হাওয়াইয়ান গিটারের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গিটার’ শব্দটা শুনলেই আমাদের মনের পর্দায় ভেসে ওঠে ব্যান্ডসংগীতের বাহারি ডিজাইনের স্প্যানিশ গিটার। আরও একধরনের গিটার আছে, যাকে বলা হয় হাওয়াইয়ান গিটার। এটি দেখতে অনেকটা স্প্যানিশ গিটারের মতো হলেও এর তার উঁচু থাকে এবং স্টিল বার দিয়ে বাজানো হয়। এটি বাজানোর জন্য আরও দরকার হয় পিকস ও থাম্ব। হাওয়াইয়ান গিটারের মূল বৈশিষ্ট্য হলো, এটি মেলোডিযুক্ত মিড়প্রধান সুরকে নিঁখুতভাবে প্রকাশ করতে পারে। স্বরের মাঝামাঝি শ্রুতির যে কাজগুলো, সেগুলো অনায়াসে করতে পারে হাওয়াইয়ান গিটার, যা স্প্যানিশ গিটার দিয়ে করাটা অনেক ক্ষেত্রেই প্রায় অসম্ভব। কোনো গান যেভাবে গাওয়া হয়েছে, তার সুরকে ঠিক ভোকালের কাছাকাছি নেওয়ার উপযুক্ত যন্ত্র হলো হাওয়াইয়ান গিটার।বুলবুল ললিতকলা একাডেমির অনুষ্ঠান নির্দেশক এবং হাওয়াইয়ান গিটারের শিক্ষক হাসানুর রহমান জানালেন এ সম্পর্কে নানা তথ্য। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে এই গিটারের উদ্ভব। বলা হয়ে থাকে, ১৮৮৫ সালে জোসেফ কেকুলি নামের এক তরুণ স্প্যানিশ গিটারের তার উঁচু করে স্টিল বার দিয়ে গিটার বাজানোর পদ্ধতি আবিষ্কার করেন। ষাটের দশক বা এরও আগে থেকে হাওয়াইয়ান গিটার এ দেশের সংগীতের জন্য ছিল একটি অপরিহার্য যন্ত্র, যার সুর-মূর্ছনা ছাড়া কোনো গানের প্রিলিউড বা ইন্টারলিড মিউজিক চিন্তাই করা যেত না। ব্যান্ডসংগীতের প্রচার বেড়ে যাওয়ায় একক যন্ত্রসংগীত হিসেবে হাওয়াইয়ান গিটারের জনপ্রিয়তা আমাদের দেশে কিছুটা কমে এসেছে। পাশ্চাত্যের বিভিন্ন গানে হাওয়াইয়ান গিটারের ব্যবহার বেশ জনপ্রিয়। সেখানে একে বলা হয় স্টিল গিটার। অনেক সময় একে সিঙ্গিং গিটারও বলে। কারণ, শুনলে হঠাৎ করে মনে হবে কেউ বুঝি গান গাইছে। অর্থাৎ এটি বাজানোর জন্য কোনো গায়কের বা অন্য বাদ্যযন্ত্র প্রয়োজন নেই।হাওয়াইয়ান গিটার দুই ধরনের হয়ে থাকে—অ্যাকুইস্টিক হাওয়াইয়ান ও ইলেকট্রিক হাওয়াইয়ান। অ্যাকুইস্টিক হাওয়াইয়ানের মধ্যে দেশি গিটারের দাম পড়বে ১৫০০-২০০০ টাকা এবং ভারতীয়টার দাম প্রায় ৫০০০-৬০০০ টাকা। ইলেকট্রিক হাওয়াইয়ানের ক্ষেত্রে কেমন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হবে, তার ওপর নির্ভর করে এর দাম। সাধারণত ২০ হাজার টাকায় ভালো ইলেকট্রিক হাওয়াইয়ান গিটার কেনা যায়। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, বসুন্ধরা সিটি, শাঁখারী বাজার, পল্টন এবং অন্যান্য যেকোনো জায়গার মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে হাওয়াইয়ান গিটার পাওয়া যায়। আমাদের দেশে বুলবুল একাডেমি, শিশু একাডেমী, নজরুল একাডেমি এবং আরও কিছু প্রতিষ্ঠান হাওয়াইয়ান গিটারের ওপর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। হাসানুর রহমান বলেন, এখনকার তরুণেরা যেকোনো যন্ত্রই অল্প সময়ে শিখতে চায়। হাওয়াইয়ান গিটার শিখতে সময় ও শ্রম একটু বেশি লাগে। এ জন্য এই গিটারের জনপ্রিয়তা এখন কমে যাচ্ছে। কিন্তু এই গিটার দিয়ে যে লোকগীতি, রবীন্দ্রসংগীত, গজল, লালনগীতি, হাসন রাজার গান, উচ্চাঙ্গসংগীতের সুরও বাজানো যায়, তা নতুন প্রজন্মের অনেকেই জানে না।