
অ্যাসিডে মুখ ঝলসে যাওয়ার পর আসমা ভেবেছিলেন জীবন বোধ হয় এখানেই থেমে যাবে। আর এগোবে না। পড়াশোনাও শেষ। অ্যাসিডে দগ্ধ মুখ আড়াল করে চলতে হবে বাকিটা জীবন। পরনির্ভরশীল হয়েই বাঁচতে হবে। তবে এর কোনোটাই এখন আর আসমার জীবনে সত্য নয়। তাঁর ‘বর্তমান’ উজ্জ্বল, সুখ আর সম্মানে ভরা। আসমার অ্যাসিডে দগ্ধ মুখ এখন অনেকটাই স্বাভাবিক। পড়াশোনাও থেমে ছিল না। সংসার হয়েছে। সন্তান আছে। কর্মজীবনেও সফল।
আসমা আক্তার। বাড়ি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামে। আসমা এখন চাকরি করেন অষ্টগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরে। পরিবারকল্যাণ সহকারী পদে চাকরি হয় ২০১২ সালে। নিজের কাজের মাধ্যমে আসমা ডালারকান্দি, শিবলা, শরীফপুর গ্রামবাসীর কাছে সুপরিচিত, সবার আপনজন।
প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে জন্মনিয়ন্ত্রণের উপকরণ নিয়ে ঘর থেকে বের হয়ে পড়েন আসমা। বর্ষায় নৌকায় আর গ্রীষ্মে হেঁটে হেঁটে নারী-পুরুষদের সচেতন করে বাড়ি ফেরেন সন্ধ্যায়। স্থানীয় লোকজন তাঁকে ‘ডাক্তর (ডাক্তার) আপা’ বলেই ডাকেন। ‘ভাবিনি অ্যাসিডদগ্ধ নারীদের তালিকায় আমারও নাম থাকবে। আবার এটিও ভাবিনি স্বাভাবিক জীবন ফিরে পাব। গ্রামের সব বয়সের মানুষ যখন ডাক্তর আপা ডাকে তখন আনন্দে চোখে পানি এসে যায়।’ বলেন আসমা আক্তার।
১৯৯৯ সালের আগস্ট মাসের ১৭ তম দিনটির কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন আসমা। প্রথমে প্রেমের, পরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেদিন প্রতিবেশী আসাদুল্লাহ মিয়া নামে এক বখাটের ছুড়ে মারা অ্যাসিডে আসমার মুখ ঝলসে যায়। তখন আসমা স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। দীর্ঘ চিকিৎসায় ধীরে ধীরে মুখের কিছুটা স্বাভাবিকতা ফিরে পান তিনি। আসমার আকস্মিক এই ধূসর জীবনে বন্ধু হয়ে পাশে দাঁড়ায় ‘অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল (বর্তমানে প্রথম আলো ট্রাস্ট)’। তহবিলের অর্থে চিকিৎসা ও পড়াশোনা চলে সমানভাবে। এদিকে আসাদুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়।
২০০৫ সালে চাচাতো ভাই জয়নাল আবেদীনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। আসমা-জয়নাল দম্পতির তিন সন্তান। মেয়ে জান্নাতুল ফেরদৌস স্থানীয় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। আরেক মেয়ে লামিয়ার বয়স চার বছর। ছেলে সিয়াম কিছুদিন আগে এক বছর পূর্ণ করেছে।
ভারী কণ্ঠে আসমা বলেন, ‘সেই দিন প্রথম আলো পাশে না থাকলে আজ হয়তো এমন জীবনের দেখা পেতাম না। নিয়মিত বৃত্তি পেতাম বলে মনে বল পেয়েছিলাম। এই বল পাওয়ার কারণেই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। আর পড়াশোনা করতে পেরেছি বলে আজ চাকরি পেয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে পেরেছি। আইনি সফলতাও এসেছে।’
আসমা বলেন, ‘আমি ভালো আছি। সুখে আছি।’