হাওরে সন্ধ্যা
হেমন্তের একটা মায়াবি বিকেল হাকালুকি হাওরেই কাটাব বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু কীভাবে! এত বড় হাওর, বর্ষায় তো রীতিমতো সাগর। কূলকিনারা খুঁজে পাওয়া যায় না। যদিও কার্তিক-অগ্রহায়ণে পানি অনেক কম থাকে, তবু কোন দিকটায় হাওরের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যাবে, সেটাই মূলত ভাবার বিষয়। সেই সমস্যার একটা জুতসই সমাধান বের করল দিগন্ত সৌরভ। ওর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সেই সুবাদে খুব সহজেই সহজ পথটা খুঁজে বের করা সম্ভব হলো।প্রথমে অটোরিকশা নিয়ে চলে গেলাম কানুনগো বাজার। সেখান থেকে আবার অটোরিকশা নিয়ে কুলাউড়া বাজার। বাজার মানে কয়েকটা দোকানপাট। সব মিলিয়ে বড়লেখা থেকে দূরত্ব ২০ কিলোমিটারের মতো। বাজার থেকে আমরা হাঁটতে শুরু করলাম। কিছুদূর যেতেই চোখের সামনে ভেসে উঠল হাকালুকির বিশাল ধু ধু প্রান্তর। হাওরের পানি নেমে যাচ্ছে দ্রুত। এখন হাওরে শুধু মাছ ধরার হিড়িক। সৌরভকে জিজ্ঞেস করি, কোন দিকের পথটা সহজ। মানে তাড়াতাড়ি নৌকা নিয়ে ভাসা যাবে। সৌরভ ভেবেচিন্তে বলল, ডান দিকে।আমরা একটা বাড়ির কিনারা ঘেঁষে বিলের পথে নেমে গেলাম। খাঁড়ির মুখে কয়েকটা নৌকা ভেড়ানো। একটা নৌকার খোল ভর্তি ছোট মাছ। একেবারে টাটকা। কিছুক্ষণ আগেই ধরা হয়েছে বিল থেকে। এ মাছ যাবে কানুনগো বাজার। বিলের তরতাজা মাছ দেখে আমরা চোখের তৃপ্তি মেটালাম, ছবিও তুললাম। ওদিকে সূর্যদেব হেলে পড়েছে পশ্চিমে। হেমন্তের বিকেল বলে কথা। হাতে মোটেও সময় নেই।‘আমরা একটু হাওরে যাব, কেউ কি যাবেন আমাদের নিয়ে?’কথাটি শূন্যে ছুড়ে দিলাম। দুজন মাঝি সম্মত হলেন। সিদ্ধান্ত হলো, সন্ধ্যা পর্যন্ত আমরা হাওরে থাকব। কয়েক মিনিটের মধ্যেই আমাদের নৌকা ভাসল হাওরের বুকে। তিরতির করে এগিয়ে যাচ্ছে নৌকা। ততক্ষণে আমাদের ক্যামেরা সরব হয়ে উঠেছে।একজন রাখাল নৌকায় বসে হাঁটুপানিতে মহিষের পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। দৃশ্যটি বেশ মনে ধরল। এত কম পানিতেও হাকালুকি যেন একটা বিশাল নদী। বর্ষায় তো সাগর হবেই। নৌকার মাঝি কাশেম বললেন, ‘স্যার, আপনারা আরেকটু আগে এলে আরও ভালোভাবে দেখতে পারতেন।’ তাঁকে বুঝিয়ে বললাম, আমরা কেবল বিকেলের সৌন্দর্যটা উপভোগ করতে এসেছি। তখন আমাদের চোখ দূরের শরবনের দিকে। অনেক দূরে হাওরের ভেতর তিনটি নিঃসঙ্গ হিজল দাঁড়িয়ে আছে। বিল-হাওরে ওরাই রাজা। অথই পানিতে দিব্যি কাটিয়ে দিতে পারে মাসের পর মাস। যেতে যেতে বুঝলাম, হাওরের মূল জমিন সমতল নয়। ভেতরে অনেক উঁচু-নিচু জায়গা আছে, খাল আছে, আবার নদীও আছে। পানি কমে যাওয়ায় আমরা একটা খাল ধরে এগোচ্ছি। আঁকাবাঁকা এই খালটাই রূপসী বাংলার শাশ্বত রূপ নিয়ে বসে আছে। খালের শেষ প্রান্তে হাওর আর আকাশ মিশেছে একই বিন্দুতে। খালের দুই পাড়ে পলি পড়া নরম মাটি সরের মতো তুলতুলে। হঠাৎ দেখি, তুমুল স্রোতের একটা নদী। আমাদের নৌকা ভাসিয়ে নিয়ে চলল ভাটিতে। কিছুদূর গিয়ে মাঝি নৌকা ঘুরিয়ে দিল ডানে। খানিকটা দূরত্বে ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু মাছধরা নৌকা। এখানে যারা মাছ ধরতে আসে, তারা অনেক দূর থেকেই কীভাবে যেন একে অপরকে চিনতে পারে এবং উচ্চৈঃস্বরে কথা বলে পরস্পরের প্রয়োজনীয়তা মেটায়।