হাঙর খালের ভাঙনে ৮০০ পরিবার হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ায় হাঙর খালের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি  প্রথম আলো
লোহাগাড়ায় হাঙর খালের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি প্রথম আলো

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে হাঙর খালের ভাঙনে ফরিয়াদিকূল ও জঙ্গলপদুয়ার ৮০০ পরিবার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। ইতিমধ্যে এ গ্রামের কয়েক শ একর ফসলি জমি, বাড়িঘর, সবজির খেত ও শ্মশান খালের ভাঙনে বিলীন হয়েছে।
ফরিয়াদিকূল, বল্যারপাড়া, মহাজনপাড়া, মৌলভীপাড়া, বাড়িপাড়া, পেটান শাহপাড়া, রুদ্রপাড়াসহ হাঙর খালের দুই পাশে অবস্থিত বিভিন্ন এলাকা ভাঙনের মুখে পড়েছে। হুমকির মুখে রয়েছে ফরিয়াদিকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাবর্ত্য চট্টগ্রাম থেকে উৎপত্তি হওয়া হাঙর খাল কয়েক বছর ধরে ফরিয়াদিকূল ও জঙ্গলপদুয়া এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙনের সৃষ্টি করছে বলে জানান এলাকাবাসী। এ কারণে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। জঙ্গলপদুয়ার বাসিন্দা ফজলুল কাদের শাহ জানান, হাঙরের ভাঙনে এলাকার অনেকের বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। গত কয়েক বছরের ভাঙনে এলাকার প্রায় এক হাজার ২০০ শতক চাষাবাদের জমি তলিয়ে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহীদ জানান, হাঙর খালের অব্যাহত ভাঙনে ফরিয়াদিকূল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ড্রেজার দিয়ে খালের বালু তোলার কারণে দুই বছর ধরে ভাঙন বেড়েছে। এ ব্যাপারে ইজারা গ্রহীতা মো. শোয়াইব বলেন, হাঙর খালে বালুর ইজারা নেওয়ার পর নিয়মনীতি মেনে বালু তোলা হচ্ছে।
পদুয়া ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী জানান, হাঙর খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কমপক্ষে ৮০০ পরিবার। এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান প্রথম আলোকে জানান, হাঙর খাল ফরিয়াদিকূল ও জঙ্গলপদুয়ার বিভিন্ন অংশ ভাঙছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বালু তোলা বন্ধে বেশ কয়েকবার ড্রেজার জব্দ করা হয়েছে।:n: