হাজারীর জন্য চ্যালেঞ্জ দল থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন জহর লাল হাজারী। সেবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন নিজের দল আওয়ামী লীগ থেকেই। তাঁর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আ জ ম নাছিরের ভাই সাহাবউদ্দিন। সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে সাহাবউদ্দিনকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন হাজারী। এবারও নিজের দল থেকেই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন তিনি। এবার আওয়ামী লীগ সমর্থক আশীষ কুমার ভট্টাচার্য্য (হাতি), মোক্তার হোসেন (চাঁদ) ও জহর লাল হাজারী (একতারা) নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটারেরা মনে করছেন, ‘আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হলে বিএনপি সমর্থক সাবেক কমিশনার ফয়েজুল্লাহর (সিংহ) পাল্লা ভারী হতে পারে।’ অন্যদিকে সংখ্যালঘুদের ভোটও ভাগাভাগি হতে পারে। সেটাও মাথাব্যথা হতে পারে হাজারীর। ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে প্রার্থী ছয়জন। প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন আসলাম (ক্রিকেট ব্যাট) ও এস এম সাইফুল ওয়াদুদ (পদ্মফুল)।সাইফুল ওয়াদুদ বলেন, ‘আন্দরকিল্লা সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ওয়ার্ড। সিটি করপোরেশন ভবন এখানে অবস্থিত। কিন্তু আন্দরকিল্লার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। সমস্যার শেষ নেই এখানে। উন্নয়ন ও নানা সমস্যা সমাধানের উদ্দেশে নির্বাচনে দাঁড়িয়েছি।’ আন্দরকিল্লা ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৮০৬। এর মধ্যে সংখ্যালঘু ভোটারের সংখ্যা নয় হাজার ৬০০। ভোটারদের ধারণা গতবার জহর লাল হাজারী সংখ্যালঘুদের ভোট একচেটিয়া পেয়েছিলেন। এবার তেমন না-ও হতে পারে। কারণ স্বতন্ত্র প্রার্থী আশীষ কুমার চৌধুরীও এ ক্ষেত্রে ভাগ বসাতে পারেন। তবে জহুর লাল হাজারী সবার কাছেই জনপ্রিয় বলে জানান বদরপাতি এলাকার ভোটার হাফেজ উদ্দিন। তিনি বলেন, ‘এলাকার জন্য হাজারী অনেক কাজ করেছেন। পানির সমস্যা সমাধানের জন্য তিনি পুকুর সংস্কার করেছেন। প্রতিটি পাড়ায় গভীর নলকূপ বসিয়েছেন।’ এ প্রসঙ্গে জহর লাল হাজারী বলেন, ‘নিজের যতটুকু সাধ্য ততটুকু করেছি। এখন অসমাপ্ত কাজ শেষ করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি।’ ভোটারদের মতে, মোক্তার হোসেনও হাজারীর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেন। গত নির্বাচনে তিনি হাজারীকে ছাড় দিয়েছিলেন। এবারের নির্বাচনে মোক্তারকে মাঠ ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেছিলেন হাজারী। কিন্তু এখনো সে ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেটাও হিসাবে আনতে পারেন ভোটারেরা। মোক্তার হোসেন বলেন, ‘হাজারীর লিখিত অঙ্গীকার আমার কাছে আছে। সেটি নিয়েই আমি ঘরে ঘরে নির্বাচনী প্রচার চালাচ্ছি।’ প্রচারণায় দারুণ ব্যস্ত সাবেক কমিশনার ফয়েজুল্লাহ। তিনি বলেন, ‘এলাকা থেকে মাদক ও নিরক্ষতার দূর করাই আমার লক্ষ্য।’ এবার নির্বাচনে তিনি হাজারীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। জেল রোডের ভোটার আব্দুর রহিম বলেন, ‘প্রার্থীরা যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে কিছু বোঝা যাচ্ছে না। দিন যতই ঘনিয়ে আসছে ততই হিসাব পাল্টে যেতে পারে।’হাজারী ও ফয়েজুল্লাহকে নিজের শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন আসলামও। ফয়েজুল্লাহ সম্পর্কে তিনি বলেন, ‘তিনি দিনে বিএনপি, রাতে জাতীয় পার্টি করেন। আর শুক্রবারে নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক বলে দাবি করেন।’