হাজারো প্রাণের হিল্লোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যাহ্ন বিরতিতে অন্য রকম রূপ পায় কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের মাঠ। ছোট ছোট দল হয়ে ছাত্রীরা মেতে ওঠে ফুটবলসহ নানা খেলাধুলায় l জুয়েল শীল
মধ্যাহ্ন বিরতিতে অন্য রকম রূপ পায় কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের মাঠ। ছোট ছোট দল হয়ে ছাত্রীরা মেতে ওঠে ফুটবলসহ নানা খেলাধুলায় l জুয়েল শীল

সূর্য তখন মাথার ওপর। ঘড়ির কাঁটা একটার কাছাকাছি। কড়া রোদের চোখ রাঙানি। এর মধ্যেও ভেসে আসছে হইহুল্লোড়ের শব্দ। কখনো হাউস দ্যাট, কখনো গোল গোল বলে চিৎকার। সেই আওয়াজ পেরিয়ে যাচ্ছে মূল ফটকের চৌকাঠ। পর পর দুটি ফটক। উঁচু দেয়াল। অভ্যর্থনা কক্ষ পেরিয়ে মাঠে পা রাখতেই বোঝা গেল এমন হুল্লোড়ের উৎস।
মাঠজুড়ে ভাগ হয়ে বিভিন্ন দলে খেলছে মেয়েরা। ফুটবল ও ক্রিকেট তো আছেই। তার সঙ্গে যোগ হয়েছে কাবাডি ও দাঁড়িয়াবান্দাও। চারদিকে প্রাণের ফোয়ারা। হাজারো প্রাণের হিল্লোলে যেন কেঁপে কেঁপে উঠছে বিদ্যালয়ের দোতলা ভবনটিও। এই চিত্র সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের দুপুরের বিরতির। নারী শিক্ষার বাতিঘর হয়ে ২৯ বছর ধরে আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আলো ছড়ানোর গল্প: আশির দশকের কথা। কুমিরাসহ আশপাশের এলাকায় নারী শিক্ষা বলতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পাস। এরপর পড়ালেখা বন্ধ। কারণ, একটাই—এই এলাকার দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। ফলে এত পথ পাড়ি দিয়ে পড়ালেখা চালানো কোনোভাবেই সম্ভব নয়। এই ব্যাপারটি নাড়া দেয় কুমিরা বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক নজির আহমদ চৌধুরীকে—এভাবে চলতে থাকলে তো ‘এখানকার মেয়েরা অন্ধকারে থেকে যাবে’। বিষয়টি নিয়ে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপ করলেন। কেউ কেউ আগ্রহ দেখালেন। তবে সেই সংখ্যা খুবই নগণ্য। কিন্তু দমে যাননি তিনি। অবশেষে ঘোড়ামরা গ্রামে রেলওয়ের পরিত্যক্ত একটি ভবনে শুরু করলেন উচ্চবিদ্যালয়ের পাঠদান। সময়টা ১৯৮৬ সালের ১ জানুয়ারি।

এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিটি শিক্ষার্থীর মনে
এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিটি শিক্ষার্থীর মনে

