হাজারি গুড়ের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেজুরের রস নিয়ে চলছেন জাহিদ হাজারি। ছবি: লেখক
খেজুরের রস নিয়ে চলছেন জাহিদ হাজারি। ছবি: লেখক

শীতের দিনে পিঠা-পায়েস না খেলে কি আর বাঙালির চলে? এবারের শীতে বাংলাদেশে থাকার কারণে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে—বাংলাদেশের শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় পিঠার পসরা, শহরে কিংবা অফিসে পিঠা পার্টি আর বিভিন্ন পিঠা উৎসব তো আছেই।
বাড়িতেই উদ্যোগ নেওয়া হলো পারিবারিক পিঠা-পায়েস তৈরির। চিন্তা, ভালো গুড় কি পাব? নলেন গুড়ের পায়েস হবে তো? কার কাছ থেকে গুড় নেওয়া যায়, তা নিয়ে গোটা কয়েক মিটিং। তারপর সিদ্ধান্ত হলো, গুড় কেনা হবে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকার হাজারি পাড়া থেকে। আর তা জাহিদ হাজারির সিল মারা ‘হাজারি গুড়’।
হইচই করে বেরিয়ে পড়া ভালো খেজুরের গুড়ের সন্ধানে—মানিকগঞ্জের দিকে। সাতসকালেই জাহিদ বাঁশের দুই প্রান্তে ১২টা মাটির হাঁড়ি (প্রতি হাঁড়িতে চার লিটার) ঝুলিয়ে বের হন তাঁর গুড় নিয়ে। জাহিদের চলা পাঁচ পুরুষ ধরে। মিনা জ্যোতি হাজারির সময় থেকে বংশপরম্পরায় গুড় তৈরিতে ছেদ পড়েনি।
আমাদের সঙ্গে কথা বলেন জাহিদ। কথা থামিয়ে আবার মাটির কলসিগুলো দেখতে লাগলেন, কোথাও ফুটোফাটা আছে কি না। পরিষ্কার আছে তো? দড়ির ফাঁসটা আলগা নাতো? জাহিদ খুব গর্বিত তাঁর বউ রেশমার জন্য। বললেন, ‘ও খুব গুণী। ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা।’ জাহিদ-রেশমার মেয়ে জেরিন ও ছেলে রাহাত প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
জাহিদের কাছেই শোনা, ব্রিটিশ আমলে রানি এলিজাবেথ ভারতবর্ষ সফরকালে রানির খাবার টেবিলে দেওয়া হয়েছিল এই গুড়। রানি কৌতূহলবশত হাতে নাড়াচাড়া করে একটু চাপ দিতেই গুড়ের দলা ভেঙে হাজার টুকরা—এই হলো হাজারি গুড়।

এই সিলমোহর দেওয়া হয় গুড়ে
এই সিলমোহর দেওয়া হয় গুড়ে

জাহিদ হাজারির গল্প বলা চলছে, কিন্তু তাঁর কাজের বিরাম নেই। এক্ষুনি তাঁকে আবার গাছে কলসি ঝোলাতে যেতে হবে দিনের রসের জন্য। ইতিমধ্যে এক-দুজন করে ক্রেতা আসতে শুরু করেছেন। দেখা হলো সিরাজগঞ্জ থেকে আসা অমৃতলাল মিস্ত্রি ও মানিকগঞ্জের ঠিকাদার শুকুরের সঙ্গে।
ভালো গুড়ের জন্য দরকার খুব ঠান্ডা রোদ, ঝলমলে আবহাওয়া। হাঁড়িগুলো গরম জলে ধুয়ে রোদে শুকাতে হয়। কাকভোরেই গাছে উঠে রস নামাতে হয়। সকাল আটটার মধ্যে গুড় বানানো শেষ।
জাহিদ জানালেন, এ বছর ৬০টা গাছ কেনা হয়েছে। মূলত রসের সময় পৌষ, মাঘ, ফাল্গুন—এ সময়টাতে দিনে মাত্র ছয়-সাত ঘণ্টা ঘুম।
জাহিদকে হাটে বা বাজারে গুড় ফেরি করে বেড়াতে হয় না। দূর-দূরান্ত থেকে ক্রেতা বাড়িতে এসে কিনে নিয়ে যান। গুড়ে মারা হয় হাজারি লেখা সিলমোহর। হাজারি পরিবারের কেউ সম্পত্তি চান না, চান সিলমোহর। যদিও বৃহত্তর হাজারি পরিবার এখন খণ্ডিত, তবে তাঁরা পাশাপাশি বাস করেন।
ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে মহাসড়ক চলে গেছে পাটুরিয়ায়। আমরা মানিকগঞ্জ শহর ছাড়িয়ে পাঁচ কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে একটা রাস্তা দিয়ে ঝিটকায় যাওয়ার নির্দেশনা পেয়েছিলাম। হরিরামপুর উপজেলায় ঝিটকা শিকদারপাড়া গ্রাম। এখানে ৪২টি পরিবার এখন এই গুড় তৈরির সঙ্গে জড়িত। গ্রামের এই অংশটির নাম হাজারি পাড়া। কে না চেনে? জাহিদ হাজারিকে লোকে আরও বেশি চেনে!

চলছে গুড় মাপামাপির কাজ
চলছে গুড় মাপামাপির কাজ

যখন গিয়ে পৌঁছালাম, ততক্ষণে গুড় তৈরি শেষ, জাহিদ ঘরের বারান্দায় বসে গুড় মাপায় ব্যস্ত। আমার আফসোস, গুড় তৈরির প্রক্রিয়া আর দেখা গেল না। তবে গুড় কেনাও হলো—
ভাবলাম এসেছি গুড়ের দেশে
না কিনে কি ফিরব শেষে?
কিনব কত ভাবা যাক
দাম শুনে এক দিলাম লাফ
বুঝলাম না ওর মতিগতি
আট শ টাকা কেজিপ্রতি
না খেলে আফসোস,
বুঝলেন হারু বোস।