হাউ টু ট্রেইন ইয়োর ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর বিপাকে পড়েছে বিএনপি। পদবঞ্চিতদের বিক্ষোভ চলছেই। অথচ আগে থেকেই যদি প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে হয়তো এমন নাকাল হতে হতো না বিএনপিকে। কী করে ছাত্রদলকে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেত, সেটাই ভেবে দেখেছি আমরা।

আঁকা: মেহেদী হক
আঁকা: মেহেদী হক

শান্তিতে নোবেল
মাঝেমধ্যে ছাত্রদলের কর্মীদের সহনশীলতার পরীক্ষা নেওয়া যেত। এই পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়া যেত শান্তিতে নোবেল (অবশ্যই এক শ ভাগ দেশি এবং বিএনপি কর্তৃক প্রদত্ত)। শান্তিতে নোবেল পাওয়ার পর কেউ আর কোনো দিন হাঙ্গামা করেছে—এমন রেকর্ড খুঁজে পাওয়া মুশকিল। পদ না পেয়েও তুমি যে সহনশীলতার পরিচয় দিয়েছ, এর জন্য আমরা তোমাকে শান্তিতে নোবেল প্রাইজ দিয়ে দিলাম!

আঁকা: শিখা
আঁকা: শিখা

বাংলা ব্যাকরণের পদ
পদ পাঁচ প্রকার—বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এই বিষয়টা ছাত্রদলের নেতা–কর্মীদের মাথায় ঢুকিয়ে দিতে হতো শুরু থেকেই। নতুন কমিটি গঠনের সময় ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ পদগুলোও বণ্টন করা যেত অনায়াসে। ফলে কেউই আর পদ নিয়ে অত মাথা ঘামাত না। পদ পেলেই তারা খুশি থাকত; সেটা ব্যাকরণের পদ নাকি ছাত্রদল কমিটির পদ—সেটা মুখ্য নয়।

খেলাধুলার প্রতিযোগিতা
সবচেয়ে বেশি লোকবলসমৃদ্ধ মিছিল, মাইক–ফাটানো বক্তৃতা, রক্ত গরম করার মতো বক্তৃতা রচনা থেকে শুরু করে বিস্কুট দৌড়ের আদলে মুরগিপদ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা যেত গোড়া থেকেই। এর ফলে ছাত্রদলের কর্মীদের মধ্যে খেলোয়াড়সুলভ মনমানসিকতা গড়ে উঠত সহজেই। আবার এসব প্রতিযোগিতায় সেরারাই পেত কমিটির গুরুত্বপূর্ণ সব পদ।

আঁকা: শিখা
আঁকা: শিখা

তরকারির পদ
ছাত্রদলে নাম লেখানোর পরপরই খাদ্যসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ রাখা যেত। এই প্রশিক্ষণে কর্মীদের বিভিন্ন পদের ভর্তা খেতে দেওয়া হতো। ভর্তাগুলো খেতে হতো খুব ঝাল, খুব টক, অতিরিক্ত লবণসমৃদ্ধ কিংবা প্রায় বিস্বাদ। এই নানা পদের ভর্তা যারা হাসিমুখে খেয়ে ফেলতে পারত, তাদের জন্য থাকত বিশেষ নম্বরের ব্যবস্থা। নির্দিষ্ট সময়ের পর ওই নম্বরের যোগফলের ভিত্তিতে দেওয়া হতো কমিটির পদ।

নকল পা
কমিটিতে পদের সংখ্যা বাড়ানোই হতো বুদ্ধিমানের কাজ। সেটা হয়তো বেশ দুঃসাধ্য। তাই পদপ্রার্থীদের আগেই বিদেশ থেকে আমদানি করা নকল পা উপহার দেওয়া যেত। মারাত্মক বিদ্রোহের আশঙ্কা থাকলে সোনায় মোড়ানো নকল পা বা পদ হতে পারত ভালো টোটকা। শুরু থেকে এমন ‘পদ’ পাওয়ার অভ্যাস হয়ে গেলে পরে অন্য কোনো পদ পাওয়া নিয়ে ছাত্রদল আর গ্যাঞ্জাম করত না।