হাওরের উৎসব
হাওর অঞ্চল ছয় মাস থাকে পানির তলায় আর বাকি ছয় মাস সেখানে শুকনো মৌসুম। দিনে হাড়ভাঙা পরিশ্রম, অথচ সূর্য ডোবার মুহূর্তগুলো এখানে যেন হাজির হয় নতুন আমেজে। গ্রামে গ্রামে বসে বিচিত্র সব গানের আসর, উৎসবের রং ছড়িয়ে পড়ে চারদিকে। ঈদের উৎসবের ক্ষণে হাওরের উৎসবের কথা জানাচ্ছেন সুমন কুমার দাশ

পদ্মপুরাণ পাঠ
হাওর অঞ্চল বড় বিচিত্র। যে নিরক্ষর মানুষটি লেখাপড়া না জানায় টিপসই দিয়ে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সর্বস্ব খোয়ায়, সেই ব্যক্তিটিই কিনা কেবল চোখের আন্দাজে পুঁথির ছাপা অক্ষরে আঙুল বুলিয়ে পড়ে ফেলতে পারে ৪৮০ পৃষ্ঠার বাইশকবি শ্রীশ্রী পদ্মপুরাণ। প্রতি শ্রাবণ মাসে মনসা দেবীকে উপলক্ষ করে ঘরে ঘরে পড়া হয় পদ্মপুরাণ। কুপিবাতি জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত চলে পদ্মপুরাণ পুঁথিপাঠ। শ্রাবণ মাসের শেষ দিন সাপের দেবী খ্যাত মনসা অর্থাৎ পদ্মা দেবীর পূজা করে থাকেন হিন্দুধর্মাবলম্বীরা।

বটকির গান
ঘাটুগান হারিয়েছে সেই কবে, এমনকি উরিগান, গাজীর গান, টপ্পা আর মালজোড়াগানও তেমন চোখে পড়ে না। দুই-একটি গ্রাম বাদে অন্য কোথাও এসব গানের আর চর্চা হতে দেখা যায় না। তবে এখনো স্বমহিমায় টিকে আছে বটকিরা গান অর্থাৎ বৈঠকি গান। মুসলিম বিয়ে, হিন্দুদের কীর্তন, কৃষি উৎপাদনের সময় নানামুখী লোকাচারকেন্দ্রিক বটকির গানে এখনো লোকের ভিড় চোখে পড়ে।

পলো বাওয়া উৎসব
চৈত্র মাসে খাল-বিলের পানি শুকিয়ে এলে কিংবা বৈশাখ মাসের শেষ সময় অথবা জ্যৈষ্ঠ মাসের শুরুতে যখন নতুন পানিতে হাওরের মাঠ-ঘাট ভরে ওঠে, তখন ‘পলো’ দিয়ে মাছ শিকারের উৎসবে মেতে ওঠেন শৌখিন হাওরবাসী। ‘পলো’ হচ্ছে মাছ শিকারের জন্য বাঁশ-বেত দিয়ে তৈরি এক ধরনের লোকপ্রযুক্তি। পেশায় মৎস্যজীবী না-হলেও অনেক গ্রামের মানুষ পাশের বিল-নদী-খালে এমন ‘পলো বাওয়া’ উৎসবের আয়োজন করে থাকেন।

ধামাইল গান
হেমন্তে যে বছর ফসল ভালো জন্মায়, সে বছর খুব ঘটা করে উৎসব হয়। বাড়িতে বাড়িতে চলে বিয়ের আয়োজন। বিশেষ করে আষাঢ় ও শ্রাবণ মাসে বিয়ের ধুম পড়ে। সে আয়োজনে নেচে-গেয়ে নারীরা মুখরিত করে তোলেন পুরো গ্রাম। প্রখ্যাত লোকগীতিকার রাধারমণ, প্রতাপরঞ্জন তালুকদারদের লেখা কত কত ধামাইল গান ফেরি করে বেড়ান গ্রামীণ নারীরা। এক গ্রামের ডাকসাইটে শিল্পীর ডাক পড়ে আরেক গ্রামে। ধামাইল গানের উৎপত্তি হাওরাঞ্চলে। তাই এখানে এর রূপ-রংয়ের পরিধিটাও ব্যাপক। গোল হয়ে ২০-২৫ জন নারী বর-কনেকে মাঝখানে রেখে তাঁদের চারপাশে ঢোলক-বাদ্যের তালে তালে নেচেগেয়ে ধামাইল গান পরিবেশন করেন। তবে সাধভক্ষণ, অন্নপ্রাশন, সূর্যব্রত অনুষ্ঠানেও ধামাইল গান পরিবেশনের রেওয়াজ রয়েছে।