হাকালুকির ভাসান জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছুরিঘাট থেকে সকালবেলার নরম আলোয় মাঝারি আকারের খোলা নৌকাটি জলে ভাসল। হাকালুকির জলে হাঁসের মতো তরতরিয়ে এগোচ্ছে। আগে থেকেই জানা ছিল নৌকা আসবে, প্রস্তুতি ছিল জলে ভাসার। মৌলভীবাজার জেলার কুলাউড়া-বড়লেখা সড়কে কুলাউড়া সদর থেকে তিন-চার কিলোমিটার দূরে এই ঘাট। যখন হাকালুকি হাওরে বেশি পানি হয়, হাওর এলাকার সড়কপথ ডুবে যায়, তখন এই ঘাটে এসে ছোট-বড় অনেক নৌকা ভেড়ে। এই নৌকাই হয়ে ওঠে অনেকের চলাচলের মাধ্যম। এবার সেই চৈত্র থেকেই হাকালুকি হাওরে জল থইথই। অনেকের ফসল গেছে, ঘরবাড়ি ডুবেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। ভেঙেচুরে গেছে রাস্তাঘাট। অনেকেই মনে করেন, হাকালুকির বিলগুলো ভরাট হয়ে গেছে। শুকনো মৌসুমে অনেক বিল শুকিয়ে তাতে গরু চরে বেড়ায়। জলাধার কমে গেছে। তাই মাছ কমেছে, জলজ উদ্ভিদ কমেছে, পাখি কমছে, জলজ প্রাণী কমেছে। আর বৃষ্টি এলে মানুষের দুর্ভোগ বাড়ছে। বৃষ্টি হলে, পাহাড়ি ঢল নামলেই হাওর নিমেষে ভরে ওঠে। এরই মধ্যে সরকার বৈচিত্র্যপূর্ণ হাকালুকি হাওরকে একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ—ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) হিসেবে ঘোষণা করেছে। হাওরটি পড়েছে মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ী এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার মধ্যে।তবে ভাসান জল বলে কথা। তাও আবার হাকালুকি হাওরে। সেই জলে নাও নিয়ে বেড়াব না, এ তো ভাবাই যায় না। তো, সেই হাওরে এখন আমাদের নৌকা ভাসছে। যেদিকে তাকাই শুধুই জলরাজ্য, জলের দাপাদাপি। ইঞ্জিনের ভটভট শব্দ তুলে নৌকা সামনের দিকে এগিয়ে চলছে। নৌকার দুই পাশে জলের উল্লাস। কারও কারও প্রশ্ন, আমরা কোথায় যাব! কেউই বলতে পারি না কোথায় যাচ্ছি। যিনি পথপ্রদর্শক, তিনিও বলতে পারেন না, কোথায় নিয়ে যাবেন। জলের তো কোনো ঘরবাড়ি নেই। আছে শুধু বুকভরা ঢেউ। নৌকার দুই পাশে ভাঁজ দিয়ে লাফিয়ে উঠছে ঢেউ। সেই ঢেউয়ের বুকে দোল খায় শাপলাপাতা, শালুকপাতা, জলজ উদ্ভিদ। এক-দুইটা পানকৌড়ি দেখা যায়—ডুব দিয়েই ভেসে ওঠে। নৌকা যত সামনের দিকে এগিয়ে চলে, জলের ভাসান বিস্তীর্ণ হতে থাকে। হাওরপারের গ্রামগুলো সবুজ রেখা হয়ে যায়। আর স্থলভাগের জনপদ থেকে ক্ষুদ্র হতে থাকে আমাদের নৌকা। হঠাৎ চোখে পড়ে দূরে দূরে নৌকার চলাচল। পাশ দিয়ে কখনো এক-দুইটা মাছ ধরার নাও ভেসে যায়। হঠাৎ দেখা যায়, ছোট বা মাঝারি আকারের করচগাছ জলের মধ্যে বুক ডুবিয়ে দাঁড়িয়ে আছে। তাতে সাদা বক, নয়তো কালো রঙের পানকৌড়ি বসে আরাম করে। পানিতে মৃদু বাতাস লেগে ঢেউ উঠছে। কলকল শব্দ। মাঝিদের কাছ থেকে জানা গেল, হাকালুকির ‘আফাল’ নাকি মারাত্মক। কয়েক ফুট উচ্চতায় লাফিয়ে ওঠে। এই আফাল আর কিছু নয়, ঢেউ। একটু বাতাস উঠলেই শুরু হয়ে যায় আফাল। সেদিন অবশ্য এ রকম বড় ঢেউয়ের দেখা মেলেনি। এতে কিছুটা নিরাপদ বোধ করে সবাই।