স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান বলেছেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। আগামী বছর থেকে ঢাকায় হাঁটুপানি থাকবে না। (সূত্র: প্রথম আলো, ১২ নভেম্বর ২০১৭) তাহলে ঢাকায় কী থাকবে আগামী বছর? ভেবেছেন এইচ এম ফজলে রাব্বী ও সোহাইল রহমান
* হাঁটুপানি না থাকার কারণে মৌসুমি মাঝি কিংবা গামবুট বিক্রেতারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এতে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়তে পারে!
* দেশের ভবিষ্যৎ প্রজন্ম সংগ্রামী অভিজ্ঞতার মুখোমুখি হবে না। তাই ভবিষ্যতে একটি দুর্বল জাতি হিসেবে বিশ্বসমাজে পরিচিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থেকে যাবে।
* আগামী বছর থেকে শুধু ঢাকায় নয়, হাঁটুপানি থাকবে সারা দেশে। কারণ, উন্নয়নকে শুধু ঢাকায় আটকে না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়াই সরকারের লক্ষ্য। এর ফলে ঢাকার মতো দেশের অন্যান্য এলাকাতেও মাছের চাষ করা যাবে। স্বাবলম্বী হবে সারা দেশের বেকার সমাজ। কাজ পাবেন মাঝিরাও।
* আমরা জানি, পানির অপর নাম জীবন। এটা মানুষের জন্য যতটা সত্যি, তার চেয়ে বেশি সত্যি মাছেদের জন্য। তারা পানি ছাড়া বাঁচতে পারে না। প্রতিবছরের মতো সামনের বছর ঢাকার রাস্তায় পানি না থাকলে মারা যাবে অসংখ্য মাছ, যা আমাদের দেশে মৎস্য সংকট সৃষ্টি করতে পারে। এ ছাড়া প্রতিবছর যাঁরা ঢাকার রাস্তা থেকে মাছ ধরে বিক্রি করে সংসার চালান, তাঁদের উপার্জনও বন্ধ হয়ে যাবে।
* রাস্তার হাঁটুপানি শুধু রাস্তায় সীমাবদ্ধ না রেখে ঘরবাড়িতেও ছড়িয়ে দেওয়া হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই রাস্তায় আর হাঁটুপানি থাকবে না। তখন গোড়ালি পর্যন্ত পানি থাকবে সারা ঢাকাতেই।
* গত কয়েক বছরে ঢাকার রাস্তায় হাঁটুপানি ছিল। ফলে মানুষ মনের আনন্দে জলকেলি করতে পেরেছে। কিন্তু সামনের বছর থেকে যদি আর হাঁটুপানি না থাকে, তাহলে ঢাকা আবার পরিণত হবে শুষ্ক-যান্ত্রিক শহরে। ছোট শিশুরা জলকেলি নামক বিনোদন থেকে বঞ্চিত হবে।
* ঢাকার রাস্তায় হাঁটুপানি থাকবে না, এটা সত্যি হওয়ার একটা উপায় আছে। সেটা হলো ঢাকায় রাস্তা না রাখা। সব রাস্তা ভেঙে যদি পুকুর বা খাল কেটে দেওয়া হয়, তাহলে কেউ তখন বলতে পারবে না যে ঢাকার রাস্তায় পানি জমে। কারণ, পুকুরে বা খালে পানি না জমলে কোথায় জমবে?
* রাস্তায় হাঁটুপানি থাকবে না। তাহলে ধরে নেওয়া যায় কোমরপানি, বুকপানি কিংবা গলাপানি থাকতেই পারে। সে ক্ষেত্রে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ‘প্রাথমিক সাঁতার শিক্ষা’ বিষয়টি আবশ্যিক করা যেতে পারে।