হাট না বসায় সংকটে কাচালংয়ের দুই শতাধিক ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজারের ব্যবসায়ী তপন রুদ্র একসময় সচ্ছল ব্যবসায়ী ছিলেন। ১৬ বছর আগে দৈনিক এক থেকে দেড় হাজার টাকা আয় হতো তাঁর। তখন সংসারের খরচ ছিল পাঁচ হাজার টাকা। এখন আয় হয় সাত থেকে আট হাজার টাকা। অথচ সংসার খরচ ছুঁয়েছে ২০ হাজার টাকার কাছাকাছি।
কাচালং বাজারে তপন রুদ্রের ছোট একটি একটি মুদি দোকান আছে। বেচাকেনা তেমন হয় না। তবে ২০০০ সালের আগে মুদি দোকানটি বেশ বড় ছিল। বেচাকেনাও হতো প্রচুর। সে বাজারে আগুন লেগে তাঁরটিসহ দুই শ দোকান পুড়ে যায়। এপর থেকে বাজারে সাপ্তাহিক হাট বসাও বন্ধ হয়ে যায়। হাট না বসায় তপনের মতো অনেক ব্যবসায়ী সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেননি।
কাচালং বাজারের দুই শতাধিক ব্যবসায়ীর অধিকাংশই ব্যবসা গুটিয়ে নিয়েছেন বা অন্যত্র চলে গেছেন। এখন বাজারে কেবল ১১টি দোকান কোনোমতে টিকে আছে। ব্যবসায়ী বাবুল দে ও মন্টু নাগের অবস্থাও তপনের মতোই। তাঁরা বলেন, কাচালং বাজারে হাট না বসায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তাঁরা। হাট না বসলেও নিয়মিত কর দিয়ে যাচ্ছেন তাঁরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একসময় সারা বছরই জমজমাট থাকত বাঘাইছড়ি বাজার। কিন্তু ২০০০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ড সব পাল্টে দেয়। এ সময় দুই শতাধিক দোকান পুড়ে যায়। প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এরপর এখানে আর হাটও বসেনি। এখন বাজারে মাত্র ১১টি চা ও মুদি দোকান টিকে আছে। বাজারে অবকাঠামো না থাকায় ক্রেতাও আসে না। কাচালং বাজারের অনেক ব্যবসায়ী দোকান গুটিয়ে অন্যত্র চলে গেছেন।
বাজার কমিটির সূত্রে জানা গেছে, কাচালং বাজারে হাট না বসায় বাজার হস্তান্তরের জন্য বাজার ফান্ডের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। এরপর মডেল টাউন এলাকায় কাচালং বাজার স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ১০ একর জায়গা বরাদ্দ দেয়। ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে ওই ১০ একর জায়গার ওপর বাজার নির্মাণের জন্য ১ কোটি ২০ লাখ টাকা একটি প্রকল্পও গ্রহণ করে। তবে সেই প্রকল্পের কাজ কিছু দূর চলার পর বন্ধ হয়ে যায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে ২০টির মতো বেড়ার ঘর রয়েছে। এর মধ্যে আট থেকে নয়টি দোকানঘর বন্ধ। যে দোকানঘরগুলো খোলা রাখা হয়, এর মধ্যেও চারটি দোকানে কোনো মালামাল নেই। বাজারের এক পাশে অলস সময় কাটাচ্ছিলেন ব্যবসায়ীরা।
বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল শুক্কুর মিয়া বলেন, কাচালং বাজারটি স্থানান্তর করা হলে এলাকায় সাধারণ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। বাজার স্থানান্তরের প্রকল্পটি কেন অসমাপ্ত রয়ে গেল, এ নিয়ে তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বাজারে হাট না বসায় ক্রেতা ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে রয়েছেন। হাটের দিনে ব্যস্ততম সড়কে হাট বসে।
বাজার কমিটির সভাপতি মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাজারটি পুড়ে যাওয়ার পর আর হাট বসে না। ফলে ব্যবসায়ীরা কষ্টে দিন যাপন করছেন। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১০ একর জমি বন্দোবস্ত করে দিয়েছে। ২০১৪ সালে উন্নয়ন বোর্ড থেকে ১০ একর জায়গার ওপর পাহাড় কাটে, রক্ষা দেয়াল একটি প্রকল্প দেওয়া হয়। কিন্তু সেই প্রকল্পে তেমন কোনো কাজ হয়নি। ভবিষ্যতে বরাদ্দ পেলে বাজারটি স্থানান্তরের জন্য কাজ করা হবে।’