হাটখোলায় দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আবুল মোমেনের লেখা বিদ্যাসাগর এবং প্রকৃতি প্রকাশন থেকে প্রকাশিত ফারুক মঈনউদ্দীনের লেখা গল্পের বই আত্মহননের প্ররোচনার প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গত শনিবার সন্ধ্যায়। সাংস্কৃতিক কেন্দ্র হাটখোলার গ্যালারিতে অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বই দুটোর ওপর আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদ।
আবুল মোমেনের বিদ্যাসাগর গ্রন্থের আলোচনায় অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, এই প্রজন্মের মানুষের কাছে বিদ্যাসাগরকে উপস্থাপনের জন্য এটি একটি প্রয়োজনীয় গ্রন্থ। লেখক অত্যন্ত প্রাঞ্জল ও সহজ ভাষায় ছোট্ট পরিসরে বিদ্যাসাগরের জীবন ও কীর্তিকে তুলে ধরেছেন। বইটি সব ধরনের পাঠকের জন্য উপযোগী করে লেখা হয়েছে। এ ধরনের গ্রন্থ প্রকাশের জন্য তিনি প্রথমা প্রকাশনকে ধন্যবাদ দেন।
ফারুক মঈনউদ্দীনের বই আত্মহননের প্ররোচনা প্রসঙ্গে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ফারুকের গল্পের ভাষা প্রাঞ্জল ও বিষয় অনুসারী। তাঁর পর্যবেক্ষণ গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন। ফলে পাঠক পড়তে পড়তে চরিত্রের গভীরে প্রবেশ করেন। তিনি সমাজের সাধারণ মানুষের জীবন যাপন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন। তাই তাদের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো তার গল্পে উঠে এসেছে। তিনি হলেন সাধারণ মানুষের জীবনের অসাধারণ রূপকার। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তামান্না ইসলাম।