হাওয়াই গাড়ির যাতনা

গ্রাম থেকে এসে ঢাকায় যে আত্মীয়ের বাসায় বজলুল হক উঠেছে, সেখান থেকে কেতাবি পাঠ নিয়ে এসেছে সে। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে নেমে বাঁ দিকের সড়ক ধরে হাঁটতে হবে। ওটাই এলিফ্যান্ট রোড। সে যাবে আসলে...কোথায় যাবে! গন্তব্যে পৌঁছুবার আগেই দুই কিশোরের ‘নিউমার্কেট নিউমার্কেট’ চিৎকারে দিগ্ভ্রান্ত হয় বজলুলের ভাবনা। এক কিশোর ছুটে এসে খপ করে তার একটা হাত পাকড়াও করে। শক্ত হাতে টান মেরে বলে, ‘মামা আহেন, আমারটা আগে যাইব।’
বজলুল ককিয়ে ওঠে, ‘এই তোর হাত এত শক্ত ক্যান? কী খাস তুই?’
এ প্রশ্নের জবাব পাওয়ার আগেই আরেক কিশোর এসে বজলুলকে দিব্যি মাতুল বানিয়ে আরেকটা হাত দখল করে। শক্তি পরীক্ষায় সেও কম যায় না। হ্যাঁচকা টান মেরে বলে, ‘মামা, হেরডা পরে যাইব। আমারডায় উইঠা পড়েন।’
বজলুল নগদ মামা হওয়ার মাজেজা বুঝবে কী, সে ভাবে রাজধানীতে দড়ির টান পড়েছে নাকি? নইলে টানাটানির জন্য তার হাত দুখানি কেন?
শক্তপোক্ত এক তরুণ ছুটে আসে বজলুলকে উদ্ধারে। এসেই দুই কিশোরকে ধাক্কা মেরে হটিয়ে দেয়। তারপর তাদের পিলে চমকানো ধমক, ‘মুরব্বিরে নিয়া কী করস তোরা? উনি কি তোগোর মুড়ির টিনে যাইবনি? উনি যাইব হাওয়াই গাড়িতে!’
এক্কেবারে বজলুলের মনের কথা। কৌতূহলী হয়ে সে গাড়ি খোঁজার আগেই বজলুল টের পায়, তরুণ তাকে তন্দুরের মতো তাতানো একটা বাক্সের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। বজলুল দেখে, মফস্বলে যে ভটভটিতে সে চড়ে, তারই বড় ভাই এটা। একটু থিতু হওয়ার আগেই সুবাস ছড়ানো এক তরুণী তন্দুরের ফোকর গলে মাথা সেঁধোন, ‘ওদিকে চাপেন।’
চাপে বজলুল। পরমুহূর্তে দুই বাচ্চা নিয়ে ওঠেন এক মহিলা। বজলুল আবার চাপে। দোহারা গড়নের মহিলা এই গরমের ভেতর ছেলে দুটিকে নিয়ে বেশ হিমশিম খাচ্ছেন। তাঁর ঘামলাগা মুখ দেখে নিজের ফজিলা বুর কথা মনে পড়ে বজলুলের। এরই মধ্যে হেলপার মহিলাকে হুঁশিয়ার করে, ‘বাচ্চা দুইডা কোলে নিয়া বইবেন কইলাম। নাইলে ভাড়া দিতে অইব।’ দুই ছেলেকে আঁকড়ে ধরে কোলে বসানোর কসরত শুরু হয় মহিলার। ভোঁদরের গর্তের মতো এই যন্ত্রযানে সে কর্ম বড় সহজ নয়। বজলুলের দরদ ঝরে পড়ে। বলে, ‘আপা, একটা ছেলেরে আমার কোলে দেন।’ মহিলা বজলুলের দিকে ট্যাঁরা চোখে তাকায়। বড় ছেলেটি মায়ের সন্দেহের তির ভোঁতা করে বজলুলের কাছে চলে আসে। বজলুল বিরস বদনে বসে থাকে বাচ্চাটিকে নিয়ে। যাত্রী এখন ঠাসা। এর পরও পাদানিতে দাঁড়িয়ে রোগা তরুণ টেম্পোর চাঁদিতে কঠিন চাপড় মেরে হাঁক দেয়, ‘আসেন আসেন, পান্থপথ, ল্যাবএইড, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, নিউমার্কেট...’ সে কী চাপড়! কানে তালা লাগার জোগাড়! বজলুল টের পায়, এদের হাত এত শক্ত কেন। পাদানিতে দুজন ঝুলন্ত যাত্রী ওঠার পর টেম্পো যাত্রা শুরু করে। এদিকে কেটে সেদিকে গোঁত্তা মেরে শাঁ শাঁ করে সবেগে ছোটে টেম্পো। বজলুল ঢাকাই আত্মীয়ের বাড়িতে দুপুরে গুরুপাক খাবার যা খেয়েছিল, এ দলাই-মলাইয়ে সব হজম। চৌকোণ ফোকর গলে বজলুল দেখে চালকের আসনে বসে আছে তেরো-চৌদ্দ বছরের এক ছোকরা। পিলে চমকায় বজলুলের। অস্ফুট স্বরে বলে, ‘ও রে, এই শয়তানে তো জানে মারব!’ কানখাড়া এক যাত্রী রসিকতা করেন, ‘কী যে কন! এরা তো বিমানের পাইলট! দেখেন না, কীভাবে উড়াইয়া নেয়।’ সত্যিই যেন উড়ে চলে এ যান। এই রিকশার পেছনে প্রায় ধাক্কা মেরে বসে তো এই প্রাইভেট কারের গায়ে আঁচড় কাটতে যায়। বজলুল কায়মনে দোয়া পড়তে থাকে। পান্থপথটা তবু পার হওয়া গেল, গ্রিন লাইফের সামনে ঘ্যাচ! এ কঠিন চক্কর। এখানে বসে পুরো এক বয়াম জ্যাম শেষ করলেও জ্যাম ছুটবে না। যাত্রীরা গজগজ করেন, ফোঁস ফোঁস করেন। জট নট-নড়নচড়ন।
সদ্য কলকাতা ঘুরে আসা এক যাত্রী জ্ঞান ঝাড়েন, সেখানকার মতো ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু করলে কত সহজে এই যানজট সমস্যার সমাধান হতে পারে। মুখোমুখি বসা আরেক যাত্রী নির্মমভাবে বুঝিয়ে দেন তাঁর বাতলানো এ ব্যবস্থা ঢাকার মতো জটিল মহানগরে কতটা ভুল। তিনি যানজট কমাতে পাতালপথে মেট্রো চালু করার বিকল্প দেখেন না। বজলুল মজে যায়। আহা, এঁদের কী জ্ঞানের বহর! গ্রামে থেকে জীবন শেষ।
টেম্পোটা তার নামের প্রতি অবিচার করে গতিহীন পড়ে থাকে জ্যামে। যাত্রীদের মধ্যে নানা আলোচনা, কানাঘুষা, খেদ। কেউ কথার তুবড়ি ছোটায়, কেউবা ঝিমায়। বজলুলেরও ঝিমুনি এসে গেছিল, এমন সময় হঠাৎ চিৎকার, ‘আমার আরেক বাচ্চা!’ বজলুল ধড়মড়িয়ে জেগে কোলে বসা ছেলেটাকে ধরে এদিক-ওদিক খোঁজে। যাত্রীরা দু-একজন ভুল ধরিয়ে দেন ওই মহিলার। আরেক বাচ্চা বহাল তবিয়তেই আছে বজলুলের কোলে। টেম্পোটা আবার চলতে শুরু করে। খানিক পর নেমে যান মহিলা। বজলুলও হাঁপ ছেড়ে বাঁচে। সুঠামদেহী এক তরুণ এসে ওই শূন্যস্থান পূরণ করেন। হেলপার তাঁর কাছে ভাড়া চায়। বসতে না বসতে ভাড়া চাওয়ায় রেগে যান তরুণ। তাকে দু-চার কথা শুনিয়ে অর্ধেক ভাড়া বের করেন তিনি। কিন্তু হেলপার অর্ধেক ভাড়া নেবে না। এই নিয়ে লেগে যায় তর্ক। শেষে আর কি, সুঠামদেহী তরুণ হেলপারকে একটা থাপড় মেরে আর কানটা খুব করে মলে দিয়ে ভাড়া ছাড়াই নেমে যায়। হেলপার এবার মনের সুখে সুঠামদেহীর জন্মটাকে কলঙ্কিত করতে থাকে। দু-একজন যাত্রীর গায়ে এর আঁচ লাগায় তাঁরা খেপে যান ছোকরার ওপর। বজলুল দিনদুনিয়া ভুলে সাচ্চা প্রত্যক্ষদর্শী বনে যায়।
এই হুড়হাঙ্গামায় টেম্পো চলে আসে নীলক্ষেত। ট্রাফিক সিগন্যালে আটকে যায়। যাত্রীরা সব নেমে যায় দুদ্দাড়।
বিস্ময়ে বিমূঢ় বজলুল বলে, ‘কী ব্যাপার, সায়েন্স ল্যাবরেটরি কই?’
হেলপার তরুণ চোয়াল শক্ত করে দুটি চিবুনি দিয়ে বলে, ‘নাইমা জিগাইলে পাইয়া যাইবেন গা।’