হাজেরা-তজু কলেজে চার হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ ৩৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজেরা-তজু কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে চার হাজার। কিন্তু তাঁদের জন্য শ্রেণীকক্ষ মাত্র ৩৫টি। তিনটি পাকা দালান ও একটি টিনের ছাউনির ভবনে চলছে পাঠদান। চান্দগাঁও এলাকায় অবস্থিত হাজেরা-তজু কলেজের নামের পাশে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শব্দটি যুক্ত হলেও তৈরি হয়নি পর্যাপ্ত অবকাঠামো। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ১৯৯১ সালে যাত্রা করে কলেজটি। স্নাতক পর্যায় চালু হয় ১৯৯৪ সালে। ২০০৬ সালে ব্যবস্থাপনা ও ২০০৭ সালে হিসাববিজ্ঞানে সম্মান (অনার্স) কোর্স চালু হয়। কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নেই, লেখাপড়ার মানও ভালো। কিন্তু বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। কলেজের ছাত্র মো. শাহনেওয়াজ বলেন, ‘কলেজে পর্যাপ্ত শৌচাগার নেই। শ্রেণীকক্ষেরও অভাব রয়েছে। আরও ১০-১২টি শ্রেণীকক্ষ থাকলে ভালোভাবে ক্লাস করা যেত।’ টিনের ছাউনির ভবনে শ্রেণীকক্ষ রয়েছে পাঁচটি। তিনতলার দুটি আর চারতলার একটি ভবনে রয়েছে ৩০টি শ্রেণীকক্ষ। শৌচাগার রয়েছে সাত-আটটি। শিক্ষার্থীরা জানান, অধিকাংশ শ্রেণীকক্ষের দরজা-জানালা ভাঙাচোরা, দেয়ালের পলেস্তারা উঠে গেছে। মিলনায়তন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞানাগারটিও খুব ছোট, বড় মাঠ না থাকায় প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা হয় চান্দগাঁও আবাসিকের মাঠে। অধ্যক্ষ মো. দবির উদ্দিন খান বলেন, ‘কলেজে একটি শিক্ষা ভবন নির্মাণ জরুরি। ছাত্রী ও শিক্ষক মিলনায়তন এবং মসজিদ নির্মাণ করা দরকার। কলেজের জায়গা আছে কিন্তু অর্থের অভাবে ভবন নির্মাণ করা যাচ্ছে না।’ কলেজে মোট ৫৬ জন শিক্ষকের বসার জন্য পর্যাপ্ত জায়গাও নেই। অধ্যক্ষ জানান, শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে এলে কলেজের অবকাঠামোগত সমস্যা দূর হবে।