হাঁসের ছানার সামর্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুটি জিনিসের মধ্যে রং ও আকারের পার্থক্য বুঝতে পারে হাঁসের ছানা। এই ক্ষমতা বা সামর্থ্য কেবল গরিলাসদৃশ প্রাণী এবং কাক ও তোতাপাখিরই আছে—এত দিন পর্যন্ত বিজ্ঞানীরা তা-ই জানতেন। হাঁসের ছানার এমন সামর্থ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের সায়েন্স সাময়িকীতে একটি গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলেন, বস্তুর রং ও আকারের পার্থক্য চিনতে পারলে মনের মধ্যে একধরনের ছাপ তৈরি হয়। শেখার ক্ষেত্রে এটির গুরুত্ব বা কার্যকারিতা অনেক। হাঁসের বাচ্চারা এ প্রক্রিয়ায় নিজের মায়ের পাশাপাশি অন্যদের চিনতে শেখে।
এ গবেষণায় নেতৃত্ব দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক অ্যালেক্স ক্যাসেলনিক। তিনি বলেন, মনের মধ্যে ছাপ তৈরির প্রক্রিয়াকে আদিম বৈশিষ্ট্য মনে হলেও এটি আসলে জটিল ধরনের দক্ষতা। পাখিরা ডিম থেকে ফুটে বের হওয়ার পরপরই এটা অর্জন করে। হাঁসের ছানা জন্মের পরপরই জোড়ায় জোড়ায় জিনিস দেখে সেগুলোর পার্থক্য নিরূপণ করতে শুরু করে। এ ক্ষেত্রে তারা বস্তুর রং ও আকারের পার্থক্যগুলো খেয়াল করে। হাঁটাচলা শুরু করার সময় এ দক্ষতা তাদের অনেক কাজে লাগে।
গবেষকেরা বলছেন, তাঁদের জানামতে, এই প্রথম মানুষ বাদে অন্য কোনো প্রাণীর এ রকম বিমূর্ত দক্ষতার প্রমাণ দেওয়া হলো। এটা কোনো ধরনের বাড়তি প্রশিক্ষণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে অর্জিত হয়। হাঁসের ছানারা মায়ের সুরক্ষার মধ্যে যখন বড় হতে থাকে, তখন সেই মাকে চিনতে ভুল করলে বড় ধরনের বিপদে পড়তে পারে। হয়তো সে কারণেই পাখির মস্তিষ্কে রং ও আকৃতি চেনার বিশেষ উপাদান সক্রিয় থাকে।