হাই হিল পরতে বাধ্য করা মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার ব্রিটিশ-কলাম্বিয়া প্রদেশের কয়েকটি প্রতিষ্ঠান সেখানকার নারী কর্মীদের উঁচু গোড়ালির (হাই হিল) জুতা পরতে বাধ্য করতে পারত। এবার সেই দিন ফুরিয়েছে। ব্রিটিশ-কলাম্বিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, এমন নিয়ম আর চলবে না।
লিবারেল পার্টির রাজনীতিক ক্রিস্টি ক্লার্ক বলেন, এই প্রদেশের কোথাও কোথাও নারীরা কর্মক্ষেত্রে হাই হিল পরতে বাধ্য হন। ব্রিটিশ-কলাম্বিয়ার বেশির ভাগ নাগরিকের মতো সরকারও ব্যাপারটাকে ঠিক মনে করে না। এ ধরনের ব্যবস্থা বিপজ্জনক ও বৈষম্যমূলক।
ক্লার্ক এ বিষয়ে শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। এটির ভাষ্য, হাই হিল ব্যবহার করলে পড়ে গিয়ে শারীরিকভাবে আহত হওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া দীর্ঘদিন এ রকম জুতা পরলে পায়ের পাতা, পা, পিঠেরও ক্ষতি হতে পারে।
প্রাদেশিক শ্রমমন্ত্রী শার্লি বন্ডও ওই বিবৃতিতে সই করেছেন। তিনি বলেন, কাউকে জোর করে হাই হিল পরানোর মতো আচরণ আর বরদাশত করা হবে না। চাকরিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো যেন এই স্পষ্ট সংকেতটা বুঝতে পারে।
কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে, তা নিয়ে ব্রিটিশ-কলাম্বিয়ার আইন পরিষদে গ্রিন পার্টি একটি বিল উত্থাপন করে। ক্লার্ক সেটি অনুমোদন করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের জুতার ধরন অভিন্ন হবে।
মাসখানেক আগে অন্টারিও প্রদেশের একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেখানকার নারী কর্মীদের হাই হিল ও সংক্ষিপ্ত পোশাক ব্যবহারের নিয়ম বাতিল করেছে।