হাজারো তরুণ পেলেন জীবনযুদ্ধের প্রেরণা

১৯৮৯ সালে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়াকার ইউনুসের বাউন্সারে নাক ফেটে যায় শচীন টেন্ডুলকারের। অনেকেই তাঁকে অবসরে (রিটায়ার্ড হার্ট) যেতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শচীন নাকের রক্ত মুছে পরের বলেই ওয়াকারকে পাঠিয়েছিলেন বাউন্ডারির বাইরে। শেষমেশ যখন আউট হলেন, শচীনের নামের পাশে ৫৭ রান। অথচ সেটি ছিল ১৬ বছরের সেই বিস্ময়বালকের প্রথম সিরিজ।
চট্টগ্রামে আয়োজিত ক্রাউন সিমেন্ট ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘পথ ঘোরাও নিজের পথে’ স্লোগানে ‘তারুণ্যের জয়োৎসব’ অনুষ্ঠানে তরুণ-তরুণীদের অনুপ্রেরণা দিতে শচীন টেন্ডুলকারের এই উদাহরণই টানলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাভেদ পারভেজ।
চট্টগ্রাম পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্বের আয়োজন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদ মিলনায়তনে গতকাল রোববার সকালে। আর বিকেলে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনেও গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের জয়োৎসব’। এখানে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছে ই-কমার্স অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ক্লাব-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ইইসি-জেইউ)।

চট্টগ্রামের অনুষ্ঠানে জাভেদ পারভেজ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার বাদল সৈয়দ, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের উদ্যোক্তা মনজুরুল হক, ভৌগোলিক নির্দেশক (জিআই) মেধাস্বত্ব বিশেষজ্ঞ বিপাশা মতিন, হায়ার স্টাডি অ্যাবোর্ড আমেরিকার প্রতিষ্ঠাতা সিয়াম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান খালিদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। তাঁদের অনুপ্রেরণাদায়ী বক্তব্যে মুগ্ধ হয়েছেন চট্টগ্রামের হাজারো তরুণ-তরুণী। তরুণ-তরুণীদের নানা প্রশ্নের উত্তরে দিকনির্দেশনাও দেন তাঁরা। অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোমানা আকতার প্রথম আলোকে বলেন, ‘তারুণ্যের জয়োৎসবে যোগ দিয়ে আমার ভয় কেটে গেছে। দারুণ সব দিকনির্দেশনা ও পরামর্শ পেয়েছি। এখন মনে হচ্ছে আমিও পারব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা এ মজিদ চৌধুরী। তিনি বলেন, তারুণ্যের জয়োৎসব শুধু একটি স্লোগান নয়, বরং এটি পরিবর্তনের অঙ্গীকার। তরুণদের অলস বসে থাকার সুযোগ নেই। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে নিরলস কাজ করতে হবে, সাজাতে হবে নিজের পৃথিবী।
এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান ও ইএমকে সেন্টারের আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমিন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাদাত হোসাইন, ৩৬তম বিসিএসে সহকারী পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত রাজন কুমার সাহা ও প্যানেল মডারেটর হিসেবে লেখক রাজীব হাসান।