হাজারীগলির হাজার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকীর্ণ গলির পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে দুই ধারে অলংকারের দোকান। স্বর্ণের তৈরি কানের দুল, গলার নেকলেস, আংটি, টিকলিসহ বিভিন্ন অলংকার শোভিত দোকানে দোকানিরা বসে আছেন ক্রেতার অপেক্ষায়।শুধু স্বর্ণের অলংকারের জন্য নয়, হাজারীগলি ওষুধের পাইকারি বাজার হিসেবেও পরিচিত। এখানে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়। ঐতিহ্যবাহী এই পাইকারি বাজার দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে প্রতিনিয়ত।ওষুধের পাইকারি ব্যবসা ও অলংকারশিল্পের জন্য প্রসিদ্ধ হাজারী লেইনের নামকরণ নিয়ে একটি ইতিহাসও রয়েছে। এ বিষয়ে ইতিহাস-গবেষক শামসুল হোসাইন বলেন, ‘হাজারীদের নাম অনুসারেই সম্ভবত হাজারীগলির নাম হয়েছে। হাজারী উপাধি মোগলদের দেওয়া। যাদের অধীনে এক হাজার সেনা থাকত, সেসব সেনানায়ককে হাজারী উপাধি দেওয়া হতো। হাজারীরা মগ ও পর্তুগিজ জলদস্যুদের বিতাড়নে ভূমিকা রেখেছিলেন। হাটহাজারী ও দোহাজারীর নামকরণও হয়েছে তাঁদের নামে।’ তিনি আরও জানান, ব্রিটিশ শাসনামলের শুরুর দিকেও হাজারীগলি এত ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ছিল না। আগে এই এলাকায় আন্দরকিল্লার কিল্লাকে ঘিরে বড় খোলা জায়গা ছিল। এরপর ধীরে ধীরে এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। সংকীর্ণ গলিতে গায়ে গা ঘেঁষে গড়ে উঠেছে ৩৫ থেকে ৪০টি মার্কেট। এসব মার্কেটের সামনের দিকের প্রায় দেড় শ দোকানে চলে স্বর্ণের বেচাকেনা এবং ভেতরের ৪০০ দোকানে চলে ওষুধের পাইকারি ব্যবসা। এই দুটি ব্যবসাই মূলত হাজারীগলির অর্থনীতির ভিত গড়ে দিয়েছে।হাজারীগলিতে প্রতিবছর জাঁকজমকভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই বাণিজ্যিক কেন্দ্রের আশপাশে সনাতন ধর্মাবলম্বী মানুষের বসবাস বেশি। এই গলিতে তাই গড়ে উঠেছে প্রতিমা তৈরির কারখানা। এ ছাড়া বিক্রি হয় পূজার সরঞ্জাম ও নানা উপাচার। আছে বেশ কয়েকটি হিন্দু হোটেলও। কোনো কোনোটিতে কেবল নিরামিষই পরিবেশন করা হয়।বছরের ১২ মাসে ১৩ পূজা লেগেই আছে গলির পাঁচটি মন্দিরে। লোকনাথমন্দির, শিবমন্দির, কালীমন্দির, দশমধ্যমন্দির, ও অনুকূল ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা চলে প্রতিদিন। দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা।হাজারীগলির আগের সেই রমরমা ব্যবসা এখন আর নেই। মন্দার ধাক্কা লেগেছে এই বাজারেও। কথা হলো হাজারীগলির স্বর্ণালংকার তৈরির প্রতিষ্ঠান শিল্পালয়ের স্বত্বাধিকারী শম্ভু ধরের সঙ্গে। তিনি জানান, এখন আর আগের মতো জমজমাট ব্যবসা নেই। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।বিকেল গড়ালে পাল্টে যায় হাজারীগলির চিত্র। বাড়ে ব্যস্ততা, কেনাবেচা। শাকসবজি, ফলমূল, কাঁকড়া, পূজার সামগ্রীসহ হরেক রকমের পণ্য নিয়ে গলির দুই ধারে পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের অধীন হাজারী লেইন। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের তথ্যমতে, ব্যবসায়ী ও স্থায়ী বাসিন্দা মিলে এই এলাকার লোকসংখ্যা ১০ হাজারের কম নয়।সরু গলি আর ঘিঞ্জি এলাকায় বাসভবনগুলো গড়ে উঠেছে একটির সঙ্গে অন্যটির গা ঘেঁষে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনগুলোতে যাওয়ার পথ যেমন সংকীর্ণ, তেমনি ওপরে ওঠার সিঁড়িগুলো অত্যন্ত সরু। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা এখানকার বাসিন্দাদের। এ ব্যাপারে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘বংশপরম্পরায় এখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে। হাজারীগলিতে দিন দিন ব্যবসার পরিধি বাড়ছে, বাড়ছে লোকসংখ্যাও। এর পরও এলাকাবাসীর নানা সমস্যা সমাধানে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।’