হাওয়াই থেকে আলোহা!

ঢাকায় কোনো দর্জির দোকানে গিয়ে বললেও দর্জি ঠিকই বুঝবেন আপনার কথা। অনেক ক্ষেত্রে ‘হাফ হাতা’ শার্ট বানাতে গেলে খোদ দর্জিই আপনাকে জিজ্ঞেস করবেন‘হাওয়াই কাট’? এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত প্রশান্ত মহাসাগরের দুই পারেই জনপ্রিয় ‘হাওয়াই শার্ট’। কিন্তু খোদ হাওয়াইতে এখন আর একে কেউই হাওয়াই শার্ট বলেন না, বলেন—আলোহা শার্ট।
হাওয়াই বা আলোহা শার্টের ইতিহাস দ্বীপপুঞ্জটির সমকালীন ইতিহাসের সমান্তরালে এগিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অবকাশকেন্দ্র হিসেবে হাওয়াইয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। এ সময় দ্রুতগতির বিমানের প্রসারের কারণে হাওয়াইয়ে পর্যটকের সংখ্যা বাড়ে। পাশাপাশি দ্বীপপুঞ্জটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে সেখানে নানা সুযোগ-সুবিধা বাড়ায় যুক্তরাষ্ট্র। ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হয়ে যায়।

হাওয়াই ভাষায় আলোহা শব্দটির নানা ধরনের ব্যবহার আছে। সাধারণভাবে আলোহা বলতে শান্তি, ক্ষমা, সহমর্মিতা ও ভালোবাসা বা দরদ বোঝায়। তবে হাওয়াই ভাষার আদি উৎস পলিনেশীয় ভাষা গোষ্ঠীর আলোহা শব্দের কাছাকাছি আরও অনেক অর্থ প্রচলিত। বিশ শতকের শুরু থেকেই অনেকটা যা কিছু হাওয়াইয়ের নিজস্ব সংস্কৃতি, সেসবের সঙ্গে আলোহা শব্দটি জুড়ে দেওয়া হতে থাকে। হাওয়াইয়ের বর্তমান রাজধানী হনুলুলু বন্দরে ১৯২৬ সালে নির্মিত হয় ‘আলোহা টাওয়ার’। দীর্ঘদিন ধরে এটা হাওয়াইয়ের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। ধীরে ধীরে হাওয়াইয়ে ব্যবসা-বাণিজ্যের নানা প্রতিষ্ঠানের নামের সঙ্গেও যুক্ত হতে থাকে আলোহা শব্দটি। এভাবেই একদিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পর হাওয়াইয়ের ডাক নাম হয়ে যায় ‘আলোহা স্টেট’।
এখন তো হাওয়াই সংস্কৃতির ইংরেজি সংস্করণে ‘আলোহা’ শব্দটি শুভেচ্ছা সম্ভাষণ হিসেবে সাধারণভাবে ‘হ্যালো’ বা ‘গুডবাই’ এর প্রতিশব্দ হয়ে উঠেছে। তবে আধুনিক হাওয়াই ভাষায় শুভ সকাল বোঝাতে ‘আলোহা কাকাহিয়াকা’, শুভ বিকেল বোঝাতে ‘আলোহা আনিয়লা’ এবং শুভ সন্ধ্যা বোঝাতে ‘আলোহা আহিআহি’ বলে সম্ভাষণ জানিয়ে থাকেন স্থানীয়রা। অনেককে একসঙ্গে ‘স্বাগতম’ কিংবা ‘বিদায়’ জানাতে ‘আলোহা কাকোও’ বলা হয়ে থাকে।
