শুরু হলো আমাদের সেই দুর্দান্ত, বহু প্রতীক্ষিত শিক্ষাসফর। আমরা, কিছু বন্ধু আর আমাদের রোমাঞ্চপ্রিয় কিছু শিক্ষক, বেরিয়ে পড়লাম চিরচেনা বাংলাকে আরও কাছ থেকে চেনার অভিযানে। এ অভিযানে অংশ নিই হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। খুলনা ভ্রমণের মধ্য দিয়ে শুরু হয় ১৫ দিনব্যাপী এই শিক্ষাসফর। একে একে সবাই ঘুরে আসি খুলনার সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার, সিলেটের তামাবিল, জাফলং, শাহজালালের (রহ.) মাজার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের পতেঙ্গা, বায়েজিদ বোস্তামীর মাজার, ফয়’স লেক, রাঙামাটির কাপ্তাই লেক, শুভলং ঝরনা, টুকটুক পাহাড়, ঝুলন্ত সেতু, বান্দরবানের নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত ও স্বর্ণমন্দির। ট্রেন, বাস, ট্রলার আর নৌকার সমন্বয়ে এই ভ্রমণ ছিল সত্যি বৈচিত্র্যময়। এতগুলো জায়গা ঘুরে যখন ক্লান্ত-পরিশ্রান্ত, তখন সবাই পৌঁছাই কক্সবাজারে। বিশাল সাগরের নীল জলে আমাদের সব ক্লান্তি যেন ধুয়েমুছে যায়। সেই ভালো লাগা পূর্ণতা পায় সেন্ট মার্টিনে এসে।—শায়লা পারভীন