
মঞ্চের পর্দা সরেনি তখনো। পর্দার অপর পাশ থেকে ভেসে আসছে ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানের সুর। ধীরে ধীরে পর্দা সরতেই দেখা গেল হাওয়াইয়ান গিটারে সুর তুলছেন শিল্পী অনিমেষ সাহা। গিটারের সুরের ছন্দে ছন্দে নাচলেন একদল নৃত্যশিল্পী। গিটারের ও নাচের যুগলবন্দী দিয়েই শুরু হয় অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পীগোষ্ঠীর গিটারবাদন সন্ধ্যার।
৩ এপ্রিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সংগঠনের ৩৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘সেই সুর সেই গান’ শিরোনামে অনুষ্ঠিত হয় এই গিটার সন্ধ্যা। আয়োজনের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কবি অরুণ দাশ গুপ্ত, ব্যবসায়ী মোহাম্মদ মহসিন ও প্রফুল্ল রঞ্জন সিংহ।
সংগঠনের সভাপতি বাবুল সেনগুপ্তের সভাপতিত্বে আয়োজনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য। কথামালা শেষে মঞ্চে আবার বেজে ওঠে হাওয়াইয়ান গিটারের সুর। পুরোনো দিনের গানের সুরমূর্ছনার আবেশ ছড়িয়ে পড়ে মিলনায়তনজুড়ে। একে একে হাওয়াইয়ান গিটারে শিল্পীরা পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, চিত্রা সিং, মানবেন্দ্র মুখোপাধ্যায়, লতা মুঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। দর্শকদের ভালো লেগেছে গিটারে তোলা ‘তুমি সন্ধ্যাকাশে তারার মতো’, ‘পৃথিবী আমাকে চায়’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’, ‘এত সুর আর এত গান’, ‘ও বাঁশি কেন গায়’, ‘মধুমালতী ডাকে আয়’ শিরোনামের গানের সুরগুলো।
হাওয়াইয়ান গিটারে সুর তুলেছেন তারমিলা রহমান, রাজীব চৌধুরী, ফারুক বিন সাদেক, শুক্লা সেনগুপ্তা, ইলিয়াছ ইলু, দেবাশীষ দত্ত, পার্থ প্রতীম দাশগুপ্ত, প্রদীপ দাশ, সানু দাশগুপ্ত, মদন মোহন ঘোষ, মঞ্জুরুল হক, অরূপ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জিত বণিক, সৌমিত্রী বড়ুয়া ও রাবেয়া ইসলাম।