আসলে হাওয়াই সংস্কৃতির উত্তরাধিকার ধরে রাখতে নিজেদের আধুনিক পরিচয়ের সঙ্গে আলোহা শব্দটিকে জড়িয়ে নিয়েছিলেন দ্বীপপুঞ্জটির বাসিন্দারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতি হিসেবে আত্মপরিচয় পুনর্গঠনে হাওয়াইয়ে যেসব উদ্যোগ নেওয়া হয়, তার মধ্যে অন্যতম আলোহা উৎসব। প্রথমদিকে হনুলুলুর স্থানীয় বণিক সম্প্রদায়ের উদ্যোগে শুরু হলেও ধীরে ধীরে হাওয়াইয়ের সব দ্বীপেই চালু হয়ে যায় এই উৎসব। আলোহা উৎসবের বর্ণিল সাজ-পোশাক, এতিহ্যবাহী নাচ-গান স্থানীয়দের উজ্জীবিত করার পাশাপাশি পর্যটক আকর্ষণে দারুণ ভূমিকা রাখে। ক্রমেই অবকাশকেন্দ্র হিসেবে গড়ে উঠতে থাকা হাওয়াইয়ে বছরজুড়েই চেষ্টা চলে উৎসবমুখর পরিবেশের ছোঁয়াটুকু ধরে রাখার।
হাওয়াইতে যাবেন, হনুলুলুতে ঘুরে বেড়াবেন, ওয়াইকিকির বেলাভূমিতে রোদ পোহাবেন, কিন্তু পরনে একটা ‘হাওয়াই শার্ট’ থাকবে না! তাই কি হয়? বহুদিন ধরেই ছেলেদের শার্টের পাশাপাশি মেয়েদের ‘হাওয়াই’ প্যাটার্নের স্কার্ট আর জামাও খুবই জনপ্রিয় হাওয়াইয়ে। তবে কথা হলো, এগুলো হাওয়াই নয় আলোহা। হাওয়াইয়ের বণিকদের ইতিহাস মতে, উনিশ শতকের শুরুতেই এক জাপানি বংশোদ্ভূত বণিক প্রথম এমন রং-বেরঙের ফুল লতা-পাতার ছাপা আলোহা শার্ট বানান। তবে হনুলুলু অ্যাডভার্টাইজারের রেকর্ড অনুযায়ী, ১৯৩৫ সালের জুন মাসে আলোহা শার্টের প্রথম বিজ্ঞাপন ছাপা হয়। পর্যটক, সার্ফার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায় এই শার্ট। বছর ঘুরতে না ঘুরতেই হাওয়াই এমনকি যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডের ব্যবসায়ীরাও এই প্যাটার্নের শার্ট বানিয়ে বাজারে ছাড়তে শুরু করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যরা হাওয়াই হয়ে দেশে ফিরতে থাকেন। তাঁদের হাত ধরে মেইনল্যান্ডে জনপ্রিয়তা পেতে শুরু করে আলোহা শার্ট। এর ফলে হাওয়াই ও হাওয়াইয়ের বাইরেও এই শার্টের চাহিদা বাড়ে। চল্লিশের দশকের শেষ দিকে আলফ্রেড শাহীন নামের এক ডিজাইনার দামি কাপড়ে উন্নত সেলাইসহ নানা আধুনিক প্যাটার্নে এই শার্টের মানোন্নয়ন করেন। ১৯৫৬ সালে হনুলুলুতে এই শার্টের ব্যবসা খুলে বসে মার্কিন ব্র্যান্ড টোরি রিচার্ড।
১৯৬১ সালে ব্লু হাওয়াই চলচ্চিত্রে অভিনয় করেন এবং গান করেন বিখ্যাত রকস্টার এলভিস প্রিসলি। ব্লু হাওয়াই নামে তাঁর অ্যালবামের গানই তিনি গেয়েছিলেন এই চলচ্চিত্রে। সিনেমায় এলভিস প্রিসলিকে একটা লাল রঙের আলোহা শার্ট হাতে ইউকেলেলে বাজাতে দেখা যায়। এ সময় প্রিসলির সহ-অভিনেত্রী এঙ্গেলা ল্যান্সবারির পরনে ছিল একটা হাওয়াইন ব্লু ফুলস্লিভ ফ্রক। দুজনের গলাতেই ছিল হাওয়াইয়ের বিখ্যাত হিবিসকাসের মালা। ১৯৬৮ থেকে ১৯৮০২ সাল পর্যন্ত চলে মার্কিন টেলিভিশন সিরিজ ‘হাওয়াই ফাইভ-ও’। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পুনঃপ্রচারিত সিরিজটির কথা আমাদের অনেকেরই হয়তো মনে পড়বে। এই সিরিজেও নানাভাবে ঘুরেফিরে এসেছে হালের হাওয়াইয়ে মার্কিন সংস্কৃতি ও আলোহা উৎসব, আলোহার নানা আচারের কথা। এভাবেই দুনিয়াজুড়ে ছড়িয়ে পরিচিতি পেয়েছে হাওয়াই তথা আলোহা শার্ট।