হঠাৎ দূরে দেখি চারপাশে জল নিয়ে মাথা তুলে আছে সবুজ এক টুকরো ভূমি। কথা হলো সেখানে যাওয়ার। সেটি নাকি রাখাল শাহ্র মাজার। নৌকা সেদিকেই ভেসে চলে। কিন্তু সেই ভূখণ্ডের দিকে নৌকা যত এগোতে থাকে, নৌকার দোলাও বাড়তে থাকে। অর্থাৎ একদিকে গভীর জল, অন্যদিকে ঢেউ বাড়ছে। তাই সেদিকে আর এগিয়ে যেতে সাহস হলো না। সবারই ইচ্ছা, জলের ভাসানে নাও ভাসুক। তবে সেটা জনপদের কাছাকাছি, নিরাপদ দূরত্বে থেকে ভাসলে ভালো। বলা তো যায় না, কখন আকাশের নীল রং বদলে কালো হয়ে যায়। ঝমঝম করে বৃষ্টি নামে। হাওয়া এসে নাচন তোলে জলের শরীরে। তবে ততক্ষণে সবার মধ্যেই জলের বুকে ভেসে বেড়ানোর ভালোলাগার একটা মজা তৈরি হয়ে গেছে। জনপদের কাছাকাছি থেকেও কেমন আলগা মানুষ। ঘুম থেকে জেগে প্রতিদিনের চেনাজানা কোলাহল নেই, অসংখ্য যন্ত্রের চিৎকার নেই (নৌকার ইঞ্জিনের শব্দটা অবশ্য এড়ানো যায়নি), লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ—এসব থেকে কেমন যেন শুধুই মানুষের জীবনকে অনুভব করা, উদ্যাপন করা। এ রকম নির্মল মানবীয় অনুভূতির সময়। কিছুটা সময় নিজের মধ্যে ডুবে থাকা। তবে এটাও ঠিক, ছোট্ট একটি নাওয়ে কতক্ষণ আর ভেসে থাকা যায়। ডাঙার মানুষ একসময় পায়ের নিচে শক্ত জমি চায়। নৌকা যাত্রা করে কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারের দিকে। গ্রামের যত কাছে আসা যায়, বাড়ির বারান্দা ছুঁয়ে দাঁড়ানো করচ, হিজল, মাঝেমধ্যে এক-দুইটা বরুণগাছ চোখে পড়ে। শিশুরা থইহীন জলে নেমে সাঁতার কাটছে, গোসল করছে। জলের সঙ্গে তাদের নিবিড় খেলা। নবাবগঞ্জ বাজারে আমাদের নৌকা থামে। কয়েক ঘণ্টার জলভ্রমণের এখানেই ইতি। হাকালুকিতে নৌকাভ্রমণের এখনই প্রকৃত সময়। পানি কমে গেলে মজাটাও কমে যাবে।যাবেন যেভাবে ঢাকা থেকে বাস বা ট্রেনে করে সরাসরি মৌলভীবাজার যাওয়া যায়। আর হাকালুকি হাওরে জলভ্রমণের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। ভালো হয় হাওরপারের কারও সঙ্গে যোগাযোগ করে আগে থেকে নৌকা ঠিক করা থাকলে। তারপর সেই নৌকা নিয়ে ভেসে পড়া। বেশিক্ষণ থাকার ইচ্ছা থাকলে হালকা বা রান্না করা খাবার সঙ্গে নেওয়া যেতে পারে। না হলে ঘুরেফিরে যেকোনো হাটবাজার বা উপজেলা সদরের হোটেলে এসে খাওয়া যেতে পারে। ঘোরার সময় আফাল কেমন সেটা দেখতে গভীরে যাওয়া ভালো। কুলাউড়া, জুড়ী, বড়লেখা বা ফেঞ্চুগঞ্জ হয়ে হাকালুকিতে জলভ্রমণে যাওয়া যেতে পারে।