বিদ্যালয় শুরুর পরও পেরোতে হয়েছে অনেক বন্ধুর পথ। ওই সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন একই গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম। পেশায় চিকিৎসক এই ব্যক্তি হয়ে উঠলেন শিক্ষক নজির আহমদ চৌধুরীর অন্যতম ভরসা। ১৯৯৯ সালে নজির আহমদ চৌধুরীর মৃত্যুর পর এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন, এখনো আছেন। দায়িত্ব পালন করছেন পরিচালনা পরিষদের সভাপতির।
দিনে দিনে শিক্ষাপ্রতিষ্ঠানটি মেলেছে ডালপালা। নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক, এরপর কলেজ। একসময় হলো ছাত্রীদের ৫০ আসনের আবাসনের ব্যবস্থাও। এ কারণে শুধু সীতাকুণ্ড নয়, দেশের বিভিন্ন অঞ্চলের মেয়েরা পড়তে আসছে এখানে। এখন ছাত্রীসংখ্যা ১ হাজার ৪০০।
ফলও হচ্ছে আশানুরূপ। এসএসসিতে প্রতিবছর পাসের হার ৯০ শতাংশের ওপরে থাকে, এইচএসসিতে সেই হার ৮০ শতাংশের বেশি। ২০১৪ সালের এইচএসসির ফলাফলে উপজেলায় সেরা হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান। পাঠদানে শিক্ষকেরাও নিষ্ঠাবান। এর স্বীকৃতিও মিলেছে। ২০০৮ সালে শিক্ষকদের পাঠদানে মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের সারা দেশের ১৫টি মডেল বিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘নজির আহমদ চৌধুরীর বাড়ি আনোয়ারায়। তবে তাঁর কর্ম ও শেষজীবন কেটেছে কুমিরায়। এই এলাকার মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি কাজ করে গেছের শেষ দিন পর্যন্ত। মাঝখানে কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটি নানা জটিলতার মধ্যে পড়ে। তখন আমি হাল ধরি। এরপর ধীরে ধীরে এই সাফল্য।’
সিলেবাসের বাইরে : পাঠদানের বাইরে মাঠেও সমান সরব এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও কাবাডিতে বরাবরের মতোই সাফল্য ধরে রেখেছে। এ পর্যন্ত ফুটবলে উপজেলা, জেলা ও উপঅঞ্চলে তিনবার রানার্সআপ। ক্রিকেটে ২০১৩ ও ১৪ সালে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন। ভলিবলে ২০০০, ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৮ সালে উপজেলায় এবং ২০০৯ সালে জেলায় চ্যাম্পিয়ন। এ ছাড়া উপজেলায় চারবার ও উপঅঞ্চলে (সাত জেলা) চারবার রানার্সআপ। হ্যান্ডবলে ২০০৩ ও ২০১৩ সালে উপজেলায় চ্যাম্পিয়ন এবং বিভিন্ন সময় ছয় বার ও উপঅঞ্চলে দুইবার রানার্সআপ। কাবাডিতে জেলা ও অঞ্চল পর্যায়ে চারবার রানার্সআপ। ব্যাডমিন্টনে ২০০৬ সালে চ্যাম্পিয়ন ও বিভিন্ন সময় পাঁচবার রানার্সআপ।
নাদিয়া, জান্নাতুলদের চোখ স্বপ্ন: ঢাকার মেয়ে নাদিয়া আকতার। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী। তাঁর বাড়ি থেকে উচ্চবিদ্যালয়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। প্রতিদিন এই পথ পাড়ি দিয়ে চলছিল পড়ালেখা। কিন্তু সমস্যা শুরু হয় সপ্তম শ্রেণির শেষ দিকে। বখাটেদের উৎপাত বাড়তে থাকে। বন্ধ হওয়ার উপক্রম হলো পড়ালেখা। এর আগে বড় দুই বোনের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল একই কারণে। শেষে এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ পেয়ে নাদিয়াকে মা-বাবা এখানে অষ্টম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন। ছাত্রীনিবাসে থেকে নাদিয়া এখন পড়ছে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে। তাঁর স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হবে।
ছাত্রীনিবাসের আরেক ছাত্রী জান্নাতুল ফেরদৌস। সে ষষ্ঠ শ্রেণি থেকে এখানে আছে। এখন পড়ছে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগে। লক্ষ্মীপুরের রামগঞ্জের শামপুরে তার বাড়ি। ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মা মারা গেছেন দুই বছর আগে। মামাই তার পড়াশোনার খরচ বহন করছেন। তার ইচ্ছা কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নিয়ে নিজে উপার্জন করবে।
নাদিয়া, জান্নাতুলের মতো লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিলেটের হবিগঞ্জের লাখাইয়ের ফাল্গুনী চক্রবর্তী (নবম) ও বরিশালের বরগুনার আমতলীর তানিয়া আকতারও (দশম)। শুধুই কী এই কয়জন? না, স্বপ্ন বুকে নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে প্রতিটি শিক্ষার্থী।
অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘নারী শিক্ষার জন্য এখন অন্যতম মডেল এই শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি মেয়েদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে আমরা তাদের দিয়ে নানা সামাজিক কর্মকাণ্ড ও তথ্য-প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলছি। খেলাধুলা তো আছেই। শিক্ষকেরা মেয়েদের নানাভাবে সহস জুগিয়ে চলেছেন। তার ফলও পাচ্ছি। দিন দিন উন্নতি হচ্ছে প্রতিষ্ঠানের। তবে আমরা এখানেই থেমে যাব না, যাব বহুদূর।’