হাজাছড়া ঝরনায় অবকাঠামো নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় হাজাছড়া ঝরনা দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকেরা। তবে এত দিন ঝরনায় যাতায়াতের জন্য কোনো অবকাঠামো ছিল না। এখন সেই অভাব পূরণ হতে চলেছে। ২৬ আগস্ট রোববার স্থানীয় সেনা জোনের উদ্যোগে ঝরনার পরিচিতিমূলক বিলবোর্ড বসানো হয়। পাশাপাশি অবকাঠামো নির্মাণকাজেরও উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন মেজর মো. মোছাদ্দেক রসিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেজর মো. হাফিজ মাহমুদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘হাজাছড়া ঝরনার সৌন্দর্যের বিষয়টি এখনো তেমন প্রচার পায়নি। তার পরও প্রতিদিন পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ঝরনায় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামোর মধ্যে রয়েছে কাঠের সেতু নির্মাণ, সড়কের সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপণ, বসার স্থান ও শৌচাগার তৈরি।’বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন বলেন, ‘ঈদের পরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গড়ে দৈনিক ৪০০-৫০০ পর্যটক ঝরনা দেখতে আসছেন। পরিচিতি পেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এ বিষয়টি মাথায় রেখে আমরা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে দেশ-বিদেশ থেকে বিভিন্ন ঝরনার অবকাঠামোর ছবি ও তথ্য সংগ্রহ করেছি। হাজাছড়া ঝরনায় অবকাঠামো নির্মাণ করা হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।’ পার্বত্য চট্টগ্রামের অপেক্ষাকৃত স্বল্প পরিচিত এই ঝরনার কথা এখনো বেশির ভাগ পর্যটকের কাছে অজানা। তবে সাজেক বেড়াতে আসা অনেক পর্যটক এখন এই ঝরনা দেখে আসেন। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রোববার প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘হাজাছড়া ঝরনায় পর্যটকের ভিড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।