চারপাশ অসম্ভব নিস্তব্ধ। হাওরের প্রায় মাঝখানে আমরা। মনে অন্য রকম শিহরণ। প্রায় ২০ মিনিট ধরে সূর্যের কোনো দেখা নেই। সূর্যবিহীন হাওর অনেকটাই বিষণ্ন, নিষ্প্রাণ ও বিবর্ণ। সূর্যদেব কী কারণে আমাদের ওপর রুষ্ট হয়েছেন, জানি না। এভাবেই একসময় সন্ধ্যা নামার আয়োজন শুরু হয়। মুক্ত ও সতেজ বাতাস ভাসে চারপাশে। দূরের গ্রামগুলো ক্রমেই আমাদের দৃষ্টিসীমায় আবছা হয়ে আসে। আমাদের নৌকা যাচ্ছে সেই শরবনের পাশ ঘেঁষে। সত্যিই হাওরের গাছগাছালির অফুরন্ত প্রাণশক্তি। যে গাছগুলো এত দিন পানির নিচে ডুবে ছিল, পানি সরে যেতেই সেগুলো নতুন কুঁড়ি ছাড়তে শুরু করেছে। কোনো কোনো অংশ অল্প কয়েক দিনেই সবুজ হয়ে উঠেছে। ছোট ছোট ঝোপঝাড়ের সঙ্গে বরুণ ও হিজলও আছে। মাঝিকে বললাম নৌকা একেবারে ঝোপঝাড়ের কাছে নিয়ে যেতে। ভেতর থেকে পাখির ডাক শোনা যাচ্ছিল। সম্ভবত কালিমও আছে। আমরা যখন কাঁচা সবুজ ঝোপগুলোর ছবি তোলায় ব্যস্ত, তখন দেখি, আকাশের কান্না! মানে টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। বলা নেই কওয়া নেই, মন খারাপ করার মতো মেঘও নেই, তবু বৃষ্টি। বুঝলাম, শুধু সূর্যদেবই নয়, স্বয়ং প্রকৃতির দেবীও আমাদের ওপর খেপেছে। ভাগ্যিস, বের হওয়ার সময় সৌরভকে বলেছিলাম ছাতাটা ব্যাগে ভরতে। তাতেই রক্ষা, অন্তত ক্যামেরাগুলো। আমাদের মাথার ওপর দিয়ে এক ঝাঁক পানকৌড়ি উড়ে গেল। একটা ভুবনচিল এসে বসল বাঁশের কঞ্চিতে। হয়তো রাতের খাবারের সন্ধানে এসেছে। হঠাৎ চোখে পড়ল, ঝোপঝাড়ের ভেতর ভেসে আছে মরা গরু ও মহিষ। কাশেম জানাল, হাওরাঞ্চলে এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এ বছরও ভরা বর্ষায় উজানের পানিতে অসংখ্য গরু-মহিষ মরে গেছে। নিজেদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। অনেক দূরের ঘরবাড়িগুলো দেখিয়ে সৌরভ বলল, ওটা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কিছু অংশ। আয়তনের দিক থেকে সুবিশাল এ হাওরের উল্লেখযোগ্য অংশ পড়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। ছোট-বড় অনেক বিলের সমন্বয়ে এ হাওর। হাওরের মোট জনসংখ্যা প্রায় দুই লাখ। অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাওরের ওপর নির্ভরশীল। বর্ষায় মাছ আর শুকনো মৌসুমে বিচিত্র ফসল এখানকার প্রধান আয়ের উৎস। ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে হাওরও তার রূপ বদলায়। বর্ষায় যে হাওর অথই জলের দরিয়া, শীতে সেই হাওরই ঢেউ খেলানো সবুজ ফসলের মাঠ। সন্ধ্যার নির্জনতাটুকু উপভোগ করার জন্য আমরা নৌকা থামিয়ে কিছুক্ষণ বসে থাকি। এখন বৃষ্টি নেই। দূরের গ্রামগুলোয় সন্ধ্যা নামছে। অনেক দূরে কেউ কাউকে ডাকছে যেন। সূর্যের শেষ আভাটুকু লেগে আছে পুবের আকাশে পুঞ্জিত মেঘের গায়ে। হাওরের শীতল বাতাস আমাদের ডেকে নিয়ে যায় সন্ধ্যার বিষণ্নতায়। তারপর সন্ধ্যার মধুগন্ধ গায়ে মেখে আমরা ক্রমশ ফিরে যাই ফেলে আসা শেষ বিন্দুর কাছে।কীভাবে যাবেনঢাকা থেকে সিলেটগামী যেকোনো আন্তনগর ট্রেনে কুলাউড়া স্টেশনে নেমে সেখান থেকে বড়লেখা উপজেলায় যাওয়া যায়। কিংবা শ্যামলী বা রূপসী বাংলা পরিবহনে সরাসরিও যাওয়া যায়। থাকার জন্য হোটেল আমিরাবাদ তুলনামূলকভাবে ভালো।