাব বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর খানেক হয়েছে তাঁরা ফুটপাতের ওপর আসবাবের ব্যবসা শুরু করেছেন। এই জায়গায় পুরোনো আসবাবের ব্যবসায়ী আছেন তিনজন। ফুটপাত দখল করে কেন বেচাকেনা করছেন—জানতে চাইলে বিক্রেতা আমির বলেন, ‘আসবাবগুলো গুদামে রাখলে মানুষের চোখে পড়ে না। তাই ফুটপাতের ওপরই ছড়িয়ে রাখা হয়েছে ক্রেতা আকর্ষণের জন্য।’ ডিসি হিলের পাদদেশে চায়ের দোকানের বিক্রেতা মোহাম্মদ সুমন জানান, তিন-চার বছর ধরে তিনি ফুটপাতের ওপর চা বিক্রি করছেন। কেউ কোনো দিন কিছু বলেনি, উঠিয়েও দেয়নি। শুধু সুমনই নন, তাঁর মতো আরও পাঁচজন লোক ফুটপাতের ওপর চায়ের দোকান খুলে বসেছেন কোনোরকম বাধা ছাড়াই।দেখা গেছে, নগরের চেরাগী পাহাড় মোড় থেকে নন্দনকানন পর্যন্ত ফুলের পাইকারি বাজার। এই বাজারকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত সড়কের ওপরেই চলে ফুল ওঠানো-নামানোর কাজ। ফুল ওঠানো-নামানোর কাজে ব্যবহূত ভ্যানগাড়িগুলো সড়কের একপাশেই রাখা হয়। এ ছাড়া প্রতিদিন সড়কের ওপর দাঁড় করিয়ে কমপক্ষে আট থেকে নয়টি বিয়ের গাড়ি সাজানো হয়। ফলে সড়ক হয়ে পড়ে অপ্রশস্ত। একদিকে ফুটপাত দখল করে নানা ব্যবসার পসরা, অন্যদিকে অপ্রশস্ত সড়কের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ফলে সকাল থেকে রাত পর্যন্ত নাকাল হতে হয় ওই পথের পথচারীসহ এলাকাবাসীকে। ডিসি হিলে প্রতিদিন দুবেলা শত শত নারী-পুরুষ আসেন হাঁটতে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় ডিসি হিলে আসা-যাওয়া অনেক সময় খুব কষ্টকর হয়ে দাঁড়ায়; পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।চেরাগী মোড়ের বাসিন্দা বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুশফিক হোসাইন সকাল-বিকেল প্রতিদিন হাঁটতে আসেন ডিসি হিলে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘দিন দিন এই ফুটপাত হাঁটার অযোগ্য হয়ে উঠছে। বছর খানেক আগেও এমন পরিস্থিতি দেখা যায়নি।’ প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে ফুটপাত দখল চলছে বলে তাঁর অভিযোগ।এ বিষয়ে প্রশ্ন করা হলে সাহাবুদ্দিন ডেকোরেটার্সের মালিক মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাঁশ রাখা হয় ডিসি হিলে। আর মালামাল ওঠানো-নামানো করা হয় রাতে। এতে কারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাই ফুটপাতে চলাচলকারীদের সমস্যা হওয়ার কথা নয়।’গত রোববার সন্ধ্যায় সড়কের ওপরই বিয়ের গাড়ি সাজাচ্ছিলেন হেভেনস ফ্লাওয়ার হাউসের ফুল বিক্রেতা রুবেল।এ ছাড়া দোকানগুলোর সামনে ফুটপাতেই ফুলের স্তূপ। চলছে বিকিকিনি। রুবেল বলেন, ‘কী করব, পেটের দায়ে রাস্তার ওপর হলেও রুটি-রোজগার করতে হচ্ছে।’চট্টগ্রাম ফুল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাছের গনি চৌধুরী বলেন, ‘এখানে ফুটপাতের ওপরেই সিটি করপোরেশনের তিনটি ডাস্টবিন রয়েছে। ফলে ফুটপাত সংকীর্ণ হয়ে পড়েছে।’এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, ফুটপাত উচ্ছেদের দায়িত্ব সিটি করপোরেশন এবং পুলিশ বিভাগের। তবে উচ্ছেদের আগে মানবিক দিকটিও ভাবতে হয়।সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে শিগগির ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে।’