হাওরের নাম বাওরকান্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল। ততক্ষণে পৌঁছে গেছি বাওরকান্দি হাওরে। সিলেট শহরতলির কান্দিগাঁও ইউনিয়নের ছোট্ট গ্রামের নাম বাওরকান্দি। হাওর-বাঁওড় থেকে নামকরণ হয় ‘বাওরকান্দি’। এই তথ্য জানালেন গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দিন।
গ্রামের সামনে পুরোটাই হাওর। পেছনে চেঙ্গের খাল। ভরা বর্ষায় খালকে বড় নদী বলে মনে হয়। জেলেরা ব্যস্ত মাছে ধরতে। চেঙ্গের খালের ওপর বাদাঘাট সেতু। সেতুর ওপর থেকে অদূরে দেখা মিলল মেঘালয় পাহাড়। মেঘ-সবুজে পাহাড় এখন রূপবতী!
বাওরকান্দি হাওরে শুকনো মৌসুমে বোরো ধানের আবাদ হয়। হাওরজুড়ে তখন সবুজের চাদর বিছানো থাকে। শীতে আস্তানা গাড়ে পরিযায়ী পাখির ঝাঁক। বর্ষায় রূপ বদলে যায় হাওরের। স্বচ্ছ পানি ক্ষণে ক্ষণে রং বদলায়।





