হাওরের এক কৃষকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কর্মকর্তা গোছের এক ব্যক্তি ঘুরতে ঘুরতে মনের ভুলে চলে গেলেন হাওর অঞ্চলে। গিয়ে দেখলেন, সেখানে কেবল পানি আর পানি! তিনি বেশ অবাক। একজন কৃষককে দেখলেন মুখে গামছা বেঁধে পচা ধান কাটছেন। কাছে ডেকে কথা বলতে শুরু করলেন ওই কর্মকর্তা।

কর্মকর্তা: আচ্ছা, চারদিকে এত পানি, ব্যাপারটা কী, বলেন তো?
কৃষক: বাঁধ ভাঙছে, স্যার।
কর্মকর্তা: হায় হায়! বলেন কী? আমি যখন শেষবার এলাম, তখন তো এমন কিছু দেখি নাই!
কৃষক: স্যার, শেষ কবে আইছিলেন?
কর্মকর্তা: উফ্‌, সেটা তো মনে পড়ছে না।
কৃষক: স্যার, আমরা তো শ্যাষ।
কর্মকর্তা: পানি উঠলে শেষ হবেন কেন? পানি তো ভালো জিনিস, পানির অপর নাম জীবন।
কৃষক: স্যার, পানিতে তো ফসল গেল।
কর্মকর্তা: এক-আধটু তো পচবেই, সেটা কোনো সমস্যা না।
কৃষক: ৬৯ হাজার ৭১০ মেট্রিক টন ধান গেল, স্যার।
কর্মকর্তা: হায় হায়! এত ধান এই এলাকায় হয়, এটাই তো জানতাম না। কিন্তু এই ঘটনার সময় আমি কই ছিলাম?
কৃষক: সেইটা তো আর আমরা জানি না, স্যার।
কর্মকর্তা: আর কোনো ক্ষতি হয় নাই তো?
কৃষক: ১ হাজার ১৮০ মেট্রিক টন মাছ মারা গেছে।
কর্মকর্তা: হায় হায়! বলেন কী? আমি কই ছিলাম? কিন্তু মাছের জন্য তো পানি দরকার, পানিতে মাছ মরল কেমনে?
কৃষক: পানি দূষিত, স্যার।
কর্মকর্তা: আচ্ছা, এটা বিষয় না। আমি আপনাদের জন্য পাঁচ হাজার ওয়াটার ট্রিটমেন্ট ট্যাবলেটের ব্যবস্থা করে দিচ্ছি।
কৃষক: স্যার, আমরা কৃষক আছি ১ লাখ ৩৮ হাজারের মতো।
কর্মকর্তা: আরে, সবাই মিলে ভাগটাগ করে খেয়ে ফেললেই তো হয়।
কৃষক: আপনি যা কইবেন, তা-ই হইব, স্যার।
কর্মকর্তা: আপনাদের বেশি সমস্যা হচ্ছে না তো? এদিকে এত পানি উঠছে, তাই আসতে পারি না, বুঝলেন?
কৃষক: স্যার, আমরা তো পানিতেই থাকি।
কর্মকর্তা: আপনারা তো থাকেন, আমি তো আর থাকি না, তাই আমার সমস্যা হচ্ছে।
কৃষক: জি, স্যার।
কর্মকর্তা: আপনাদের মুখ এত গোমড়া কেন? আপনাদের মুখে হাসি দেখতে চাই। সব সময় মন খুলে হাসবেন, বোঝা গেছে বিষয়টা?

কৃষক: এই অবস্থায় হাসব, স্যার?

কর্মকর্তা: হ্যাঁ, হাসবেন। হাসি তো খারাপ কিছু না। হাসলে শরীর-স্বাস্থ্য ভালো থাকে, আয়ু বাড়ে।

এরপরই হা হা হা করে অট্টহাসিতে মেতে উঠলেন কৃষক। তাঁর হাসি যেন থামতেই চায় না। কৃষকের মুখে হাসি দেখে কর্মকর্তা কিছু বুঝে উঠতে না পেরে বোকার মতো হাসতে লাগলেন। সেই হাসিও থামতেই চায় না!