হাইহিল বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে সাধারণত পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার মেয়ে মানে লম্বা। আমার ক্ষেত্রে হয়েছেটা কী, আমি রীতিমতো সাড়ে সাত পেরিয়ে আট ছুঁই ছুঁই। কী জ্বালা! যার সঙ্গেই মাপ দিতে যাই, সব মেয়েই আমার চেয়ে কিছুটা হলেও খাটো হয়। গ্রামে অনেক দিন পরপর যাওয়া হয়, তাই আমাকে দেখলেই সবার চোখ ছানাবড়া হয়ে যায়। লোকজন বলাবলি করে, আমি নাকি উচ্চতায় আমার মাকে ছাড়িয়ে বাবাকেও ছাড়িয়ে যেতে উঠেপড়ে লেগেছি। যাকগে ওসব কথা। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা রীতিমতো চোখে পড়ে সেটা হলো, জুতো সমস্যা। আমার উচ্চতার সঙ্গে আমার পা-ও অনেক বড়। দেখা যায়, আমি আমার পছন্দের জুতোগুলো প্রায়ই আমার পায়ের মাপে পাই না। সবচেয়ে অপছন্দের জুতোটাই আমার পায়ের মাপে মিলে যায় এবং ওটাই নিতে হয়, এই হতভাগীর। আর হাইহিলগুলোর দিকে তাকিয়ে আমার শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকে না। এমনিতে সবাই ‘তালগাছ’ হিসেবে দেখে, আবার হাইহিল। নৈব চ নৈব চ। হাইহিল পরতে না পারার দুঃখে মাঝেমধ্যে মনে হয় জীবনটাই বৃথা! সেবারের ঘটনাটা বলি। আমার হবু বর বিয়ের কেনাকাটার করতে গেছে। জুতোর দোকানে গিয়ে সে আমাকে ফোন করে। আমি তো লজ্জায় লাল। আমার পা যে এত বড়, সেটা কীভাবে ওকে বলি। বুদ্ধি করে ওকে বললাম দোকানে সবচেয়ে বড় যে জুতোটা, সেটাই আমার পায়ের মাপ। সে রীতিমতো রেগে গিয়ে বলল, তুমি একটা স্কেল নিয়ে তারপর মাপটা বলো। আমার জানা ছিল না যে স্কেল দিয়ে পায়ের মাপ দেওয়া যায়। আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে মাপটা বলব। আমি কোনোমতে বুঝেশুনে একটা মাপ বললাম। যা হোক, একদিন পর গায়েহলুদ। গায়েহলুদের সওদাপাতির সঙ্গে আমার জুতো জোড়া এল। পায়ে দিতেই সর্বনাশ!অর্ধেক পা জুতোর বাইরে। আমার ছোট জুতোর খবর অচিরেই হবু বরের কানেও পৌঁছাল। বিয়ের জুতো এল। সেখানেও বিপত্তি। রীতিমতো গোড়ালি ঝুলন্ত অবস্থায় আছে। অবশেষে আমার নিজের জুতোরই জয় হলো, কারণ আমার নিজস্ব জুতো পরেই আমার শ্বশুরবাড়ি যেতে হয়েছিল। ওলীজ্যাতুল মাওলা ইডেন কলেজ, ঢাকা।